যুক্তরাষ্ট্রে মেডিকেইড কর্মসূচিতে ফেডারেল অর্থায়ন কমানোর প্রভাবে একের পর এক হাসপাতালের প্রসূতি বিভাগ বন্ধ হয়ে যাচ্ছে। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ৫২টি প্রসূতি বিভাগ বন্ধ হয়েছে। আরো আটটি বিভাগ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে বলে অলাভজনক সংস্থা প্রোটেক্ট আওয়ার কেয়ারের বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল আইনের আওতায় ব্যয়সংকোচনের প্রভাব আগামী বছর আরো বাড়বে।

আইনটির আওতায় মেডিকেইডের অর্থায়ন কমানোর পাশাপাশি অনেক প্রাপ্তবয়স্কের জন্য নতুন কর্মসংস্থানসংক্রান্ত শর্ত এবং যোগ্যতা যাচাইয়ের বিধান কঠোর করা হচ্ছে। এতে হাসপাতালগুলোর আয় কমে আর্থিক চাপ বাড়তে পারে। প্রসূতি বিভাগ পরিচালনার ব্যয় বেশি হওয়ায় অনেক হাসপাতাল এসব সেবা বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারে।

ইতোমধ্যে ভার্জিনিয়ার সেন্ট্রা সাউথসাইড কমিউনিটি হাসপাতাল এবং জর্জিয়ার সেন্ট মেরিজ সেক্রেড হার্ট হাসপাতাল প্রসব ও সন্তান জন্মদানসেবা বন্ধ করেছে। মেডিকেইড নিয়ে আসন্ন ফেডারেল নীতিগত পরিবর্তনকে এসব সিদ্ধান্তের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। মাতৃস্বাস্থ্যবিষয়ক সংস্থা মার্চ অব ডাইমসের আইন ও কৌশলবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক এরিন জোনস বলেন, অর্থায়ন কমে যাওয়া এবং রাজ্যগুলোর ওপর নতুন বিধিনিষেধ হাসপাতালগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। এতে বিশেষ করে গ্রামীণ এলাকার মানুষ কাছাকাছি প্রসূতি সেবা হারানোর ঝুঁকিতে পড়বেন।

সংস্থাটির হিসাবে, প্রসবসেবা চালু রয়েছে এমন ৩১টি গ্রামীণ হাসপাতাল ঝুঁকির মুখে রয়েছে। এসব হাসপাতাল বন্ধ হলে যুক্তরাষ্ট্রের ৯৬টি কাউন্টিতে প্রসবসেবার কোনো ইউনিট থাকবে না। ফলে গর্ভবতী নারীদের দূরের হাসপাতালে যেতে হতে পারে, যা জরুরি পরিস্থিতিতে মা ও নবজাতকের ঝুঁকি বাড়াতে পারে। যুক্তরাষ্ট্রে প্রায় ৪০ শতাংশ শিশুজন্মের ব্যয় বহন করে মেডিকেইড।

হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের স্বাস্থ্য অর্থনীতির অধ্যাপক বেঞ্জামিন সোমার্স বলেন, নতুন আইনটি গর্ভবতী নারীদের সুরক্ষা নিশ্চিত করছে, এমন ধারণা সঠিক নয়। বরং স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর আর্থিক চাপ বাড়ছে।

গর্ভবতী নারীদের কর্মসংস্থানসংক্রান্ত শর্ত থেকে অব্যাহতি দেওয়ার কথা থাকলেও অনেক নারী মেডিকেইডের গর্ভাবস্থাভিত্তিক সুবিধার আওতায় নথিভুক্ত নন। ফলে রাজ্য কর্তৃপক্ষ তাদের গর্ভাবস্থার তথ্য না জানলে যোগ্যতা যাচাইয়ের সময় স্বাস্থ্যবিমা হারানোর ঝুঁকি তৈরি হতে পারে। এদিকে ২০২৫ সালের শুরুর দিকে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) গর্ভাবস্থার ঝুঁকি পর্যবেক্ষণ কর্মসূচির পুরো দলকে প্রশাসনিক ছুটিতে পাঠায়। চার দশকেরও বেশি সময় ধরে চলা এ কর্মসূচি গর্ভধারণের আগে, গর্ভাবস্থায় ও সন্তান জন্মের পর মা ও শিশুর স্বাস্থ্যসংক্রান্ত তথ্য সংগ্রহ করত।

হার্ভার্ডের অধ্যাপক রিতা হামাদ বলেন, তথ্য সংগ্রহে বিঘ্ন ঘটায় সাম্প্রতিক সময়ে মাতৃ ও শিশুর স্বাস্থ্যের প্রবণতা বিশ্লেষণ করা কঠিন হয়ে পড়েছে। তার আশঙ্কা, স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষা কর্মসূচিতে কাটছাঁটের ফলে মাতৃ ও শিশুর স্বাস্থ্যের বৈষম্য আরো বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, প্রসূতি বিভাগ বন্ধ হওয়া, স্বাস্থ্যবিমা হারানোর ঝুঁকি এবং মাতৃস্বাস্থ্যসংক্রান্ত তথ্যের ঘাটতি একসঙ্গে যুক্তরাষ্ট্রের মাতৃস্বাস্থ্য সংকটকে আরো গভীর করতে পারে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা গ্রামীণ এলাকা ও নিম্ন আয়ের পরিবারগুলোর।