যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) হেফাজতে থাকা চূড়ান্ত বহিষ্কারাদেশপ্রাপ্ত হাজার হাজার অভিবাসীর অবস্থান গোপন রাখার নীতির বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে চারটি অভিবাসী আইনি সহায়তা সংস্থা। গত ২৮ অক্টোবর ম্যাসাচুসেটস স্টেটের ফেডারেল আদালতে মামলাটি দায়ের করা হয়। সংস্থাগুলোর অভিযোগ, আইসের নতুন নীতির কারণে আইনজীবীরা তাদের মক্কেলদের অবস্থান জানতে পারছেন না। এতে অভিবাসীদের আইনি সহায়তা পাওয়া এবং বহিষ্কারের বিরুদ্ধে আদালতে লড়াই করার সুযোগ বাধাগ্রস্ত হচ্ছে।
মামলাটি করেছে গ্রেটার বোস্টন লিগ্যাল সার্ভিসেস, রিয়ান ইমিগ্র্যান্ট সেন্টার, ফ্লোরেন্স ইমিগ্র্যান্ট অ্যান্ড রিফিউজি রাইটস প্রজেক্ট এবং আমিকা সেন্টার ফর ইমিগ্র্যান্ট রাইটস। মামলায় বিবাদী করা হয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) মন্ত্রী ও আইসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের। বাদীপক্ষ আদালতের কাছে নতুন নীতির কার্যকারিতা বন্ধে নিষেধাজ্ঞা জারির আবেদন করেছে।
মামলার মূল অভিযোগ, আইস তাদের অনলাইন ডিটেইনি লোকেটর সিস্টেমে পরিবর্তন এনে চূড়ান্ত বহিষ্কারাদেশপ্রাপ্ত বন্দিদের অবস্থানের তথ্য সরিয়ে দিয়েছে। একই সঙ্গে আইসের কর্মীদের তাদের অবস্থান প্রকাশ না করার নির্দেশ দেওয়া হয়েছে। গত সেপ্টেম্বরে হঠাৎ কার্যকর হওয়া এ সিদ্ধান্তের ফলে গত মাসে আইসের হেফাজতে থাকা প্রায় ৬৯ হাজার বন্দির মধ্যে ১৬ হাজারের বেশি ব্যক্তির অবস্থান অনলাইন তালিকা থেকে সরিয়ে ফেলা হয়।
২০১০ সাল থেকে অভিবাসীদের পরিবার ও আইনজীবীরা আইসের এই অনলাইন ব্যবস্থার মাধ্যমে বন্দিদের অবস্থান এবং এক আটককেন্দ্র থেকে অন্য কেন্দ্রে স্থানান্তরের তথ্য জানতে পারতেন। নতুন নীতির কারণে সেই সুযোগ সীমিত হয়ে পড়েছে। মামলায় বলা হয়েছে, আইনজীবীরা তাদের মক্কেল ও সম্ভাব্য মক্কেলদের খুঁজে পেতে পারছেন না। অন্যদের অবস্থান শনাক্ত করতেও আগের তুলনায় অনেক বেশি সময় ব্যয় করতে হচ্ছে।
মামলায় আরো অভিযোগ করা হয়েছে, আইসের ডিটেনশন অ্যান্ড রিমুভাল ইনফরমেশন লাইনে ফোন করেও আইনজীবীরা কার্যকর তথ্য পাচ্ছেন না। দীর্ঘ সময় অপেক্ষা, হঠাৎ ফোন বিচ্ছিন্ন হয়ে যাওয়া, পর্যাপ্ত তথ্য না পাওয়া কিংবা কোনো উত্তর না পাওয়ার মতো সমস্যার মুখোমুখি হচ্ছেন তারা। বিকল্প হিসেবে আইসের আইনি ফোনকল নির্ধারণের কর্মসূচি ব্যবহার করার চেষ্টা করলেও খুব অল্পসংখ্যক আটককেন্দ্রে এ ব্যবস্থা চালু রয়েছে।
বাদী সংস্থাগুলোর দাবি, এর ফলে গুরুত্বপূর্ণ আইনি নথি জমা দিতে দেরি হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা পার হয়ে যাচ্ছে এবং আইনজীবীরা নতুন মামলা গ্রহণ কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন। এতে বন্দিরা তাদের বহিষ্কারের বিরুদ্ধে আইনি প্রতিকার চাওয়ার সুযোগ হারানোর ঝুঁকিতে পড়ছেন।
