যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের সিনেট নির্বাচন সামনে রেখে ডেমোক্রেটিক প্রার্থী আবদুল এল সাইয়েদের বিরুদ্ধে মুসলিমবিদ্বেষী বক্তব্য ও সন্ত্রাসবাদের অভিযোগ জোরালো করছেন রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পএবং ট্রাম্পের মিত্ররা। রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এল সাইয়েদকে ‘উগ্র জিহাদি’ আখ্যা দিয়েছেন এবং তার নাম নিয়ে বিদ্রূপ করেছেন।
অন্যদিকে, রজার্স তার প্রতিদ্বন্দ্বীকে ওসামা বিন লাদেনের সঙ্গে জড়িয়ে করা মন্তব্যে হাসিতে যোগ দেন এবং তাকে সন্ত্রাসী আখ্যা দেওয়া একটি পোস্ট সমর্থন করেন। সাম্প্রতিক জনমত জরিপে এল সাইয়েদের চেয়ে পিছিয়ে রয়েছেন রজার্স। এদিকে, এল সাইয়েদের বিরুদ্ধে তোলা একাধিক অভিযোগকে তথ্য যাচাইকারী সংস্থাগুলো মিথ্যা বা অপ্রমাণিত বলে চিহ্নিত করেছে।
গত ৯ অক্টোবর লুইজিয়ানার রিপাবলিকান সিনেটর জন কেনেডির সঙ্গে প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রজার্স। সেখানে কেনেডি বলেন, প্রভাবশালী ইসরায়েলপন্থি লবিং সংগঠন আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বা এআইপ্যাক রজার্সকে সমর্থন করছে, কারণ এল সাইয়েদ নাকি ওসামা বিন লাদেনের ছবি বা নামসংবলিত জার্সি পরে ঘুমান। এ বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ তার পক্ষ থেকে দেওয়া হয়নি। রজার্সকে এ সময় হাসতে দেখা যায়।
এল সাইয়েদ সামাজিক যোগাযোগমাধ্যমে এর জবাবে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। তার বিরুদ্ধে বিন লাদেনের প্রতি সমর্থনের অভিযোগের কোনো বিশ্বাসযোগ্য ভিত্তি নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পরদিন ১০ অক্টোবর শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে আরেকটি বিতর্কের জন্ম দেন রজার্স। মিশিগান বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এল সাইয়েদ বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলকে নিয়ে রসিকতা করেছিলেন। এর জবাবে বারস্টুল স্পোর্টসের প্রতিষ্ঠাতা ডেভ পোর্টনয় তাকে সন্ত্রাসী বলে উল্লেখ করেন। রজার্স সেই পোস্ট শেয়ার করে লেখেন, পোর্টনয় একেবারেই ঠিক বলেছেন। রিপাবলিকান ন্যাশনাল সেনেটোরিয়াল কমিটিও তার বক্তব্য প্রচার করে।
এদিকে গত শনিবার টেনেসির ক্লার্কসভিলে এক সমাবেশে ট্রাম্প এল সাইয়েদকে মোহাম্মদ এবং উগ্র জিহাদি বলে আখ্যা দেন। এল সাইয়েদের নাম যে আবদুল, তা স্বীকার করেও ট্রাম্প বলেন, তিনি প্রেসিডেন্ট এবং যাকে ইচ্ছা যে নামে ডাকতে পারেন। এ বক্তব্যকে মুসলিম প্রার্থীর পরিচয় নিয়ে বিদ্রূপ ও রাজনৈতিক আক্রমণের অংশ হিসেবে দেখা হচ্ছে।
একই সমাবেশে উপস্থিত সংগীতশিল্পী কিড রকও মুসলিম পরিচয়কে কেন্দ্র করে বক্তব্য দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কখনো মোহাম্মদের অধীনে এক জাতি হবে না, বরং ঈশ্বরের অধীনে এক জাতি থাকবে। পরে ফক্স নিউজের এক সাক্ষাৎকারে তিনি ডিয়ারবর্ন শহরের আরব জনগোষ্ঠীকে কেন্দ্র করে ভবিষ্যতে ধর্মীয় সংঘাতের আশঙ্কার কথা বলেন। তবে এল সাইয়েদ যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকি, এমন দাবির পক্ষে তিনি প্রমাণ দেননি।
