যুক্তরাষ্ট্র থেকে নতিহীন অভিবাসীদের বহিষ্কারে এবার জাহাজ ব্যবহারের কথা বিবেচনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মধ্য ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে অভিবাসীদের পাঠাতে প্রায় ৫০০ ফুট দীর্ঘ একটি প্রশিক্ষণ জাহাজসহ বিভিন্ন ফেরি ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। সমুদ্রপথে এসব যাত্রায় কয়েক দিন সময় লাগতে পারে এবং প্রতিটি অভিযানে ব্যয় হতে পারে কয়েক মিলিয়ন ডলার।

প্রশাসনের দুই সরকারি কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে পরিকল্পনাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের একজন কর্মকর্তা।

পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, গত কয়েক সপ্তাহ ধরে সম্ভাব্য জাহাজ নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে রয়েছে ক্যালিফোর্নিয়ায় অবস্থানরত ‘ট্রেনিং শিপ গোল্ডেন বিয়ার’। জাহাজটি দীর্ঘদিন ধরে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির মেরিটাইম একাডেমির শিক্ষার্থীদের সমুদ্রে প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হয়েছে। চলতি গ্রীষ্মে প্রতিষ্ঠানটির সঙ্গে জাহাজটির ৩০ বছরের কার্যক্রম শেষ হয়েছে।

এছাড়া প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গেও জাহাজের সম্ভাব্য ব্যবহার নিয়ে যোগাযোগ করেছেন বলে জানা গেছে। তবে বেসামরিক প্রশিক্ষণ জাহাজটি অভিবাসী বহিষ্কারের কাজে ব্যবহারের জন্য ফেডারেল সরকারের কী ধরনের আইনি কর্তৃত্ব রয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য বাস্তবায়নে এবং সরকারি সম্পদের সর্বোচ্চ কার্যকর ব্যবহার নিশ্চিত করতে বিভাগটি নিজেদের সব ধরনের সম্পদ ব্যবহারের সম্ভাবনা যাচাই করছে। তবে প্রতিরক্ষা বিভাগ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বিমানপথের বদলে সমুদ্রপথ

ট্রাম্প প্রশাসন অভিবাসীদের ব্যাপক হারে বহিষ্কারের লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন কঠোর পদক্ষেপ নিয়েছে। সামরিক উড়োজাহাজে করে অভিবাসীদের বিদেশে পাঠানো, তৃতীয় কোনো দেশে বহিষ্কৃতদের পাঠানো এবং কিউবার গুয়ানতানামো বে-তে আটক রাখার মতো পদক্ষেপও নেওয়া হয়েছে। পাশাপাশি অভিবাসীদের স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়তে উৎসাহিত করার উদ্যোগও নিয়েছে প্রশাসন।

নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে তা অভিবাসনবিরোধী অভিযানে প্রশাসনের আরেকটি কঠোর পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। তবে সমুদ্রপথে অভিবাসীদের বহিষ্কারের ক্ষেত্রে ব্যয়, নিরাপত্তা, আইনি এখতিয়ার এবং সংশ্লিষ্ট দেশগুলোর সম্মতির মতো একাধিক জটিলতা রয়েছে।

সাবেক প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের সময় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) শীর্ষ পর্যায়ে কাজ করা ক্লেয়ার ট্রিকলার-ম্যাকনাল্টি বলেন, পরিকল্পনাটি কার্যত কারাগার হিসেবে ব্যবহৃত জাহাজ তৈরির ধারণার মতো। আন্তর্জাতিক জলসীমায় কয়েক দিন ধরে মানুষকে বহন করা এবং অন্য দেশের জলসীমার কাছ দিয়ে যাতায়াতের ক্ষেত্রে কোন দেশের আইন প্রযোজ্য হবে, কোনো দুর্ঘটনা ঘটলে কারা দায় নেবে আগে এসব প্রশ্নের সমাধান জরুরি।

তিনি আরো বলেন, একটি জাহাজে শত শত মানুষকে দীর্ঘ সময় ধরে আটকে রাখা পরিচালনাগত ও নিরাপত্তার দিক থেকে বড় চ্যালেঞ্জ। যাত্রাপথে অভিবাসীদের আটক রাখা হবে কি না, তাদের ঘুমানোর ব্যবস্থা কী হবে এবং পর্যাপ্ত নিরাপত্তাকর্মী কীভাবে নিয়োগ করা হবে, তা এখনো পরিষ্কার নয়।

এল সালভাদর, হন্ডুরাস ও ভেনেজুয়েলার মতো দেশে সমুদ্রপথে পৌঁছাতে কয়েক দিন সময় লাগতে পারে। এ জন্য বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মীরও প্রয়োজন হবে। অন্যদিকে, সরকারি হিসাব অনুযায়ী, জাহাজে করে অভিবাসী বহিষ্কারে প্রতিবার কয়েক মিলিয়ন ডলার ব্যয় হতে পারে, যা সাধারণ বহিষ্কার ফ্লাইটের তুলনায় অনেক বেশি।

১৯৫০-এর দশকের বিতর্কিত অভিযানের স্মৃতি

সমুদ্রপথে অভিবাসী বহিষ্কারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ইতিহাসের একটি বিতর্কিত অধ্যায়ের কথাও মনে করিয়ে দিচ্ছে। ১৯৫০-এর দশকে ‘অপারেশন ওয়েটব্যাক’ নামে পরিচিত অভিযানে বিপুলসংখ্যক মেক্সিকানকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছিল। ওই অভিযানের অংশ হিসেবে সমুদ্রপথেও মানুষকে ফেরত পাঠানো হয়।

১৯৫৬ সালের আগস্টে মেক্সিকোর সীমান্তবর্তী বন্দরনগরী তাম্পিকোর কাছে একটি জাহাজে বিশৃঙ্খলা দেখা দেয়। সে সময় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জাহাজটির প্রায় ৪০ জন যাত্রী সমুদ্রে ঝাঁপ দেন এবং তাদের মধ্যে পাঁচজন ডুবে মারা যান।

পরের মাসে মেক্সিকো সরকার সমুদ্রপথে বহিষ্কার কার্যক্রম বন্ধ করে দেয়। তখন খারাপ আবহাওয়ার কথা উল্লেখ করা হলেও জাহাজের অপ্রতুল সুযোগ-সুবিধা, যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার এবং তাম্পিকোর কাছের ঘটনার প্রভাবও এ সিদ্ধান্তের পেছনে ছিল বলে সে সময়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়।ট্রাম্প প্রশাসনের বর্তমান পরিকল্পনা এখনো আলোচনার পর্যায়ে থাকলেও তা বাস্তবায়িত হলে অভিবাসী বহিষ্কারের ব্যয় ও নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক তৈরি হতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক জলসীমায় অভিবাসীদের অধিকার এবং বহিষ্কারের আইনি বৈধতা নিয়েও প্রশ্ন উঠতে পারে।