সকালের সূর্য তখনও ব্রাসেলসের আকাশে ভালোভাবে ওঠেনি। হোটেলের লবিতে নেমে দেখি, আগে থেকেই অপেক্ষা করছে আমার পুরোনো চেনা গাইড অ্যান্ড্রে। মুখে সেই চিরচেনা উষ্ণ হাসি। কাঁধে ব্যাগ ঝুলিয়ে এগিয়ে এসে বললো, আজ আমরা বেলজিয়ামের অন্যতম প্রাচীন এবং সবচেয়ে নাটকীয় এক শহরে যাবো, যেখানে রোমানেস্ক আর গথিক স্থাপত্য হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে। আমাদের আজকের গন্তব্য বেলজিয়াম-ফ্রান্স সীমান্তের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক শহর-তুর্নাই (Tournai)। 

আমাদের গাড়ি ধীরগতিতে ব্রাসেলসের ব্যস্ত রাজপথ ছেড়ে B-৪২ (E৪২) হাইওয়েতে গিয়ে উঠল। বাইরে তখন ইউরোপের হিমেল বাতাস আর হালকা কুয়াশার চাদর। গাড়ির কাচের ওপর ফোটা ফোটা শিশির জমছে। অ্যান্ড্রে ড্রাইভ করতে করতেই বলতে লাগলো- ব্রাসেলস থেকে তুর্ণাই প্রায় ৯০ কিলোমিটারের পথ। কিন্তু যখন তুমি সেখানে পৌঁছাবে, মনে হবে যেন কয়েক শতক পেছনে হেঁটে গেছ। ফ্ল্যান্ডার্স ও ওয়ালোনিয়ার সীমানায় স্কেল্ড (Scheldt) নদীর তীরে গড়ে ওঠা এই শহর কেবল বেলজিয়ামের নয়, পুরো উত্তর ইউরোপের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সাক্ষী।

আমি জানালার বাইরে তাকিয়ে দেখতে লাগলাম বেলজিয়ান গ্রাম্য জীবনের অপার সৌন্দর্য-সবুজ প্রান্তর, পুরোনো খামারবাড়ি আর দূরে দাঁড়িয়ে থাকা উইন্ডমিল। ঘণ্টাখানেকের মনোরম ড্রাইভিং শেষে গাড়ি এসে থামল তুর্নাইয়ের প্রাণকেন্দ্রে। গাড়ি থেকে নামতেই যে দৃশ্যটা চোখে পড়ল, তা এক কথায় অবিশ্বাস্য! নিলচে-ধূসর পাথরে তৈরি বিশালাকার এক ক্যাথেড্রাল, যার ওপর শূন্যের পানে উঠে গেছে পাঁচটি বিশাল চূড়া বা টাওয়ার।

অ্যান্ড্রে ক্যাথেড্রালের বিশাল কাঠামোর দিকে আঙুল তুলে বললো,এটিই হলো তুর্নাইয়ের নটর ডেম ক্যাথেড্রাল (Notre-Dame Cathedral of Tournai)। ২০০০ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। এই ক্যাথেড্রালের সবচেয়ে অদ্ভুত বিষয় কী জানো? এর ৮৩ মিটার উঁচু পাঁচটি টাওয়ার। ইউরোপের আর কোনো ক্যাথেড্রালে এমন নিখুঁত ও সমান্তরাল পাঁচ-টাওয়ারের মেলবন্ধন দেখতে পাবে না। আমরা ক্যাথেড্রালের ভেতরে পা রাখলাম।

পাথরের মেঝের ঠান্ডা স্পর্শ আর শত শত বছরের পুরোনো ধূপের হালকা মিষ্টি সুবাস হাওয়ায় ভাসছে। বিশালাকার খিলান ও রঙিন কাচের (Stained Glass) জানালা দিয়ে ভোরের আলো ঠিকরে পড়ছে ভেতরে। 

