ইতালির নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে প্রাচীন রোমের ইতিহাস, ফ্লোরেন্সের শিল্পকলা, ভেনিসের জলপথ আর ভূমধ্যসাগরের নীল জলরাশি। কিন্তু ইতালির এমন একটি জায়গা আছে, যেখানে প্রকৃতি যেন নিজের হাতে পাহাড়ের গায়ে রঙতুলির আঁচড় দিয়ে সাজিয়ে রেখেছে একের পর এক ছোট্ট গ্রাম। সমুদ্রের নীলের পাশে গোলাপি, হলুদ, কমলা আর লাল রঙের বাড়িগুলো দাঁড়িয়ে আছে বহু শতাব্দীর গল্প বুকে নিয়ে। জায়গাটির নাম চিঙ্কে তেরে। এটি ইউনেস্কো হেরিটেজের অন্তর্ভুক্ত।
ইতালীয় ভাষায় ঈরহয়ঁব অর্থ পাঁচ আর ঞবৎৎব অর্থ ভূমি বা জনপদ। অর্থাৎ পাঁচটি জনপদ, পাঁচটি আলাদা গ্রাম-প্রতিটির নিজস্ব সৌন্দর্য, ইতিহাস আর জীবনযাত্রা। লিগুরিয়া অঞ্চলের খাড়া পাহাড়, আঙুরের বাগান, সরু পাথুরে পথ আর ভূমধ্যসাগরের ঢেউ মিলে এই পাঁচ গ্রামকে করে তুলেছে এক অনন্য স্বপ্নরাজ্য। ভোরের রোম। শহর তখনো পুরোপুরি জেগে ওঠেনি। হোটেলের জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি, রাস্তার ওপর সকালের কোমল আলো ছড়িয়ে পড়ছে। দূরে কোনো ক্যাফের দরজা খুলছে, ফুটপাতে সাজানো হচ্ছে টেবিল-চেয়ার, আর কফির সুবাসে ধীরে ধীরে জেগে উঠছে শহর।
ঠিক সাতার দিকে হোটেলের লবিতে এসে হাজির হলো আমার আজকের ভ্রমণসঙ্গী। বয়স ২৬/২৭-এর বেশি হবে না। কাঁধ ছুঁয়ে থাকা বাদামি চুল, চোখে কৌতূহলের ঝিলিক, মুখে এমন এক হাসি-যেন সকালের রোদ একটু আগেই এসে আশ্রয় নিয়েছে তার মুখে। কাছে এসে হাত বাড়িয়ে বললো, আমি জুলিয়া। আজ সারাদিন তোমার গাইড। আজ তোমাকে ইতালির এমন এক জায়গায় নিয়ে যাব, যেখান থেকে ফিরে এসে তোমার মনে হবে, পৃথিবীর সব রঙ বুঝি এক জায়গায় জমা হয়েছে।
আমি হাসলাম।
রোমের রেলস্টেশনে পৌঁছে আমরা ফ্লোরেন্সগামী ট্রেনে উঠলাম। জানালার পাশে আমার আসন। ট্রেন ছেড়ে দিতেই পেছনে সরে যেতে লাগল রোমের বাড়িঘর, পুরোনো দেয়াল আর শহরতলির ব্যস্ততা। জুলিয়া আমার পাশের আসনে বসে জানালার বাইরের দিকে ইশারা করল। দেখো, ইতালিকে বুঝতে হলে শুধু রোমের ইতিহাস জানলে হবে না। শহরের বাইরে বেরিয়ে এলে বুঝবে, এ দেশের সৌন্দর্য তার ছোট ছোট জনপদেও ছড়িয়ে আছে। ট্রেন ছুটে চলেছে ইতালির সবুজ প্রান্তরের মধ্য দিয়ে।
কোথাও বিস্তীর্ণ মাঠ, কোথাও জলপাই গাছের সারি, কোথাও ছোট ছোট বাড়ি ঘিরে সাজানো বাগান। মাঝে মাঝে দূরে পাহাড়ের রেখা দেখা যায়। কোনো কোনো গ্রামে বাড়ির দেয়াল মাটির রঙের, ছাদের টালি পোড়ামাটির মতো লালচে।
