নিউইয়র্কের লং আইল্যান্ডের ওয়েস্টবারিতে বাসিন্দাদের অভিযোগের পর ইসলামবিদ্বেষী বার্তাসংবলিত একাধিক পতাকা সরিয়ে নেওয়া হয়েছে। গত ২৮ অক্টোবর সকালে ফস্টার লেনের সড়কবাতির খুঁটিতে এসব পতাকা দেখতে পান এলাকাবাসী। পতাকাগুলোতে কালো পটভূমির ওপর লাল ক্রসের ছবি এবং ডিউস ভাল্ট লেখা ছিল। লাতিন এই শব্দবন্ধের অর্থ ঈশ্বরের ইচ্ছা। ক্রুসেডের সময় থেকে ব্যবহৃত এ স্লোগানটি পরবর্তী সময়ে উগ্র ডানপন্থী গোষ্ঠীর কিছু অংশ ইসলামবিরোধী বার্তা হিসেবে ব্যবহার করেছে বলে জানিয়েছে সাউদার্ন পোভার্টি ল সেন্টার।
এলাকার বাসিন্দা ক্রিস এসকুইয়ের্দো পতাকাগুলো দেখে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এগুলো ইসলামবিরোধী ও রুচিহীন। এটি একটি পারিবারিক আবাসিক এলাকা। শুধু তাদের সড়কেই ৩০টির বেশি শিশু রয়েছে বলে জানান তিনি। নাসাউ কাউন্টির হলোকাস্ট মেমোরিয়াল অ্যান্ড টলারেন্স সেন্টারের নির্বাহী পরিচালক বালি লার্নার বলেন, ঐতিহাসিক প্রতীক ও চিত্রকল্প ব্যবহার করে বর্তমানে বিভিন্ন জনগোষ্ঠীকে লক্ষ্য করে বিদ্বেষ ছড়ানো হচ্ছে। তার মতে, এ ধরনের প্রতীক নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা প্রকাশের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতে পারে।
পতাকাগুলো টাঙানোর দায় স্বীকার করেছেন স্থানীয় বাসিন্দা স্টিফেন কার্ডোজা। তিনি নিউজ ১২-কে বলেন, কেউ এতে অপমানিত বোধ করলে তিনি দুঃখিত। তবে এটি তার এলাকা এবং নিজের বক্তব্য তুলে ধরতেই তিনি পতাকাগুলো টাঙিয়েছেন। তার দাবি, কেউ চাইলে পতাকাগুলোকে আপত্তিকর হিসেবে দেখতে পারেন, কিন্তু তাতে কোনো অশ্লীলতা নেই। কী বার্তা দিতে চেয়েছিলেন, সে বিষয়ে অবশ্য বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি।
টাউন অব হেম্পস্টেডের এক মুখপাত্র জানান, বিদ্বেষমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে টাউনের জিরো টলারেন্স নীতি রয়েছে। সড়কবাতির খুঁটিতে এ ধরনের প্রতীক থাকার খবর পাওয়ার পরপরই টাউন কর্তৃপক্ষ পতাকাগুলো সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে এবং বিষয়টি নাসাউ কাউন্টি পুলিশ বিভাগকে জানায়। পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। তবে তদন্তের অগ্রগতি বা এ ঘটনায় কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এদিকে যুক্তরাষ্ট্রের বৃহত্তম মুসলিম নাগরিক অধিকার ও অ্যাডভোকেসি সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের নিউইয়র্ক শাখা পতাকাগুলো দ্রুত সরিয়ে নেওয়ার পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তবে সংগঠনটি বলেছে, পতাকা সরিয়ে ফেললেই মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে পাঠানো বার্তার প্রভাব মুছে যায় না।
কেয়ার-নিউইয়র্কের নির্বাহী পরিচালক আফাফ নাশের এক বিবৃতিতে বলেন, যেসব প্রতীককে ব্যাপকভাবে শত্রুতা ও ভীতি প্রদর্শনের সঙ্গে যুক্ত করা হয়, সেগুলো প্রকাশ্যে প্রদর্শনের মাধ্যমে যে বার্তা দেওয়া হয়, তা সহজে উপেক্ষা করা যায় না। পতাকা সরানোর পরও সেই বার্তা মুসলিম সম্প্রদায়ের মধ্যে থেকে যায়।
সংগঠনটি নাসাউ কাউন্টির নির্বাহী ব্রুস ব্লেকম্যানের প্রতি আহ্বান জানিয়েছে, তিনি যেন ঘটনাটির পূর্ণাঙ্গ পর্যালোচনা নিশ্চিত করেন। এজন্য নাসাউ কাউন্টি কমিশন অন হিউম্যান রাইটসকে বিষয়টি তদন্ত করে দেখতে, কোনো আইন বা বিধি লঙ্ঘিত হয়েছে কি না তা নির্ধারণ করতে এবং প্রয়োজন হলে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সিএআইআর-নিউইয়র্ক। সংগঠনটির মতে, পতাকা অপসারণের মধ্য দিয়েই বিষয়টির নিষ্পত্তি হওয়া উচিত নয়; সম্ভাব্য বৈষম্য বা ভীতি প্রদর্শনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