অ্যান্ড্রে ফিসফিস করে বলে উঠলো- একটু খেয়াল করো। এর প্রধান হলঘরটি তৈরি হয়েছিল দ্বাদশ শতকে, খাঁটি রোমানেস্ক শৈলীতে। আর ঠিক তার সঙ্গেই জুড়ে দেওয়া Choir অংশটি ত্রয়োদশ শতকের গথিক স্থাপত্য। গথিক শৈলীর প্রতি ভালোবাসা থেকে তখনকার বিশপ পুরোটা ভাঙতে চাননি বরং রোমানেস্কের সঙ্গে গথিকের এক অদ্ভুত প্রেমকাব্য রচনা করেছিলেন। এটি যেন দুটি ভিন্ন যুগের, দুটি ভিন্ন মনস্তত্ত্বের এক পরম মিলন। ক্যাথেড্রালের ভেতর হাঁটতে হাঁটতে মনে হল, ভারী নীল-ধূসর চুনাপাথরগুলো যেন কোনো সুপ্রাচীন যুগের নীরব দীর্ঘশ্বাস সঞ্চয় করে রেখেছে। 

ক্যাথেড্রাল থেকে বেরিয়ে সামান্য এগোতেই গ্র্যান্ড প্লেস (Grand Place) বা প্রধান চত্বর। চত্বরের এক কোণে দাঁড়িয়ে আছে বেলজিয়ামের সবচেয়ে পুরোনো বেলফ্রি টাওয়ার (Belfry of Tournai), যা ইউনেস্কোর আরেকটি অন্যতম হেরিটেজ সাইট। ৭২ মিটার উঁচু এই টাওয়ারের চূড়ায় দাঁড়িয়ে রয়েছে এক বিশাল ড্রাগন, যা একসময় শহরের সুরক্ষার প্রতীক ছিল। অ্যান্ড্রে আর আমি চত্বরের এক বেঞ্চে বসলাম।

চত্বরজুড়ে পায়রা উড়ছে, আর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্যাফেগুলো থেকে ভেসে আসছে সদ্য তৈরি করা কফি আর পেস্ট্রির ম ম গন্ধ। —জানো, অ্যান্ড্রে মৃদু হেসে বললো,তুর্ণাই কেবল পাথরের শহর নয়। পঞ্চম শতকে ফ্রাঙ্কদের প্রথম রাজা ক্লোভিস এই শহরেই জন্মগ্রহণ করেছিলেন। এ মাটি রাজাদের, যুদ্ধ আর রূপকথার। পার্শ্ববর্তী চার্চের ঘণ্টা বাজলো টুংটাং শব্দে। সময়ের এই ধ্বনি যেন আমাদের মনে করিয়ে দিচ্ছিল, ইতিহাস কত প্রাচীন, অথচ এই মুহূর্তটি কতখানি তাজা ও মধুর।

দুপুর দুটো বাজতেই পেট চোঁ চোঁ করছিল। অ্যান্ড্রে আমাকে নিয়ে গেল গ্র্যান্ড প্লেসের ধারে এক ঐতিহ্যবাহী বেলজিয়ান ব্রাসেরিতে (Brasserie)। কাঠের আসবাবে সাজানো উষ্ণ এক আভিজাত্যে ভরা রেস্তোরাঁ। সেখানে আমাদের দুপুরের খাবারে পরিবেশন করা হলো তুর্নাইয়ের বিখ্যাত স্থানীয় পদ-লা র‍্যাগু টুর্নাসিয়ান (La Lapin à la Tournaisienne), যা ধীর আঁচে শুকনো বরই (Prunes) আর রান্না করা খরগোশের মাংস। সঙ্গে গরম গরম মুচমুচে বেলজিয়ান ফ্রিটস (Frites)।

প্রতিটি লোকমায় যেন ঐতিহ্যের স্বাদ। মিষ্টি ও নোনতা স্বাদের সেই অদ্ভুত সুস্বাদু কম্বিনেশন আর মুখের ভেতরে ফরাসি রান্না শৈলীর মাখনঘেঁষা ভাব-সব মিলিয়ে দুপুরের খাওয়াটা স্মরণীয় হয়ে রইল। খাবারের পর আমরা হাঁটা দিলাম স্কেল্ড নদীর তীর ধরে। বিকেলের নরম রোদ তখন নদীর শান্ত জলে ঝিকমিক করছে। আকাশে হালকা গোলাপি আর সোনালি রঙের খেলা। নদীর ওপর দাঁড়িয়ে থাকা বিখ্যাত ‘পন্ট দে ট্রু’ (Pont des Trous)-যা ১৪ শতকের এক জল-ফটক, তা দেখতে অসাধারণ লাগছিল। 