একসময় জুলিয়া বললো, ইতালির গ্রামাঞ্চলে ফলের বাগানও দেখতে পাবে। মৌসুম আর অঞ্চলভেদে কোথাও কমলালেবু, কোথাও লেবু, কোথাও জলপাই। সত্যিকারের ইতালি কল্পনার চেয়েও সুন্দর, যদি তাকে মন দিয়ে দেখতে পারো। তার কথায় মুগ্ধ হলাম। জানালার বাইরে তখন রোদে ঝলমল করছে বিস্তীর্ণ মাঠ। কোথাও ফলের গাছের সারি, কোথাও সরু রাস্তার ধারে ছোট্ট বাড়ি। মনে হলো, এই যাত্রা যেন শুধু একটি গন্তব্যে পৌঁছানোর নয়; বরং ইতালিকে একটু একটু করে চিনে নেওয়ার।
লাল রঙের দ্রুতগামী ফ্রেচ্চারোসা ট্রেন ছুটে চলল উত্তরে। ঢেউ খেলানো সবুজ পাহাড়, পাহাড়ের মাথায় পুরোনো পাথরের গ্রাম, সারি সারি সাইপ্রেস গাছ যেন আকাশের দিকে আঙুল তুলে দাঁড়িয়ে আছে। কুয়াশার পাতলা চাদর তখনও উপত্যকায় শুয়ে ছিল। জুলিয়া জানালার দিকে ইশারা করে বললো,এই হলো উমব্রিয়া আর টাসকানির সীমানা। এখানকার জলপাই বাগানগুলোর বয়স শত শত বছর।
কফির কাপ হাতে সে শোনাল রোমান সাম্রাজ্যের রাস্তার গল্প। রোমানরা নাকি এই পথ ধরেই উত্তরে সেনা পাঠাত, আর বলা হতো -সব পথ রোমে মেলে। আমি বললাম, আজ তো উল্টো। আজ সব পথ রোম থেকে বেরিয়ে যাচ্ছে। সে হাসলে, বললাম, কিন্তু সন্ধ্যায় তো আবার রোমেই ফিরবে। প্রবাদটা মিথ্যে হয়নি। দেড় ঘণ্টার মধ্যে পৌঁছে গেলাম ফ্লোরেন্স। সান্তা মারিয়া নভেল্লা স্টেশনে নেমে দূর থেকে এক ঝলক দেখা গেল বিখ্যাত ক্যাথেড্রালের লালচে গম্বুজ।
জুলিয়া বললো, ব্রুনেলেস্কি এই গম্বুজ বানিয়েছিলেন কোনো খুঁটি ছাড়াই। ৫০০ বছর ধরে সবাই অবাক হয়ে দেখছে। আমিও অবাক হয়ে দেখছি, বললাম, তবে গম্বুজের দিকে নয়। সে লজ্জায় মুখ ফিরিয়ে বললো, চলো চলো, লা স্পেৎসিয়ার ট্রেন ছেড়ে দেবে। আঞ্চলিক ট্রেনটা ধীরগতির, কিন্তু সেটাই ভালো লাগল। পিসা পেরিয়ে ট্রেন যত পশ্চিমে এগোল, বাতাসে তত নোনা গন্ধ।
তারপর এল সেই দৃশ্য, যার জন্য সারাজীবন মনে থাকবে পথটা। রেললাইনের দুপাশে, ছোট ছোট বাড়ির উঠোনে আর পাহাড়ি ঢালের বাগানে কমলা লেবুর গাছ। থরে থরে কমলা ঝুলে আছে, যেন কেউ গাছগুলোতে ছোট ছোট সূর্য ঝুলিয়ে দিয়েছে। গাঢ় সবুজ চকচকে পাতার ফাঁকে উজ্জ্বল কমলা রং। পাশেই হলুদ পাতিলেবুর গাছ, এত বড় বড় লেবু যে প্রথমে বিশ্বাস হচ্ছিল না। কোথাও এক বুড়ো মানুষ মই বেয়ে লেবু পাড়ছেন, নিচে ঝুড়ি হাতে দাঁড়িয়ে তার স্ত্রী। কোথাও জলপাই গাছের নিচে জাল বিছানো, ফল পড়লেই জমা হবে।
জুলিয়া বললো,লিগুরিয়ায় অক্টোবর মানে ফসলের মাস। আঙুর তোলা শেষ, জলপাই পাকছে, লেবু আর কমলা গাছ ভরে আছে। তোমাদের দেশে কি শরৎকালেও বসন্তের রং থাকে? আমি জানতে চাইলাম। এখানে সমুদ্র শীতকে কাছে আসতে দেয় না, সে বলল। পাহাড় উত্তরের ঠান্ডা বাতাস আটকায়, আর সমুদ্র উষ্ণতা দেয়। তাই লেবু গাছ সারা বছর হাসে। বললাম, কেউ কেউ লেবু গাছের মতোই, সারাক্ষণ হাসে। সে কাঁধে আলতো একটা ধাক্কা দিয়ে বললো, তুমি কি সব গাইডকেই এমন বলো?
