যুক্তরাষ্ট্রে অভিভাবকহীন অভিবাসী শিশুদের আশ্রয় আবেদন দ্রুত নিষ্পত্তি এবং সাক্ষাৎকারের সময় কমিয়ে আনার ট্রাম্প প্রশাসনের নীতিতে সাময়িক স্থগিতাদেশ দিয়েছেন ফেডারেল আদালত। গত শুক্রবার মেরিল্যান্ড স্টেটের ফেডারেল জেলা আদালত এ আদেশ দেয়। এতে আগের নিয়ম পুনর্বহাল করে শিশুদের আশ্রয় সাক্ষাৎকারের অন্তত ২১ দিন আগে নোটিশ দেওয়া এবং প্রয়োজনে সাক্ষাৎকারের তারিখ পরিবর্তনের সুযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আদেশটি ১৪ দিনের জন্য কার্যকর থাকবে, অর্থাৎ ১৩ নভেম্বর পর্যন্ত। 

দ্য ডোর বনাম এডলও নামে মামলাটি গত ১৫ অক্টোবর মেরিল্যান্ডের ফেডারেল জেলা আদালতের সাউদার্ন ডিভিশনে দায়ের করা হয়। মামলার নম্বর ৮:২৬-সিভি-০৪৩২৬। বাদী ছয়টি অভিবাসী অধিকার ও আইনি সহায়তা সংস্থা দ্য ডোর, অ্যামিকা সেন্টার ফর ইমিগ্র‍্যান্ট রাইটস, ফ্লোরেন্স ইমিগ্র‍্যান্ট অ্যান্ড রিফিউজি রাইটস প্রজেক্ট, গ্যালভেস্টন-হিউস্টন ইমিগ্র‍্যান্ট রিপ্রেজেন্টেশন প্রজেক্ট, ইমিগ্র‍্যান্ট ডিফেন্ডার্স ল সেন্টার এবং জিউইশ ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস। 

মামলায় বিবাদী করা হয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থার (ইউএসসিআইএস) পরিচালক জোসেফ বি. এডলো, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) সচিব মার্কওয়েইন মুলিন, নির্বাহী অভিবাসন পর্যালোচনা দফতরের (ইওআইআর) ভারপ্রাপ্ত পরিচালক সির্স ওয়েন, অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে। এসব সংস্থার মধ্যে রয়েছে ইউএসসিআইএস, ডিএইচএস, ইওআইআর ও বিচার বিভাগ। 

মামলার বাদী সংস্থাগুলোর অভিযোগ, ট্রাম্প প্রশাসন গত আগস্ট ও সেপ্টেম্বরে অভিবাসী শিশুদের আশ্রয় আবেদন প্রক্রিয়ায় এমন কিছু পরিবর্তন আনে, যা তাদের আইনি অধিকার ও ন্যায্য শুনানির সুযোগ সংকুচিত করছে। আগে আশ্রয় সাক্ষাৎকারের অন্তত ২১ দিন আগে নোটিশ দেওয়ার নিয়ম থাকলেও নতুন ব্যবস্থায় কোনো কোনো শিশুকে ২৪ ঘণ্টারও কম সময় আগে সাক্ষাৎকারের খবর দেওয়া হয়েছে। একই সঙ্গে সাক্ষাৎকারের তারিখ পরিবর্তনের সুযোগ সীমিত করে কেবল ‘ব্যতিক্রমী পরিস্থিতিতে’ তা অনুমোদনের বিধান করা হয়। 

বাদী সংস্থাগুলোর দাবি, এত অল্প সময়ের মধ্যে শিশুদের সাক্ষাৎকারের জন্য প্রস্তুত করা, প্রয়োজনীয় নথি সংগ্রহ এবং আইনজীবীদের সঙ্গে পরামর্শ করা কঠিন। অনেক ক্ষেত্রে আইনজীবীদের একই সময়ে একাধিক শিশুর সাক্ষাৎকারে উপস্থিত থাকার সূচি দেওয়া হয়েছে। ফলে শিশুদের পক্ষে যথাযথ আইনি সহায়তা নিশ্চিত করাও কঠিন হয়ে পড়ে। 

মামলায় আরো বলা হয়, অভিভাবকহীন শিশুদের জন্য কংগ্রেস বিশেষ আইনি সুরক্ষা নিশ্চিত করেছে। ২০০৮ সালের উইলিয়াম উইলবারফোর্স ট্রাফিকিং ভিকটিমস প্রোটেকশন রিঅথরাইজেশন অ্যাক্টে শিশুদের বিশেষ প্রয়োজন বিবেচনায় নিয়ে অভিবাসন প্রক্রিয়া পরিচালনার কথা বলা হয়েছে। বাদীদের অভিযোগ, প্রশাসনের নতুন নীতিগুলো সেই সুরক্ষার সঙ্গে সাংঘর্ষিক এবং প্রশাসনিক পদ্ধতি আইনও (অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর অ্যাক্ট) লঙ্ঘন করছে। 

আদালত সাময়িক আদেশে বলেছে, সাক্ষাৎকারের জন্য খুব অল্প সময়ের নোটিশ শিশুদের বিশেষ পরিস্থিতি বিবেচনার আইনি বাধ্যবাধকতার সঙ্গে অসংগতিপূর্ণ। সাক্ষাৎকারের তারিখ পরিবর্তনের ক্ষেত্রে কঠোর শর্তারোপও প্রশাসনিক পদ্ধতি আইনের লঙ্ঘন হতে পারে বলে আদালত মনে করেছে। 

বাদী সংস্থাগুলোকে ন্যাশনাল সেন্টার ফর ইয়ুথ ল, ন্যাশনাল ইমিগ্রেশন ল সেন্টার, সেন্টার ফর জেন্ডার অ্যান্ড রিফিউজি স্টাডিজ এবং ট্রায়াল ইমপ্যাক্ট প্রজেক্ট আইনি সহায়তা দিচ্ছে। আদালতের এ আদেশের ফলে আপাতত অভিভাবকহীন শিশুদের আশ্রয় সাক্ষাৎকারের আগে অন্তত ২১ দিনের নোটিশ এবং প্রয়োজনে সাক্ষাৎকার পুনর্নির্ধারণের আগের সুযোগ ফিরে এসেছে। তবে এটি চূড়ান্ত রায় নয়। মামলার পরবর্তী শুনানি ও বিবেচনার মধ্য দিয়ে প্রশাসনের নীতিগুলোর বৈধতা নিয়ে সিদ্ধান্ত হবে।