নদীর ধারের এক ছোট কফি শপের বাইরের টেবিলে গিয়ে বসলাম আমরা। অ্যান্ড্রে অর্ডার দিলো বেলজিয়ান কফি আর সঙ্গে সুগন্ধি দারুচিনি ছিটানো ‘ওয়াফেল’ (Waffle)। ধোঁয়া ওঠা গরম কফির কাপে চুমুক দিয়ে জানালার বাইরে নদীর দিকে তাকিয়ে রইলাম। অ্যান্ড্রে কিছুটা নিচু কণ্ঠে বললো, তুর্নাইকে যদি ভালোবাসতে হয়, তবে তার বিকালের নদীকে দেখতে হয়। ইউরোপের অন্য শহরগুলোর মতো এর মধ্যে চঞ্চলতা নেই, কিন্তু এক গভীর স্নিগ্ধতা আছে। এই নদী আর প্রাচীন পাথরগুলোর মধ্যে যে প্রেম, তা হাজার বছর ধরে অপরিবর্তিত।

সত্যিই, চারপাশের পরিবেশে এক অদ্ভুত রোমান্টিক নীরবতা ছড়িয়ে পড়ছিল। শহরের কোণে কোণে হাজার বছরের ইতিহাস, অথচ নদীর বুকে গোধূলির আলো যেন প্রতিদিন এক নতুন ভালোবাসার গল্প লেখে। বিষণ্ন অথচ অদ্ভুত এক ভালোলাগায় মনটা ভরে উঠছিল। সন্ধ্যা নেমে আসতেই চারপাশের স্ট্রিটলাইটগুলো একে একে জ্বলে উঠলো। ক্যাথেড্রালের ওপর আলো পড়তেই তার পাঁচ টাওয়ারকে মনে হচ্ছিল এক মায়াবী স্বপ্নের রাজপ্রাসাদ। এবার আমাদের ফেরার পালা।

গাড়িতে উঠে বসার পর পুরো পথটা আমরা প্রায় নীরবতায় কাটালাম। গাড়ির মিউজিক সিস্টেমে বাজছিল মৃদু এক ফরাসি সুর। জানালার বাইরে রাতের আঁধারে মিলিয়ে যাচ্ছিল তুর্নাইয়ের প্রাচীন রূপরেখা। ব্রাসেলসে আমার হোটেলের সামনে যখন গাড়ি এসে থামল, রাত তখন প্রায় সাড়ে ৮টা। গাড়ি থেকে নেমে আমি ব্যাগটা কাঁধে নিলাম। অ্যান্ড্রেও গাড়ি থেকে নেমে এল। সারাদিনের দীর্ঘ ভ্রমণ, ইতিহাস আর আবেগের আদান-প্রদানের পর বিদায়ের মুহূর্তটা বড্ড ভারী মনে হচ্ছিল।

অ্যান্ড্রে আমার দিকে হাত বাড়িয়ে দিল। তারপর আবেগমথিত গলায় বললো, জানি পাথর আর নদীর এই গল্পগুলো একদিন ঝাপসা হয়ে যাবে। কিন্তু তুর্নাইয়ের এই শান্ত বিকেল আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমি তার হাত শক্ত করে ধরে বললাম, ইতিহাস হারিয়ে যায়, কিন্তু স্মৃতি থেকে যায় অ্যান্ড্রে। ধন্যবাদ আমাকে সময় দেবার জন্য। এই দিনটি আমার কাছেও স্মরণীয় হয়ে থাকবে।

অ্যান্ড্রে গাড়িতে উঠে ধীরে ধীরে ধোঁয়াটে রাতের রাস্তায় মিলিয়ে গেল। আর আমি হোটেলের লবিতে প্রবেশ করতে করতে পেছনে ফিরে তাকালাম তুর্নাইয়ের পাঁচটি টাওয়ার যেন তখনও আমার কল্পনার আকাশে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল।

ভ্রমণ তথ‍্য : ব্রাসেল থেকে তুর্নাই সরাসরি ট্রেনে প্রায় এক ঘণ্টা। আমস্টারডাম থেকে হলে আগে ব্রাসেলস তারপর তুর্নাই—একদিনে সম্ভব, তবে ব্রাসেলসে একরাত থাকা অনেক আরামদায়ক। লিল (ফ্রান্স) থেকেও আধঘণ্টার পথ। স্টেশন থেকে ক্যাথিড্রাল পর্যন্ত হেঁটে ১০-১২ মিনিট।


