নিউইয়র্ক সিটিতে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো কলেজ ডিগ্রিধারী তরুণদের বেকারত্বের হার উচ্চশিক্ষা না নেওয়া তরুণদের চেয়ে বেশি হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ক্রমবর্ধমান ব্যবহার চাকরির বাজারে এ পরিবর্তনের অন্যতম কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সিটি কম্পট্রোলার মার্ক লেভিন।
লেভিনের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চ মাসে নিউইয়র্ক সিটির ২২ থেকে ২৭ বছর বয়সী কলেজ স্নাতকদের বেকারত্বের হার ছিল ৭.৩ শতাংশ। একই বয়সী কলেজ ডিগ্রিবিহীন তরুণদের ক্ষেত্রে এ হার ছিল ৭.১ শতাংশ।
যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্যের ভিত্তিতে তৈরি পরিসংখ্যান অনুযায়ী, ২০১১ সালের জানুয়ারির পর এই প্রথম কলেজ ডিগ্রিধারী তরুণদের বেকারত্বের হার ডিগ্রিবিহীন তরুণদের ছাড়িয়ে গেল। ২০১১ সালে চিত্রটি ছিল সম্পূর্ণ বিপরীত। তখন কলেজ ডিগ্রি নেই এমন তরুণদের বেকারত্বের হার ছিল ১৩.৬ শতাংশ, যেখানে কলেজ স্নাতকদের ক্ষেত্রে তা ছিল ৭.৩ শতাংশ।
পরিসংখ্যানে দেখা যায়, ২০২৪ সালের বসন্ত থেকে নিউইয়র্কে কলেজ ডিগ্রিধারী তরুণদের বেকারত্ব ক্রমাগত বেড়েছে। অন্যদিকে, একই বছরের শরৎকাল থেকে ডিগ্রিবিহীন তরুণদের বেকারত্বের হার কমেছে। গত ১১ অক্টোবর রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লেভিন বলেন, নিউইয়র্কে কর্মসংস্থানে এআইয়ের প্রভাব পড়তে শুরু করেছে কি না, সাম্প্রতিক পরিসংখ্যান তা নিয়ে প্রশ্ন তুলছে। পরিস্থিতিকে আর কত দিন উপেক্ষা করা হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।
গত মে মাসে প্রকাশিত এক প্রতিবেদনে নিউইয়র্ক সিটির অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল কম্পট্রোলারের কার্যালয়। প্রতিবেদনে সতর্ক করা হয়, এআইয়ের প্রভাব মোকাবিলায় প্রস্তুতি না নিলে শহরটি প্রায় ৩ লাখ চাকরি হারানোর ঝুঁকিতে পড়তে পারে। এর ফলে নগর সরকারের কর রাজস্বও প্রায় ১ হাজার ৪০০ কোটি ডলার কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
নিউইয়র্কে অর্থ, প্রযুক্তি, ব্যবসা, আইন ও অন্যান্য পেশাগত খাতে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান রয়েছে। এসব খাতের অনেক কাজ এআইয়ের মাধ্যমে স্বয়ংক্রিয় করা সম্ভব হওয়ায় শহরটি প্রযুক্তিগত পরিবর্তনের ঝুঁকিতে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
কম্পট্রোলারের কার্যালয়ের বিশ্লেষণে কম্পিউটার ও গণিতভিত্তিক পেশায় এআই ব্যবহারের উচ্চ ঘনত্বের বিষয়টি তুলে ধরা হয়েছে। এসব পেশায় প্রযুক্তির ব্যবহার বাড়লে কর্মীদের কাজের ধরন, নিয়োগের চাহিদা এবং প্রবেশপর্যায়ের চাকরির সুযোগ বদলে যেতে পারে।
যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর জুন মাসের তথ্য অনুযায়ী, দেশজুড়ে তরুণ কলেজ স্নাতকদের বেকারত্বের হার ছিল ৫.৭ শতাংশ। একই সময়ে সব বয়সী ও শিক্ষাগত যোগ্যতার কর্মীদের সামগ্রিক বেকারত্বের হার ছিল ৪.১ শতাংশ।
অর্থাৎ উচ্চশিক্ষা থাকলেই তরুণদের চাকরি পাওয়া নিশ্চিত হচ্ছে না। তবে নিউইয়র্কের পরিসংখ্যান থেকে সরাসরি বলা যায় না যে এআই একাই বেকারত্ব বৃদ্ধির জন্য দায়ী। অর্থনৈতিক পরিস্থিতি, নিয়োগের গতি এবং চাকরিপ্রার্থীদের দক্ষতার সঙ্গে নিয়োগদাতাদের চাহিদার অসামঞ্জস্যও এর পেছনে ভূমিকা রাখতে পারে।
লেভিনের কার্যালয়ের বিশ্লেষণে এআইয়ের নেতিবাচক প্রভাবের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সম্ভাবনার কথাও বলা হয়েছে। যথাযথ প্রস্তুতি, প্রশিক্ষণ ও নীতিগত উদ্যোগ নেওয়া হলে ২০৩০ সালের মধ্যে এআইয়ের কারণে নিউইয়র্ক সিটিতে প্রায় ৫২ হাজার নতুন চাকরি সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে কর্মীদের প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং নতুন পেশায় প্রবেশের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন লেভিন। একই সঙ্গে শহরের সম্ভাব্য অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় বার্ষিক কর রাজস্বের ১৬ শতাংশ জরুরি তহবিলে সংরক্ষণের সুপারিশও করেছেন তিনি। এআইয়ের বিস্তার নিউইয়র্কের চাকরির বাজারে কতটা দীর্ঘমেয়াদি পরিবর্তন আনবে, তা এখনো স্পষ্ট নয়। তবে সাম্প্রতিক পরিসংখ্যান কলেজ স্নাতকদের কর্মসংস্থান এবং ভবিষ্যতের চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে।