জরিপে এগিয়ে এল সাইয়েদ
নির্বাচনের তিন সপ্তাহের কিছু বেশি সময় বাকি থাকতে প্রকাশিত জনমত জরিপের গড়ে এল সাইয়েদ এগিয়ে রয়েছেন। রিয়েল ক্লিয়ার পলিটিকসের ১০ অক্টোবর পর্যন্ত হিসাব অনুযায়ী, এল সাইয়েদের সমর্থন ৪৮.১ শতাংশ এবং রজার্সের ৪৫ শতাংশ। অর্থাৎ এল সাইয়েদ ৩.১ শতাংশ পয়েন্টে এগিয়ে। হিসাবের অন্তর্ভুক্ত ১২টি জরিপের মধ্যে ১১টিতে তিনি এগিয়ে ছিলেন এবং একটিতে দুই প্রার্থীর সমর্থন সমান ছিল।
এল সাইয়েদের সঙ্গে সন্ত্রাসবাদের সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা কয়েক মাস ধরেই চলছে। রজার্স এর আগে তার পরিবারের সদস্য, সমর্থক এবং মুসলিম সংগঠনগুলোর সঙ্গে তাকে জড়িয়ে বিভিন্ন অভিযোগ তুলেছেন। তবে এসব অভিযোগের গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য যাচাই করে মিথ্যা বা অপ্রমাণিত বলে চিহ্নিত করেছে বিভিন্ন সংস্থা।
এল সাইয়েদের মা একটি ইসলামি দাতব্য সংস্থায় কাজ করতেন, এ তথ্য উল্লেখ করে রজার্স তার বিরুদ্ধে অভিযোগ তোলেন। তথ্য যাচাইকারী সংস্থা স্নোপসের পর্যালোচনায় দেখা যায়, ওই সংস্থার সাবেক কর্মকর্তারা নিষিদ্ধ আর্থিক লেনদেনের জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন, সন্ত্রাসবাদ সম্পর্কিত অপরাধে নয়। এল সাইয়েদের মা ওই অবৈধ কর্মকাণ্ড সম্পর্কে জানতেন, এমন প্রমাণও পাওয়া যায়নি। তার বিরুদ্ধে কোনো অভিযোগও আনা হয়নি।
গত ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলাকে এল সাইয়েদ সমর্থন করেন, এমন দাবিও করেছিলেন রজার্স। কিন্তু যে বক্তব্যকে কেন্দ্র করে অভিযোগটি তোলা হয়েছিল, সেটি ছিল এল সাইয়েদের সঙ্গে প্রচারে অংশ নেওয়া অনলাইন ভাষ্যকার হাসান পাইকারের। এল সাইয়েদ নিজেই এক সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছিলেন, তিনি ১১ সেপ্টেম্বরের হামলাকে কোনোভাবেই ন্যায্য মনে করেন না। পলিটিফ্যাক্ট রজার্সের অভিযোগটিকে সম্পূর্ণ মিথ্যা বলে মূল্যায়ন করে।এল সাইয়েদ মুসলিম ব্রাদারহুডকে সমর্থন করার অঙ্গীকার করেছেন, রজার্সের এমন দাবির পক্ষেও প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে ব্রিজ মিশিগান।
প্রচারে বাধা, মুসলিমবিদ্বেষী বক্তব্যের অভিযোগ
রাজনৈতিক বক্তব্যের বাইরেও এল সাইয়েদের প্রচার কার্যক্রমে বাধা সৃষ্টি হয়েছে। গত শনিবার পশ্চিম মিশিগানে তার একটি নির্বাচনী অনুষ্ঠানে প্রায় ৩০ জন ডানপন্থী বিক্ষোভকারী বাধা দেন। তাদের হাতে ক্রুশ ও তাকে সন্ত্রাসী আখ্যা দেওয়া বিভিন্ন প্ল্যাকার্ড ছিল। তারা মেগাফোনে রজার্সের পক্ষে সেøাগান দেন। অতি ডানপন্থী আন্দোলনকর্মী জেক ল্যাং ওই দলটির নেতৃত্ব দেন।