ফিলিস্তিন-২

পৃথিবীর প্রাচীনতম শহর-জেরিকো

জেরুজালেমের সকালগুলো অন্যরকম। ফজরের পর শহরটা যেন কিছুক্ষণ নিঃশ্বাস বন্ধ করে থাকে, তারপর ধীরে ধীরে জেগে ওঠে। প্রথমে রুটির দোকানের চুল্লি জ্বলে, তারপর দূরে গির্জার ঘণ্টা, রাস্তায় ফেরিওয়ালার ডাক, কাক! কাক! তিল ছড়ানো লম্বাটে রুটি, জেরুজালেমের সকালের পরিচয়। পূর্ব জেরুজালেমের শেখ জাররাহ এলাকায় অ্যাম্বাসেডর হোটেলের জানালা থেকে দেখা যাচ্ছিল পাহাড়ের ঢাল, জলপাই গাছ, আর দূরে জৈতুন পাহাড়, মানে মাউন্ট অব অলিভস।

তার ওপারে—পূর্বদিকে, যেখানে আজ যাবো, সেখানে পাহাড় ধাপে ধাপে নেমে গেছে এক গভীর উপত্যকায়, পৃথিবীর সবচেয়ে নিচু জনপদের দিকে। নাশতার টেবিলে ফালাফেল, হুমুস, জলপাই, তাজা কাক আর জাআতার। সঙ্গে পুদিনা পাতা ভাসানো চা। জানালা দিয়ে সকালের রোদ এসে পড়েছে সাদা টেবিল ক্লথে।

সাড়ে ৭টায় লবিতে এলাম। সোফা থেকে উঠে দাঁড়াল এক যুবক। বয়স ত্রিশের কোঠায়, রোদে পোড়া তামাটে মুখ, ছোট করে ছাঁটা দাড়ি, চোখে সানগ্লাস মাথার ওপর তুলে রাখা। পরনে খাকি প্যান্ট আর হালকা নীল শার্ট। হাসিটা খোলা, উষ্ণ, মরুভূমির রোদের মতো।

—আসসালামু আলাইকুম, আহলান ওয়া সাহলান! সে হাত বাড়িয়ে দিলো। আমার নাম ওমর। ওমর আল-আরিহাওয়ি। আরিহাওয়ি মানে জেরিকোর মানুষ। আমাদের ভাষায় জেরিকোকে বলে আরিহা। —ওয়ালাইকুম আসসালাম। আরিহা... নামটার মানে কী? —অনেকে বলেন এসেছে ‘রিহ’ থেকে, মানে সুগন্ধ। কেউ বলেন প্রাচীন কেনানীয় চন্দ্রদেবতা ‘ইয়ারিখ’ থেকে। আমার দাদা বলতেন, দুটোই ঠিক। জেরিকোর রাতের চাঁদ আর দিনের ফুলের সুগন্ধ, দুটোই পৃথিবীতে অতুলনীয়। সে হাসলো।

বললো, চলুন, আজ আপনাকে দেখাব এমন এক শহর, যেখানে মানুষ ১০ হাজার বছরেরও বেশি আগে থেকে ঘর বাঁধছে। গাড়ি চললো পূর্বদিকে। প্রথমে জেরুজালেমের পাথরের বাড়ি, সরু রাস্তা, তারপর জৈতুন পাহাড়ের পাশ দিয়ে ঘুরে পেছনে পড়ে গেল আল-আকসার সোনালি গম্বুজ। আমি ঘাড় ফিরিয়ে যতক্ষণ দেখা যায় তাকিয়ে রইলাম। —জেরুজালেম থেকে জেরিকো মাত্র চল্লিশ কিলোমিটারের মতো, ওমর বললো। কিন্তু এ অল্প পথে আমরা প্রায় ১,২০০ মিটার নিচে নামবো। জেরুজালেম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮০০ মিটার উঁচুতে।

আর জেরিকো সমুদ্রপৃষ্ঠের প্রায় ২৫০ মিটার নিচে। পৃথিবীর সবচেয়ে নিচু শহর। —সমুদ্রের নিচে শহর! —কান দুটো একটু খেয়াল রাখবেন, সে চোখ টিপলো। —বীমানের মতো তালা লাগতে পারে। শহর পেরোতেই দৃশ্য পাল্টে গেল। সবুজ হারিয়ে গেল হঠাৎ, যেন কেউ ছবির রঙ মুছে দিয়েছে। সামনে জুডিয়ান মরুভূমি। হলুদ, বাদামি, ধূসর পাহাড়ের ঢেউ, একটার পর একটা, দিগন্ত পর্যন্ত। পাহাড়ের গায়ে বাতাস আর বৃষ্টির হাজার বছরের আঁচড়, ভাঁজে ভাঁজে ছায়া।

