মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে মসজিদ মু’মিনিনে অগ্নিসংযোগের ঘটনায় শন ফেনার (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৫ অক্টোবর সন্ধ্যায় শহরের ২৬৪২ হারফোর্ড রোডে অবস্থিত মসজিদটিতে আগুন দেওয়ার আগে তিনি মসজিদের এক সদস্যকে লাল রঙের গ্যাসের ক্যানের ছবি পাঠিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে মসজিদে অবাদে প্রবেশ করতে মসজিদের চাবি দাবি করেন ও না দিলে মসজিদের সম্পত্তিতে আগুন দেওয়ার হুমকিও দিয়েছিলেন বলে আদালতে দাখিল করা নথিতে উল্লেখ রয়েছে।
আগুনে মসজিদটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় ১ লাখ ডলার বলে উল্লেখ করা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সময় মসজিদটি খালি থাকায় কেউ হতাহত হননি।
আদালতের নথি অনুযায়ী, শন ফেনার অতীতে মসজিদটির আশপাশে অবস্থান করতেন। তিনি মসজিদ কমিটির কাছে সেখানে থাকার অনুমতি এবং প্রবেশের জন্য চাবি চেয়েছিলেন। তবে কমিটি তাকে সেই অনুমতি দিতে রাজি হয়নি। অগ্নিকাণ্ডের আগে মসজিদ প্রাঙ্গণে প্রবেশের অনুমতিও তার ছিল না। পুলিশ জানায়, আগুন লাগার আগে তিনি মসজিদের এক সদস্যকে লাল গ্যাসের ক্যানের ছবি পাঠান। অন্য একটি বার্তায় চাবি ফেরত দেওয়ার দাবি জানিয়ে তা না হলে মসজিদের সম্পত্তি পুড়িয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ।
গত ২৫ অক্টোবর হারফোর্ড রোডের ২৬০০ ব্লকে অবস্থিত মসজিদ মু’মিনিনে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেন। তখন ভবনটি আগুনে প্রায় পুরোপুরি আচ্ছন্ন ছিল। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর দুই প্রত্যক্ষদর্শীর শনাক্তের ভিত্তিতে ঘটনাস্থল থেকেই ফেনারকে আটক করা হয়।
ফেনারের বিরুদ্ধে দ্বিতীয় মাত্রার অগ্নিসংযোগ, প্রথম মাত্রার বিদ্বেষমূলক অগ্নিসংযোগ, অগ্নিসংযোগের হুমকি, সম্পত্তি ধ্বংস এবং বেপরোয়া বিপদ সৃষ্টিসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। গত ২৭ অক্টোবর আদালতে হাজির করা হলে তাকে জামিন ছাড়াই আটক রাখার নির্দেশ দেওয়া হয়।
মসজিদ মু’মিনিনের সহকারী ইমাম আবদুল মুহাইমিন আবদুল্লাহ বলেন, মসজিদটি ১৯৮০ সাল থেকে পরিচালিত হয়ে আসছে। এ ধরনের ঘটনা তাদের জন্য বড় ধাক্কা। তার ভাষায়, মসজিদটি শান্তির স্থান, যেখানে মানুষ একত্র হয়ে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির চর্চা করেন। মসজিদ কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, ফেনার তাদের পরিচিত ব্যক্তি ছিলেন। তবে অগ্নিসংযোগের কারণ এখনো তদন্তাধীন। বাল্টিমোর সিটি পুলিশের অগ্নিসংযোগ তদন্তকারী দল এবং ফেডারেল অ্যালকোহল, টোব্যাকো, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরোর (এটিএফ) সদস্যরা ঘটনাটি তদন্ত করছেন।