ল্যাং এর আগেও মিশিগানে মুসলিমদের লক্ষ্য করে উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ২০২৫ সালের নভেম্বরে ডিয়ারবর্নে তার একটি সফরের সময় মুসলিমদের বিদ্রূপ, বর্ণবাদী গালিগালাজ এবং পবিত্র কোরআন পোড়ানোর হুমকির অভিযোগ ওঠে। ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে হামলার সময় পুলিশ কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগেও তার বিরুদ্ধে মামলা হয়েছিল। বিচার শুরুর আগেই ট্রাম্প তাকে ক্ষমা করেন।
মুসলিমবিদ্বেষী বক্তব্যের প্রভাব নিয়ে গবেষণাও উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে। সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেটের বিশ্লেষণে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত ছয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে এল সাইয়েদকে উল্লেখ করে ৩৮ হাজার ২৮০টি ইসলামবিদ্বেষী পোস্ট শনাক্ত করা হয়।গবেষণা অনুযায়ী, জুনের শুরু থেকে ৩ আগস্ট পর্যন্ত প্রতিদিন গড়ে এ ধরনের পোস্ট ছিল ১৫৫টি। কিন্তু ৪ থেকে ১০ আগস্ট, অর্থাৎ প্রাইমারি নির্বাচনের সপ্তাহে, তা বেড়ে দৈনিক গড়ে ৩ হাজার ৯৯টিতে দাঁড়ায়। এক সপ্তাহের পোস্টই ছিল পুরো গবেষণাকালে শনাক্ত করা পোস্টের অর্ধেকের বেশি।
মিশিগানের মুসলিম নেতারাও জানিয়েছেন, নির্বাচনী প্রচারে মুসলিমদের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য বাড়ার পর তাদের সংগঠনগুলো অনলাইনে হয়রানি ও হুমকির মুখে পড়েছে। ইস্ট ল্যানসিংয়ের একটি ইসলামিক সেন্টারের ট্রাস্টি থাসিন সারদার জানান, প্রাইমারির পর তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষমূলক মন্তব্যের সংখ্যা মাসে প্রায় একটি থেকে বেড়ে দিনে ১২ থেকে ২০টিতে পৌঁছে। এসব মন্তব্যে মুসলিমদের হত্যার আহ্বান এবং অমানবিক ভাষা ব্যবহার করা হয়েছে।
মিশিগানের কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনসের আইনজীবী অ্যামি ভি ডুকুরেও জানান, এল সাইয়েদের মনোনয়নের পর মুসলিম সংগঠন ও ধর্মীয় নেতাদের হয়রানি এবং হুমকি বেড়েছে। ডিয়ারবর্নে ল্যাংয়ের একটি বিক্ষোভের পর টানা তিন দিনে তিনটি মৃত্যুর হুমকির ঘটনা স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছিল।
রজার্সের প্রচারশিবির গত মাসে জানিয়েছিল, তিনি মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষসহ সব ধরনের ঘৃণার নিন্দা করেন।
সর্বশেষ আক্রমণের জবাবে এল সাইয়েদ তার নির্বাচনী প্রচারের অর্থনৈতিক কর্মসূচির ওপর জোর দেন। তিনি বলেন, ঘৃণা, ভয় কিংবা ধর্মীয় বিদ্বেষ তাদের আন্দোলন থামাতে পারবে না। তার প্রচারের মূল লক্ষ্য রাজনীতিতে অর্থের প্রভাব কমানো, সাধারণ মানুষের হাতে বেশি অর্থ পৌঁছানো এবং সবার জন্য সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। মিশিগানের এ নির্বাচন এখন শুধু সিনেটের একটি আসন জয়ের লড়াই নয়। মুসলিম প্রার্থীর পরিচয়, রাজনৈতিক বক্তব্যের সীমা এবং ধর্মীয় বিদ্বেষের প্রভাবও এতে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