—এ মরুভূমিতে হজরত ঈসা (আ.) চল্লিশ দিন নির্জনে ছিলেন বলে খ্রিস্টানরা বিশ্বাস করে, ওমর বললো। আর বহু শতাব্দী ধরে সন্ন্যাসী, দরবেশ, সাধকরা এখানে আসতেন আল্লাহকে খুঁজতে। নীরবতা এখানে এতো গভীর যে নিজের হৃদস্পন্দন শোনা যায়। রাস্তার ডানদিকে পাহাড়ের চূড়াজুড়ে সারি সারি লাল টালির ছাদ, উঁচু দেওয়াল, সবুজ বাগান, যা চারপাশের মরুভূমির সঙ্গে একেবারেই বেমানান।

—মা’আলে আদুমিম, ওমর বললো, গলাটা একটু বদলে গেল। পশ্চিম তীরে ইহুদিদের সবচেয়ে বড় বসতিগুলোর একটা। প্রায় ৪০ হাজার মানুষ থাকে। ওদের বাগানে পানির অভাব নেই, সুইমিং পুল আছে। আর এ পাহাড়ের নিচে যারা হাজার বছর ধরে আছে, তাদের অনেকের পানির ট্যাংকার কিনে খেতে হয়। কয়েক কিলোমিটার পর রাস্তার ধারে পাহাড়ের ঢালে চোখে পড়লো কয়েকটা টিনের ছাপড়া, ত্রিপল টাঙানো তাঁবু, পাশে কয়েকটা ছাগল-ভেড়া আর একটা গাধা ছায়ায় দাঁড়িয়ে।

—জাহালিন বেদুইন, ওমর বললো। ১৯৪৮ সালের পর নেগেভ মরুভূমি থেকে উচ্ছেদ হয়ে এসে এখানে বসতি গড়েছিল। এদের একটা গ্রাম আছে, খান আল-আহমার। বছরের পর বছর ধরে সেটা ভেঙে ফেলার আদেশ ঝুলছে। কারণ এ পুরো এলাকাকে ইসরায়েল ‘এরিয়া সি’ বলে, যেখানে ফিলিস্তিনিদের নির্মাণের অনুমতি প্রায় পাওয়াই যায় না। অনুমতি ছাড়া বানালে ভাঙা হয়। জাতিসংঘ আর বহু দেশ এর প্রতিবাদ করেছে। ওখানে একটা স্কুল আছে, টায়ার আর কাদা দিয়ে বানানো। সেটার জন্যও মামলা চলেছে। —টায়ার দিয়ে স্কুল?

—হ্যাঁ, পাকা দেওয়াল বানানোর অনুমতি নেই, তাই। বাচ্চারা তবু পড়ে। আমার এক বন্ধু সেখানে কিছুদিন পড়িয়েছিল। বলতো, ওই বাচ্চাদের চোখে যে আলো, সেটা কোনো বুলডোজার নেভাতে পারবে না। একটা ছোট্ট মেয়ে ছাগল চরাচ্ছিল রাস্তার ধারে। আমাদের গাড়ি দেখে হাত নাড়লো, আমিও নাড়লাম। তার লাল ওড়না মরুভূমির হলুদে একফোঁটা আগুনের মতো জ্বলছিল। তারপর রাস্তার ধারে একটা বোর্ড, তাতে লেখা ‘সমুদ্রপৃষ্ঠ’, পাশে একটা উট দাঁড়িয়ে আছে, মালিক পর্যটকদের ছবি তোলার জন্য অপেক্ষা করছে। —এখান থেকে আমরা সমুদ্রের নিচে ঢুকছি, ওমর ঘোষণা করলো।

