ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণ’-এ চিরজ্বলন্ত শিখাটি নিভিয়ে ফেলার প্রতিবাদ ও পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফন নিয়ে সৃষ্ট পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে গত ৩০ অক্টোবর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে জেনোসাইড’৭১ ফাউন্ডেশন এক সংকাদ সম্মেলনে আয়োজন করে। সংবাদ সম্মেলনে এই দুটো ঘটনার নিন্দা জানানে হয় এবং শিখা অর্নিবান অর্থাভাবে বন্ধ থাকলে সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়, যাকে এটি চালু রাখা যায়। 

জেনোসাইড ৭১ ফাউন্ডেশন ইউএসএর সভাপতি ড. প্রদীন রঞ্জন করের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনজুর চৌধুরী পরিচালনায় সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দফতর সম্পাদক ও পূর্বাঞ্চলীয় আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মাদ আলী সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু, অ্যাডভোকেট জাকির এইচ মিয়া, রিনা আবেদীন, কৃষিবিদ সৈয়দ মিজানুর রহমান, কাজল মাহমুদ, যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নুরুজ্জামান সরকার, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সহ-সভাপতি টি. মোল্লা, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা শফিকুল ইসলাম, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন জয়, কমিউনিটি অ্যাকটিভিস্ট শক্তি দাস গুপ্ত ও শিবলী সাদিক প্রমুখ। 

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ড. প্রদীপ রজ্ঞন কর উল্লেখ করেন, বাংলাদেশের ইতিহাসে শিখা অনির্বাণ এক অনন্য স্থান দখল করে আছে। এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের সাহস, ত্যাগ ও দেশপ্রেমের স্মারক। কোটি বাংলাদেশির কাছে এটি কেবল সামরিক আত্মত্যাগের প্রতীকই নয়, বরং স্বাধীনতা, মর্যাদা, গণতন্ত্র ও সার্বভৌমত্বের জন্য জাতির সংগ্রামেরও এক অবিস্মরণীয় প্রতীক।

চিরজ্বলন্ত শিখা বিশ্বজুড়ে এমন একটি প্রতীক হিসেবে স্বীকৃত, যা একটি জাতির অশেষ কৃতজ্ঞতাবোধকে তুলে ধরে। বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের শিখা নিরবচ্ছিন্নভাবে প্রজ্বলিত রাখা হয়। কারণ এগুলো জাতির জন্য জীবন উৎসর্গকারীদের স্মরণে রাখা এক চিরস্থায়ী অঙ্গীকারের বহিঃপ্রকাশ।’ লিখিত বক্তব্যে গভীর উদ্বেগের সঙ্গে বলা হয়, আমরা অবগত হয়েছি যে, ওই চিরজ্বলন্ত শিখাটির প্রজ্বলন বন্ধ রাখা হয়েছে।

শিখা অনির্বাণ’-এর প্রতীকী গুরুত্ব বিবেচনায় এর নিরবচ্ছিন্ন প্রজ্বলন বজায় রাখা অত্যন্ত যৌক্তিক। একটি আনুষ্ঠানিক চিরজ্বলন্ত শিখা বজায় রাখার ব্যয় এর শিক্ষামূলক, ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জাতীয় তাৎপর্যের তুলনায় অত্যন্ত নগণ্য। প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী, সামরিক সদস্য, প্রবীণ সেনাসদস্য, কূটনীতিক, গবেষক এবং সাধারণ নাগরিক বাংলাদেশের স্বাধীনতার জন্য প্রদত্ত আত্মত্যাগের কথা জানতে জাতীয় স্মৃতিস্তম্ভগুলো পরিদর্শন করেন।

নিরন্তর প্রজ্বলিত এই শিখাটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি জীবন্ত শিক্ষা হিসেবে কাজ করে। তাই শিখা অনির্বাণ জ্বালিয়ে লাখা হোক। প্রয়োজনে তারা অর্থ সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন। 

এরপরই বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফন পরিস্থিতি নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন মঞ্জুর চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ইতিহাসে বীর মুক্তিযোদ্ধারা চিরস্মরণীয়। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে জীবন বাজি রেখে যারা লড়াই করেছিলেন, তাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। তাদের সাহস, ত্যাগ ও অবদান জাতির গর্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা। 

মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানানো কেবল আনুষ্ঠানিক দায়িত্ব নয়; এটি আমাদের জাতীয় ইতিহাস, আত্মপরিচয় ও কৃতজ্ঞতাবোধের অংশ। একজন মুক্তিযোদ্ধার জীবদ্দশায় তার যথাযথ মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি মৃত্যুর পরও সম্মানজনক শেষ বিদায়ের পরিবেশ বজায় রাখা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব। অথচ সারাদেশে দিনের পর দিন মুক্তিযোদ্ধারা নিগৃত ও অপমানিত হচ্ছে। কিন্তু পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর তার গার্ড অব অনার ও দাফন নিয়ে যে বিরোধের সৃষ্টি হয়েছে, তা নতুন করে প্রশ্ন তুলেছে-রাজনৈতিক মতপার্থক্য কি মানুষের শেষ বিদায়কেও বিতর্কের কেন্দ্রে নিয়ে যাবে?

তিনি আরো বলেন, মানিক পশারী প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন কি না, সে বিষয়ে কারো প্রশ্ন থাকলে, তা যাচাই করার নির্ধারিত প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া রয়েছে। সংশ্লিষ্ট সরকারি নথি পরীক্ষা, কর্তৃপক্ষের সিদ্ধান্ত এবং প্রযোজ্য আইন অনুসরণ করেই এ ধরনের প্রশ্নের নিষ্পত্তি হওয়া উচিত। কোনো রাজনৈতিক দল বা সংগঠন নিজেরাই চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে একজন ব্যক্তির মর্যাদা নির্ধারণ করতে পারে না।

বিশেষত, একজন বীর মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করার পর তার মরদেহকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হলে পরিস্থিতি আরো সংবেদনশীল হয়ে ওঠে। অভিযোগ যাচাইয়ের অধিকার যেমন রয়েছে, তেমনি আইনসম্মত প্রক্রিয়া অনুসরণ এবং পরিবারের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করাও জরুরি। তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি।

সেই যুদ্ধের ইতিহাসে মুক্তিযোদ্ধাদের অবদান, সাধারণ মানুষের আত্মত্যাগ এবং পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের হাতে সংঘটিত নির্যাতনের ইতিহাস গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। একজন বীর মুক্তিযোদ্ধার শেষবিদায় যেন কখনো রাজনৈতিক সংঘাতের উপলক্ষ না হয়-এটাই হওয়া উচিত এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। মুক্তিযুদ্ধ আমাদের শ্রেষ্ঠ অর্জন। মুক্তিযোদ্ধারা জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কোনোভাবে অপমান করা যাবে না।

যদি এদের মধ্যে কেউ কোনো অন্যায় করে থাকে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াও সংগত। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।