প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের খাদ্যসহায়তা কর্মসূচিতে কাটছাঁটের প্রভাব যখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে পড়তে শুরু করেছে, তখন নিউইয়র্কে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুলের খাবার দেওয়ার কর্মসূচি পুরোপুরি চালু রাখার ঘোষণা দিয়েছেন গভর্নর ক্যাথি হোচুল। নিউইয়র্ক স্টেট সরকারের অর্থায়নে এ কর্মসূচি অব্যাহত থাকায় নিউইয়র্কের স্কুলগুলোতে প্রতিদিন প্রায় ২৫ লাখ ছাত্রছাত্রীদের বিনা মূল্যের খাবার পরিবেশন করা সম্ভব হবে। এতে পরিবারগুলো প্রতি সন্তানের জন্য বছরে খাবার ও মুদিপণ্যের খরচে সর্বোচ্চ ১ হাজার ৬০০ ডলার পর্যন্ত সাশ্রয় করতে পারবে।
গভর্নর হোচুল গত ২৬ অক্টোবর জানান, ফেডারেল সরকারের খাদ্যসহায়তা কর্মসূচিতে পরিবর্তন ও কাটছাঁটের কারণে অন্য কয়েকটি স্টেটে স্কুলের বিনা মূল্যের খাবার গ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে নিউইয়র্কে স্টেট সরকার কর্মসূচিটির পূর্ণ অর্থায়ন নিশ্চিত করায় শিক্ষার্থীদের খাবার পাওয়ার সুযোগ কমবে না।গত বছর চালু হওয়া নিউইয়র্কের সর্বজনীন বিনা মূল্যের স্কুল মিল কর্মসূচির আওতায় রাজ্যের সরকারি স্কুল, চার্টার স্কুল এবং জাতীয় স্কুল ব্রেকফাস্ট ও লাঞ্চ কর্মসূচিতে অংশ নেওয়া বেসরকারি স্কুলের সব শিক্ষার্থী বিনা মূল্যে সকালের নাশতা ও দুপুরের খাবার পায়। পরিবারের আয় যতই হোক, এ সুবিধা পাওয়ার ক্ষেত্রে আয়ের কোনো শর্ত নেই।
গভর্নর বলেন, শিশুদের জন্য প্রয়োজনীয় স্কুলের খাবার বন্ধ করার উদ্যোগ লজ্জাজনক। এ কারণে তিনি নিউইয়র্কের সব শিক্ষার্থীর জন্য কর্মসূচিটি অব্যাহত রাখতে পদক্ষেপ নিয়েছেন। তার ভাষায়, ট্রাম্প প্রশাসন যখন কঠোর পরিশ্রমী পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে চলেছে, তখন তার সরকার পরিবারগুলোর অর্থ সাশ্রয় এবং শিশুদের সুরক্ষায় কাজ করবে।
নিউইয়র্ক স্টেট সরকারের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সর্বজনীন বিনা মূল্যের স্কুল মিল কর্মসূচির জন্য ৩৯৫ মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় ৫৫ মিলিয়ন ডলার বেশি। রাজ্য সরকারের বর্ধিত অর্থায়নের ফলে ফেডারেল খাদ্যসহায়তা কর্মসূচিতে কাটছাঁট হলেও নিউইয়র্কের স্কুলগুলো বিনা মূল্যে খাবার সরবরাহের জন্য কম অর্থ পাবে না বলে জানানো হয়েছে।
চলতি শিক্ষাবর্ষ সেপ্টেম্বরে শুরু হওয়ার পর থেকে নিউইয়র্কের স্কুলগুলোতে এ পর্যন্ত প্রায় ৭৫ মিলিয়ন বিনা মূল্যের খাবার পরিবেশন করা হয়েছে। প্রতিদিন শিক্ষার্থীদের জন্য প্রায় ২.৫ মিলিয়ন খাবার সরবরাহ করা হচ্ছে। রাজ্যজুড়ে প্রায় ২.৭ মিলিয়ন শিক্ষার্থী এ কর্মসূচির আওতায় রয়েছে।
ফেডারেল সরকারের খাদ্যসহায়তা কর্মসূচি সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা স্ন্যাপে পরিবর্তনের ফলে স্বল্প আয়ের অনেক পরিবার খাদ্যসহায়তা হারানোর ঝুঁকিতে রয়েছে। গত বছর পাস হওয়া রিপাবলিকান-সমর্থিত এইচআর ১ আইনের আওতায় আনা পরিবর্তনগুলো শিশুদের খাদ্যনিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি করেছে। এ পরিস্থিতিতে স্কুলে বিনা মূল্যে খাবার পাওয়ার সুযোগ পরিবারগুলোর ওপর আর্থিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্টেট কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব পরিবারের শিশুরা স্ন্যাপ বা মেডিকেইড সুবিধা পায়, তারা সাধারণত সরাসরি যাচাইয়ের মাধ্যমে বিনামূল্যের স্কুল মিলের যোগ্য হিসেবে চিহ্নিত হয়। তবে এসব কর্মসূচিতে অন্তর্ভুক্ত না থাকলেও পরিবারগুলো স্কুল মিলের সুবিধা পেতে আবেদন করতে পারবে। স্টেট সরকারের এ উদ্যোগের ফলে নিউইয়র্কের লাখ লাখ শিক্ষার্থী স্কুলে বিনামূল্যে খাবার পাবে এবং পরিবারগুলো খাদ্যব্যয়ের চাপ থেকে কিছুটা স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে।