মূল রাস্তা ছেড়ে ওমর একটা সরু পাহাড়ি পথে গাড়ি ঢোকালো। কয়েক মিনিট পর একটা পাহাড়ের কিনারায় থামলো। —নামুন। একটা জিনিস দেখাই। কিনারায় দাঁড়াতেই মাথা ঘুরে গেল। নিচে গভীর এক গিরিখাত, ওয়াদি কেল্ট। দুপাশে খাড়া পাথরের দেওয়াল। আর উল্টো দিকের পাহাড়ের গায়ে, যেন আঠা দিয়ে লাগানো, ঝুলে আছে একটা মঠ। সাদা আর নীল দেওয়াল, গম্বুজ, খিলান, ঠিক পাথরের ভেতর থেকে বেরিয়ে এসেছে।

—সেন্ট জর্জ মঠ, ওমর বললো। পঞ্চম শতকে সন্ন্যাসীরা এখানে গুহায় থাকতে শুরু করেন। পরে মঠ বানানো হয়। পারস্যের আক্রমণে ধ্বংস হয়, ক্রুসেডাররা মেরামত করে, আবার পরিত্যক্ত হয়, তারপর ঊনিশ শতকে গ্রিক অর্থোডক্সরা নতুন করে গড়ে তোলে। এখনো কয়েকজন সন্ন্যাসী থাকেন। গিরিখাতের তলায় একটা সরু সবুজ রেখা, খেজুর গাছ আর ঝোপ। —ওখানে পানি আছে, ওমর বলল। প্রাচীন রোমান যুগের একটা জলনালির অবশেষও আছে এ উপত্যকায়। রাজা হেরোদ এই পানি জেরিকোর প্রাসাদে নিয়ে যেতেন।

আর এ পথটাই ছিল জেরুজালেম থেকে জেরিকোর প্রাচীন রাস্তা। বাইবেলের সেই বিখ্যাত ‘দয়ালু সামারিটানের’ গল্প এ পথের ওপরেই। একজন পথিক ডাকাতের হাতে আহত হয়ে পড়েছিল, অনেকে পাশ কাটিয়ে গেল, শুধু একজন অচেনা মানুষ থেমে তার সেবা করলো। দুই হাজার বছর আগের গল্প, কিন্তু আজও কত প্রাসঙ্গিক। আমি বললাম। ওমর মাথা নাড়লো। —আমি প্রায়ই ভাবি, আজকের দুনিয়া আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছে, কিন্তু থামছে না। আবার মূল রাস্তা। মরুভূমি ঢালু হয়ে নামতে লাগলো।

তারপর হঠাৎ, যেন জাদুর মতো সামনে ভেসে উঠলো সবুজ। বিশাল এক মরুদ্যান। সারি সারি খেজুর গাছ, তাদের পাতার ঝালর বাতাসে দুলছে। কলাবাগান, কমলা আর লেবুর গাছ, বোগেনভিলিয়ার গোলাপি ঝাড় দেওয়াল বেয়ে উঠেছে। আর দূরে, পূর্বদিকে, একটা ঝাপসা নীল রেখা। তার ওপারে আবার পাহাড়, বেগুনি রঙের। ওই যে নীল রেখা, এটা মৃত সাগর, ওমর বললো। আর ওপারের পাহাড়গুলো জর্ডান। ওখানেই মাউন্ট নেবো, যেখান থেকে হজরত মুসা (আ.) প্রতিশ্রুত ভূমি দেখেছিলেন বলে বাইবেলে আছে।

আর ডানদিকে সবুজের ওই সরু রেখা, জর্ডান নদী। গাড়ির জানালা খুলতেই গরম বাতাসের ঝাপটা। কিন্তু তাতে মিশে আছে কমলা ফুল আর পাকা খেজুরের মিষ্টি গন্ধ। এখন বুঝলেন কেন নাম আরিহা? ওমর হাসলো। ‘সুগন্ধ।’

তাওরাতে জেরিকোকে বলা হয়েছে ‘খেজুর গাছের নগরী’। এখানকার মাজহুল খেজুর আজ পৃথিবীর সেরা খেজুরগুলোর একটা। শীতকালেও এখানে উষ্ণ। তাই প্রাচীনকাল থেকে রাজারা শীতকালীন প্রাসাদ বানাতেন এখানে। হেরোদের প্রাসাদ, উমাইয়া খলিফার প্রাসাদ, সব এখানে। আর ক্লিওপেট্রা পর্যন্ত একসময় জেরিকোর বাগানের মালিক হয়েছিলেন, মার্ক অ্যান্টনির উপহার হিসেবে।