আমি দুস্টুমি করে বললাম, আমার জীবনে তুমিই প্রথম গাইড। তাহলে আমি সাবধানে গাইড করব। কারণ তুমি বিপজ্জনক পর্যটক, বলে জানালার কাচে মাথা ঠেকাল, ঠোঁটে চাপা হাসি।
লা স্পেৎসিয়া স্টেশনে নেমে আমরা উঠলাম চিঙ্কে তেরের ছোট লোকাল ট্রেনে। ট্রেনটা পাহাড়ের পেট চিরে সুড়ঙ্গের পর সুড়ঙ্গ পেরোয়, আর মাঝে মাঝে হঠাৎ অন্ধকার থেকে বেরিয়ে আসে একেবারে সমুদ্রের গায়ে। প্রতিবার আলো ফিরলেই জানালায় ঝলসে ওঠে নীল জল। জুলিয়া নাম বুঝিয়ে দিল- চিঙ্কে মানে পাঁচ, তেরে মানে ভূমি। স্থানীয়রা বলে পাঁচ গ্রাম। রিওমাজ্জারে, মানারোলা, কর্নিলিয়া, ভেরনাৎসা আর মন্তেরোসো। প্রত্যেকে আলাদা, পাঁচ বোনের মতো, তবে একজনের সঙ্গে আরেকজনের মিল নেই।
সুড়ঙ্গ থেকে বেরিয়েই ট্রেন থামলো রিওমাজ্জোরেতে। স্টেশন থেকে একটু হেঁটে বাঁক ঘুরতেই চোখের সামনে যে দৃশ্য, তা ছবিতে দেখেছিলাম, কিন্তু সামনাসামনি দেখে বুক কেঁপে উঠলো। দুই পাহাড়ের মাঝখানে সরু খাঁজ, আর সেই খাঁজ বেয়ে সমুদ্রের দিকে নেমে এসেছে লম্বা, সরু, উঁচু বাড়ির সারি। গোলাপি, হলুদ, পোড়ামাটির লাল, পিচ রঙের দেয়াল, প্রতিটি জানালায় সবুজ কাঠের খড়খড়ি। বারান্দায় ঝুলছে রঙিন কাপড়, টবে জেরানিয়াম ফুল। নিচে ছোট্ট পোতাশ্রয়ে রঙিন কাঠের নৌকা, ঢেউয়ে দুলছে আলতো করে।
আর পাথরের গায়ে আছড়ে পড়ছে ফিরোজা নীল জল। জুলিয়া বললো, জানো, বাড়িগুলো এতো রঙিন কেন? প্রচলিত গল্প হলো, জেলেরা সমুদ্র থেকে ফেরার সময় দূর থেকে নিজের বাড়ি চিনতো রঙ দেখে। কুয়াশার মধ্যেও হলুদ বাড়ি মানে মারিওর বাড়ি, গোলাপি বাড়ি মানে জুসেপ্পের। আর বাড়িগুলো এতো উঁচু আর সরু কেন? জায়গা নেই বলে। পাহাড় আর সমুদ্রের মাঝে যেটুকু জমি, সেখানেই মানুষ ঘর তুলেছে ওপরের দিকে। মধ্যযুগে জলদস্যুদের ভয়ও ছিল, তাই বাড়িগুলো দুর্গের মতো ঘন করে বানানো।