গ্রেটার বোস্টন লিগ্যাল সার্ভিসেসের নির্বাহী পরিচালক জ্যাকলিন বোম্যান বলেন, সরকারের কারণে আইনজীবীরা তাদের মক্কেলদের খুঁজে না পেলে তাদের অধিকার রক্ষার অর্থবহ সুযোগ থেকে কাউকে বঞ্চিত করা উচিত নয়। তার মতে, প্রশাসনের আকস্মিক এ সিদ্ধান্তে বিপুলসংখ্যক মানুষ অপরিহার্য আইনি সহায়তা ছাড়াই জীবন বদলে দিতে পারে এমন পরিণতির ঝুঁকিতে পড়েছেন।
মামলায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রায় ১৪ লাখ মানুষের বিরুদ্ধে চূড়ান্ত বহিষ্কারাদেশ রয়েছে। এর অর্থ, অভিবাসন বিচারক তাদের বহিষ্কারের নির্দেশ দিয়েছেন এবং আপিলের পর সেই সিদ্ধান্ত বহাল রয়েছে অথবা তারা আপিল করেননি। তবে চূড়ান্ত বহিষ্কারাদেশ থাকলেও তাদের আইনি প্রতিকার চাওয়ার সুযোগ পুরোপুরি শেষ হয়ে যায় না।
তারা মামলা পুনরায় খোলার আবেদন করতে পারেন, তৃতীয় কোনো দেশে বহিষ্কারের বিরুদ্ধে আইনি প্রতিকার চাইতে পারেন কিংবা আটক ও বহিষ্কার প্রক্রিয়ায় অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলতে পারেন। অতীতে ফেডারেল বিচারকেরা বহুবার বন্দিদের মুক্তি অথবা বন্ড শুনানির নির্দেশ দিয়েছেন।
বাদী সংস্থাগুলোর অভিযোগ, যথাযথ ব্যাখ্যা ছাড়া নতুন নীতি কার্যকর করে প্রশাসন প্রশাসনিক পদ্ধতি আইন লঙ্ঘন করেছে। পাশাপাশি আইনজীবীদের আইনি পরামর্শ দেওয়া এবং সম্ভাব্য মক্কেল খুঁজে নেওয়ার অধিকার বাধাগ্রস্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীও লঙ্ঘিত হয়েছে। তাদের দাবি, এ পরিবর্তন শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়বরং এটি অভিবাসীদের আইনি প্রতিনিধিত্ব পাওয়ার অধিকার এবং আইনজীবীদের পেশাগত কাজের ওপর সরাসরি প্রভাব ফেলছে।
তাই মামলায় আদালতের কাছে নতুন নীতিকে বেআইনি ঘোষণা এবং মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এর কার্যকারিতা স্থগিত রাখার নির্দেশ চাওয়া হয়েছে। বাদীপক্ষের মতে, বন্দিদের অবস্থান গোপন রাখার সিদ্ধান্ত বহাল থাকলে অনেক অভিবাসী তাদের আইনজীবীর সঙ্গে যোগাযোগ ও বহিষ্কারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ হারাতে পারেন। অন্যদিকে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলেছে, আটক অভিবাসীদের পরিবার ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগের একাধিক সুযোগ রয়েছে।
চূড়ান্ত বহিষ্কারাদেশপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া হলো তাদের বহিষ্কার করা। বিভাগটি আরো দাবি করেছে, আইস কাউকে গোপনে সরিয়ে ফেলছে না এবং আটক ব্যক্তিরা ফোনে যোগাযোগ করতে পারছেন।

