নিউইয়র্ক সিটির সিটির ক্ষুদ্র ব্যবসার মালিক ও বাড়ির মালিকদের দীর্ঘদিনের বকেয়া জরিমানার আর্থিক বোঝা কমাতে ৯০ দিনের বিশেষ কর্মসূচি চালু করেছে মেয়র জোহরান মামদানি প্রশাসন। ‘ডেট ডিমোলিশার’ নামের এ কর্মসূচির আওতায় যোগ্য ব্যক্তিরা সিটি সরকারের বিভিন্ন সংস্থার আরোপ করা জরিমানার জমে থাকা সুদ মওকুফ এবং মূল বকেয়া ছাড়ে পরিশোধের সুযোগ পাবেন। ১৩ অক্টোবর মঙ্গলবার শুরু হওয়া কর্মসূচিটি চলবে ২০২৭ সালের ১০ জানুয়ারি পর্যন্ত।

মেয়র মামদানি ও সিটির ফাইনান্স ডিপার্টমেন্ট কমিশনার রিচার্ড লি এ কর্মসূচির ঘোষণা দেন। সিটি কর্তৃপক্ষের আশা, এর মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়ির মালিকেরা পুরোনো জরিমানার বোঝা কমিয়ে সংশ্লিষ্ট বিধিবিধান মেনে চলার সুযোগ পাবেন। একই সঙ্গে দীর্ঘদিন ধরে অনাদায়ী থাকা জরিমানার অর্থও আদায় করা সম্ভব হবে।

মেয়র মামদানি বলেন, সিটি সরকারের জরিমানার উদ্দেশ্য মানুষকে নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করা, বছরের পর বছর সুদ জমিয়ে ব্যবসা পরিচালনা কিংবা বাড়ি মেরামত কঠিন করে তোলা নয়। তাঁর মতে, এ কর্মসূচি ছোট ব্যবসার মালিক ও বাড়ির মালিকদের বকেয়া নিষ্পত্তি করে স্বাভাবিক কার্যক্রমে ফিরতে এবং ভবিষ্যতের জরিমানা এড়াতে সহায়তা করবে।

কর্মসূচিটি মূলত এনভায়রনমেন্টাল কন্ট্রোল বোর্ডের (ইসিবি) অধীনে থাকা বকেয়া জরিমানা ও সংশ্লিষ্ট রায়ের ভিত্তিতে সৃষ্ট ঋণের ক্ষেত্রে প্রযোজ্য। স্যানিটেশন বিভাগ, ভবন বিভাগ ও পরিবহন বিভাগসহ সিটির বিভিন্ন সংস্থার জারি করা বিধিভঙ্গের জরিমানা পরিশোধ না করলে এ ধরনের বকেয়া তৈরি হতে পারে। ভবন নির্মাণবিধি লঙ্ঘন থেকে শুরু করে নির্ধারিত নিয়মে গদি বা ম্যাট্রেস না ফেলার মতো অপরাধও এর অন্তর্ভুক্ত হতে পারে।

যোগ্য বকেয়ার ক্ষেত্রে জমে থাকা সুদ মওকুফ করা হবে এবং মূল ঋণ ছাড়ে নিষ্পত্তির সুযোগ দেওয়া হবে। তবে সংশ্লিষ্ট বিধিভঙ্গের বিষয়গুলোও সংশোধন করে নিয়ম মেনে চলতে হবে। অর্থাৎ, বকেয়া পরিশোধের পাশাপাশি প্রযোজ্য ক্ষেত্রে ভবন, পরিচ্ছন্নতা বা অন্যান্য নিয়ম লঙ্ঘনের সমস্যার সমাধান করতে হবে।

তবে সব ধরনের বকেয়া এ সুবিধার আওতায় আসবে না। ২০২৬ সালের ১৫ জুলাইয়ের পর আদালতে নথিভুক্ত হওয়া জরিমানা, শেরিফ বা সিটি মার্শালের সঙ্গে নির্দিষ্ট চুক্তির আওতায় থাকা ঋণ, নাগরিকের অভিযোগের ভিত্তিতে জারি করা কিছু জরিমানা, আদায়ের জন্য ইতিমধ্যে বিশেষ ব্যবস্থা নেওয়া ঋণ, করের দায় হিসেবে রূপান্তরিত জরিমানা এবং ফৌজদারি তদন্তাধীন বিষয়গুলো কর্মসূচির বাইরে থাকবে। সিটি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, এ কর্মসূচির মাধ্যমে প্রায় ২ কোটি ৫০ লাখ ডলার এমন বকেয়া আদায় হতে পারে, যা অন্যথায় অনাদায়ী থেকে যাওয়ার আশঙ্কা ছিল।

সিটির ক্ষুদ্র ব্যবসা সেবা বিভাগের কমিশনার কেনি মিনায়া বলেন, জরিমানা ও জমে থাকা সুদের কারণে অনেক ছোট ব্যবসা লাইসেন্স নবায়ন, অনুমোদন গ্রহণ কিংবা ঋণ পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ে। এ কর্মসূচি তাদের বকেয়া নিষ্পত্তি করে ব্যবসা পরিচালনায় মনোযোগ দেওয়ার সুযোগ করে দেবে।

নিউইয়র্ক সিটি কাউন্সিলের অর্থবিষয়ক কমিটির চেয়ার লিন্ডা লি বলেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির এই সময়ে ছোট ব্যবসা সচল রাখা এবং বাড়ির মালিকদের নিজেদের বাড়িতে থাকতে সহায়তা করা জরুরি। বকেয়া নিষ্পত্তির সুযোগ দেওয়ার পাশাপাশি কর্মসূচিটি সিটির রাজস্ব আদায়েও ভূমিকা রাখবে।

যোগ্যতা যাচাই ও বকেয়া নিষ্পত্তির বিস্তারিত জানতে এনওয়াইসি ডট গভ ডট কম স্ল্যাশ ডেট ডিমোলিশার ওয়েবসাইটে যেতে হবে। সহায়তার জন্য ৩১১ নম্বরে ফোন করা যাবে। এ ছাড়া সিটির অর্থ বিভাগের ব্যবসায়িক সেবা কেন্দ্রে সরাসরি অথবা অনলাইন ই-সার্ভিসের মাধ্যমে বকেয়া আদায় বিভাগের সঙ্গে যোগাযোগ করা যাবে।