অনেক বাড়ির দুটো দরজা, একটা নিচের গলিতে, আরেকটা ওপরের রাস্তায়, যাতে বিপদে পালানো যায়। পোতাশ্রয়ের পাথরে বসে আমরা ঢেউ গুনছিলাম। একটা বুড়ো জেলে জাল সেলাই করছিলেন। জুলিয়া তার সঙ্গে লিগুরিয়ান টানে কিছু কথা বললো, তিনি হেসে আমার দিকে তাকিয়ে কী যেন বললেন।
কী বললেন তিনি? জুলিয়া লাল হয়ে বললো, এই গ্রামে যারা জোড়ায় আসে, তারা আবার ফিরে আসে। আমরা কি জোড়া? আজকের জন্য, সে নরম স্বরে বললো, আমরা ভ্রমণসঙ্গী। রিওমাজ্জোরে থেকে মানারোলা খুব কাছে। এ দুই গ্রামের মাঝে আছে বিখ্যাত পথ, ভিয়া দেলআমোরে, অর্থাৎ ভালোবাসার পথ। খাড়া পাহাড়ের গা কেটে বানানো সরু রাস্তা, একপাশে পাথরের দেয়াল, অন্যপাশে অনেক নিচে সমুদ্র। হাঁটতে হাঁটতে জুলিয়া গল্প শোনালো।
অনেক বছর আগে এই দুই গ্রামের মধ্যে যাতায়াত ছিল খুব কঠিন, পাহাড় ডিঙিয়ে যেতে হতো। রেললাইন বানানোর সময় এই পথ তৈরি হয়। তখন দুই গ্রামের ছেলেমেয়েরা প্রথমবার সহজে দেখা করতে পারলো। এখানেই নাকি অনেক প্রেম শুরু হয়েছিল। তাই নাম হয়ে গেল ভালোবাসার পথ। পথের রেলিংয়ে, পাথরের ফাঁকে অসংখ্য তালা ঝোলানো, প্রেমিক-প্রেমিকারা নাম লিখে রেখে গেছে।
তুমি কখনো এখানে তালা লাগিয়েছ? জিজ্ঞেস করলাম। সে একটু চুপ থেকে বললো, না। আমার মনে হয়, ভালোবাসা তালায় আটকে রাখার জিনিস না। ওটা এই বাতাসের মতো, শুধু অনুভব করতে হয়। সমুদ্রের বাতাস তখন তার চুল উড়িয়ে আমার কাঁধে এনে ফেলছিল। কেউ কিছু বললাম না। কিছু মুহূর্ত কথা ছাড়াই সুন্দর। মানারোলা যেন কালো পাথরের ক্যানভাসে আঁকা রঙিন ছবি। গ্রামটা বসে আছে সমুদ্রের ওপর উঠে আসা এক বিশাল অন্ধকার পাথরের মাথায়।
বাড়িগুলো একটার গায়ে আরেকটা হেলান দিয়ে স্তরে স্তরে উঠে গেছে, যেন সবাই মিলে সমুদ্র দেখার জন্য ভিড় করেছে। চারপাশের পাহাড়ে ধাপে ধাপে আঙুরের ক্ষেত। পুরোনো শুকনো পাথরের দেয়াল দিয়ে বানানো সিঁড়ির মতো জমি। জুলিয়া বললো, এই পাথরের দেয়ালগুলো শত শত বছর ধরে মানুষ নিজের হাতে বানিয়েছে, কোনো সিমেন্ট ছাড়া। হিসাব করলে নাকি হাজার হাজার কিলোমিটার লম্বা হবে। এ পরিশ্রম আর সৌন্দর্যের জন্যই ১৯৯৭ সালে ইউনেস্কো এ অঞ্চলকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে।
উপরের একটা বাঁকে দাঁড়িয়ে আমরা পুরো গ্রামটা দেখলাম। নিচে সমুদ্রে কয়েকজন সাঁতার কাটছে, পাথর থেকে লাফ দিচ্ছে এক কিশোর। দূরে দিগন্তে একটা সাদা পালতোলা নৌকা। বড়দিনে এ পাহাড়জুড়ে আলো দিয়ে বিশাল একটা দৃশ্য সাজানো হয়, জুলিয়া বললো। রাতে মনে হয় পুরো পাহাড় জ্বলছে। তাহলে ডিসেম্বরে আবার আসতে হবে। কর্নিলিয়া পাঁচ বোনের মধ্যে সবচেয়ে আলাদা। এটাই একমাত্র গ্রাম যেটা সমুদ্রের পাড়ে নয়, বরং প্রায় ১০০ মিটার উঁচু খাড়া পাহাড়ের মাথায় বসে আছে।
স্টেশন থেকে উঠতে হয় আঁকাবাঁকা ইটের সিঁড়ি বেয়ে, ৩৮২টা ধাপ। তুমি কি সিঁড়ি গুনবে, না আমার গল্প শুনবে? জুলিয়া হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলো। দুটোই। প্রতি দশ ধাপে একটা গল্প। তাহলে আমাকে ৩৮টা গল্প বলতে হবে! সিঁড়ির দুপাশে আঙুরলতা, জলপাই গাছ আর বুনো রোজমেরির ঝোপ। একটু পাতা ছুঁয়ে দিলেই হাতে লেগে যায় সুগন্ধ। মাঝপথে থেমে পেছনে তাকালাম, নিচে বিস্তীর্ণ নীল সমুদ্র, দূরে দুদিকে অন্য গ্রামগুলোর রঙিন আভাস।
উপরে উঠে মনে হলো, অন্য জগতে এসেছি। সরু পাথরের গলি, এত সরু যে দুজন পাশাপাশি হাঁটলে কাঁধ ছুঁয়ে যায়। জানালায় শুকোচ্ছে কাপড়, দরজার সামনে বসে আছে বিড়াল। কোলাহল নেই, শুধু পাখির ডাক আর দূরে ঢেউয়ের শব্দ। গ্রামের শেষ মাথায় একটা ছোট্ট চত্বর, সেখান থেকে সমুদ্রের দৃশ্য একেবারে খোলা। রেলিংয়ে হেলান দিয়ে জুলিয়া বললো, আমি যখন ছোট ছিলাম, বাবা আমাকে এখানে আনতেন। বলতেন, কর্নিলিয়া হলো সেই মানুষের মতো, যে ভিড়ে থাকে না, কিন্তু যে একবার তাকে চেনে, সে ভুলতে পারে না। তোমার বাবা ঠিকই বলতেন।
কেন বলছ?
কারণ আমি একজনকে চিনেছি আজ, যাকে ভুলতে পারব বলে মনে হচ্ছে না। জুলিয়া কিছুক্ষণ সমুদ্রের দিকে তাকিয়ে রইল। তারপর আস্তে বললো, তুমি খুব বিপজ্জনক মানুষ। এমন কথা বললে গাইডের কাজ ভুলে যেতে হয়। গলির এক দোকান থেকে সে কিনে আনলো লেবুর শরবত, স্থানীয় লেবু চিপে বানানো, ঠান্ডা আর টক-মিষ্টি। একটা গ্লাস আমার হাতে দিয়ে বললো, এই নাও, লিগুরিয়ার সূর্যের স্বাদ।
ট্রেন যখন ভেরনাৎসায় থামলো, তখন সূর্য মাথার উপরে। অনেকের মতে, এটাই পাঁচ গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দর। গ্রামের প্রধান রাস্তা নেমে গেছে সোজা একটা ছোট্ট প্রাকৃতিক পোতাশ্রয়ে, যেটা যেন সমুদ্রের কোলে একটা আলিঙ্গন। পোতাশ্রয়ের একপাশে পাথরের ওপর দাঁড়িয়ে আছে পুরোনো দোরিয়া দুর্গের গোল টাওয়ার। অন্যপাশে সমুদ্রের একদম কিনারে সান্তা মার্গারিতা দি আন্তিওকিয়া গির্জা, যার ঘণ্টাঘর আকাশে মাথা তুলে আছে।
মাঝখানে রঙিন বাড়ি দিয়ে ঘেরা চত্বর, ছাতার নিচে ক্যাফে, আর জলে ভাসছে রঙিন নৌকা। জুলিয়া বললো, মধ্যযুগে ভেরনাৎসা ছিল গুরুত্বপূর্ণ বন্দর। জেনোয়া প্রজাতন্ত্রের সময় এখানে জাহাজ ভিড়ত। ওই টাওয়ার থেকে পাহারাদাররা জলদস্যু দেখলেই সংকেত দিত, আর গ্রামের মানুষ পাহাড়ে পালাত। তুমি এত ইতিহাস কীভাবে মনে রাখো? কারণ আমি ইতিহাসকে গল্প ভাবি। আর গল্প কখনো ভোলা যায় না। সে একটু থেমে বললো, আজকের দিনটাও একটা গল্প হয়ে থাকবে।
এবার দুপুরের খাবার। পোতাশ্রয়ের পাশে একটা ছোট পারিবারিক রেস্তোরাঁ, যেখানে টেবিলগুলো একেবারে জলের ধারে। আগেই জুলিয়াকে বলেছিলাম আমি হালাল খাই, না পেলে মাছ বা সবজি। সে মনে রেখেছিল। এখানে হালাল মাংস পাওয়া কঠিন, সে বললো। কিন্তু তোমার ভাগ্য ভালো। লিগুরিয়া মাছ আর সবজির রাজ্য। চলো, আমি অর্ডার করি।
টেবিলে একে একে এলো:
ত্রোফিয়ে আল পেস্তো: ছোট মোচড়ানো পাস্তা, তাজা তুলসী, পাইন বাদাম, জলপাই তেল আর পনির দিয়ে বানানো সবুজ সস। জুলিয়া বললো, পেস্তোর জন্মই এই লিগুরিয়ায়।
আচ্চুগে আল লিমোনে: স্থানীয় অ্যাঙ্কোভি মাছ, লেবুর রসে মাখানো, ওপরে জলপাই তেল আর পার্সলে। এ উপকূলের সবচেয়ে বিখ্যাত মাছ।
ফ্রিত্তো মিস্তো দি মারে: কাগজের ঠোঙায় মচমচে ভাজা মাছ, স্কুইড আর চিংড়ি, ওপরে লেবুর ফালি।
ফোকাচ্চা: নরম, তেলতেলে রুটি, ওপরে মোটা দানার লবণ। সঙ্গে সবজির টার্ট, তোর্তা দি ভেরদুরে।
মালিক বৃদ্ধা সিনিওরা নিজে এসে খাবার পরিবেশন করলেন। জুলিয়া তাঁকে আগেই বলে রেখেছিল, তাই রান্নায় কোনো মাংস বা মাংসের ঝোল ব্যবহার করেননি। খাবারের মাঝে ওয়েটার স্থানীয় মিষ্টি ওয়াইন শাকেত্রার কথা বললেন। আমি বিনয়ের সঙ্গে না বললাম। জুলিয়া একটুও অবাক হলো না, বরং ওয়েটারকে বললো, তাজা কমলার রস আনতে। তোমার বিশ্বাসকে সম্মান করা আমার কাছে স্বাভাবিক, সে বলল। আর তাছাড়া আজ কমলাই আমাদের দিনের রং। পেস্তো পাস্তা মুখে দিয়ে চোখ বন্ধ হয়ে গেল।
তুলসীর সুবাস আর জলপাই তেলের মসৃণতা মিলে এক অদ্ভুত তাজা স্বাদ। জুলিয়া আমার মুখের দিকে তাকিয়ে হাসছিল। সমুদ্রের ঢেউ তখন রেস্তোরাঁর পাথরের দেয়ালে এসে মৃদু শব্দ করছিল, যেন আমাদের কথায় সায় দিচ্ছে।
শেষ গ্রাম মন্তেরোসো। পাঁচ বোনের মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে প্রাণবন্ত। এখানেই আছে চিঙ্কে তেরের একমাত্র বড় বালুকাময় সৈকত। সারি সারি রঙিন ছাতা, নীল-স্বচ্ছ জল, আর সৈকতের পেছনে সবুজ পাহাড়। গ্রামটা দুই ভাগে। নতুন অংশ ফেজিনা, আর পুরোনো শহর, যেখানে মধ্যযুগীয় সরু গলি, পাথরের খিলান আর ছোট ছোট চত্বর। সৈকতের এক প্রান্তে পাথরের গায়ে বিশাল এক মূর্তি, ইল জিগান্তে, অর্থাৎ দানব।
এই মূর্তিটা প্রায় ১০০ বছর আগে বানানো, জুলিয়া বললো। সমুদ্রের দেবতা নেপচুনের মূর্তি, কাঁধে একটা বিশাল খোলস নিয়ে দাঁড়িয়ে ছিল, একটা ভিলার বারান্দা ধরে রাখতো। ঝড় আর যুদ্ধে অনেকটা ভেঙে গেছে, কিন্তু এখনও দাঁড়িয়ে আছে।
মন্তেরোসো লেবুর জন্য বিখ্যাত। পুরোনো শহরের পেছনের ঢালে লেবু বাগান, গাছে গাছে হলুদ লেবু ঝুলছে। দোকানে দোকানে লেবুর সাবান, লেবুর মিঠাই, লেবুর মোমবাতি। প্রতি বসন্তে এখানে লেবু উৎসবও হয়। এক বাগানের পাশে এক বৃদ্ধ কৃষক আমাদের হাতে দুটো কমলা তুলে দিলেন, টাটকা গাছ থেকে পাড়া। জুলিয়া খোসা ছাড়িয়ে আধখানা আমার হাতে দিলো। এতো রসালো, এতো মিষ্টি কমলা জীবনে খাইনি। সৈকতের পাথরে বসে আমরা পা ভিজিয়ে নিলাম। অক্টোবরের জল একটু ঠান্ডা, কিন্তু রোদ উষ্ণ। জুলিয়া জুতো হাতে নিয়ে ঢেউয়ের কিনারে হাঁটছিল, আর আমি তার পায়ের ছাপ দেখছিলাম, যা ঢেউ এসে মুছে দিচ্ছিল।
হঠাৎ সে ফিরে এসে আমার পাশে বসলো।
জানো, আমি প্রতি সপ্তাহে কাউকে না কাউকে এখানে নিয়ে আসি। সবাই ছবি তোলে, সেলফি তোলে, চলে যায়। কেউ কখনো জিজ্ঞেস করেনি আমার বাবা কী বলতেন, বা আমি কী ভাবি। আমি জিজ্ঞেস করছি। তুমি কী ভাবো? সে অনেকক্ষণ চুপ করে রইলো। তারপর বললো, আমি ভাবি, কিছু দিন এতো তাড়াতাড়ি শেষ হয় কেন!
বিকাল গড়িয়ে এলো। শেষ লেবুর শরবত খেয়ে আমরা মন্তেরোসো স্টেশনে ফিরলাম। লা স্পেৎসিয়ার ট্রেন যখন আবার উপকূল ধরে ছুটছে, তখন সূর্য সমুদ্রে নামছে। সুড়ঙ্গ থেকে বেরোনোর প্রতিটি মুহূর্তে জানালায় একেকটা অবিশ্বাস্য ছবি। সমুদ্র সোনালি, তারপর কমলা, তারপর গোলাপি। রিওমাজ্জোরে আর মানারোলার রঙিন বাড়িগুলো শেষ আলোয় যেন জ্বলছে। দূরে দিগন্তে লাল সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছে।
আমি জুলিয়ার কাছে জানতে চাইলাম, পাঁচটি গ্রামের মধ্যে তোমার প্রিয় কোনটি? সে কিছুক্ষণ ভেবে বললো, প্রশ্নটা কঠিন। তবে মানারোলার দৃশ্য আমাকে মুগ্ধ করে, ভেরনাজ্জার ইতিহাস ভালো লাগে, কর্নিলিয়ার শান্তি পছন্দ করি। রিওমাজ্জোরের গলিগুলো সুন্দর, আর মনতেরোসোর সৈকতে বসে সময় কাটাতে ইচ্ছে করে। তাই একটিকে বেছে নিতে পারব না।
তাহলে পাঁচটিই তোমার প্রিয়? হয়তো। মানুষের মতো জায়গারও আলাদা আলাদা গুণ থাকে। জুলিয়া কাচে মাথা রেখে বসে ছিল। আমি বললাম, তুমি সকালে বলেছিলে, দিনশেষে আমি বলব তুমি পাঁচ গ্রামের কোনটির মতো।
হ্যাঁ। বলো।
তুমি রিওমাজ্জোরের মতো রঙিন, মানারোলার মতো পাথরের ওপর দাঁড়িয়ে থাকা সাহসী, কর্নিলিয়ার মতো শান্ত আর গভীর, ভেরনাৎসার মতো উষ্ণ, আর মন্তেরোসোর মতো প্রাণবন্ত। তুমি পাঁচ বোনই একসঙ্গে। সে কিছু বললো না। শুধু চোখ দুটো চকচক করে উঠলো। ট্রেন অন্ধকার সুড়ঙ্গে ঢুকে গেল, আর আমরা দুজনেই চুপ করে রইলাম।
লা স্পেৎসিয়া, তারপর ফ্লোরেন্স। ফ্লোরেন্সে দ্রুতগামী ট্রেনে উঠতে উঠতে বাইরে রাত নেমে গেছে। টাসকানির পাহাড়গুলো এখন অন্ধকারে, শুধু দূরে দূরে গ্রামের আলো জোনাকির মতো জ্বলছে। জুলিয়া ব্যাগ থেকে একটা ছোট খাতা বের করে কী যেন লিখল, তারপর ছিঁড়ে ভাঁজ করে আমার হাতে দিলো।
এখন খুলবে না। রোমে পৌঁছে খুলবে।
রাতে ট্রেন যখন রোমা তেরমিনিতে ঢুকল, প্ল্যাটফর্মে তখন হালকা ভিড়। সকালের সেই একই স্টেশন, কিন্তু মনে হচ্ছিল একটা পুরো জীবন পার হয়ে এসেছি। আমরা প্ল্যাটফর্মে নামলাম। কেউ কিছু বলছি না। জুলিয়া জ্যাকেটের পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে ছিল, চোখ নিচের দিকে।
বললাম, আমার কাজ শেষ। তোমার ভ্রমণ শেষ। ভ্রমণ শেষ, কিন্তু গল্প শেষ না। আমি বললাম। আরিভেদেরচি, সে ফিসফিস করে বললো। ইতালিয়ানে এর মানে, আবার দেখা হবে।
সে আলতো করে আমার হাত ছুঁয়ে দিলো, তারপর ঘুরে দাঁড়িয়ে হাঁটতে শুরু করলো। কয়েক পা গিয়ে একবার ফিরে তাকালো, হাত নাড়লো। তারপর ভিড়ের মধ্যে নীল জ্যাকেটটা হারিয়ে গেল। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর পকেট থেকে ভাঁজ করা কাগজটা বের করলাম। তাতে ছোট ছোট অক্ষরে লেখা: পাঁচটা গ্রাম দেখালাম তোমাকে। কিন্তু আজ আমি ষষ্ঠ একটা জায়গা আবিষ্কার করলাম, যেটা কোনো মানচিত্রে নেই। ডিসেম্বরে মানারোলার আলো দেখতে এসো। আমি অপেক্ষা করবো, জলপাই গাছের মতো জুলিয়া স্টেশনের বাইরে রোমের রাত। আকাশে চাঁদ। আমার হাতে তখনও লেগে আছে মন্তেরোসোর কমলার গন্ধ।

