চলতি বছরের গত আগস্ট মাসে কুইন্স সেন্ট্রাল লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত টাইল হল মিটিংয়ের ফলোআপ হিসেবে কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনাবান রিচার্ড (জুনিয়র) ও নিউইয়র্ক সিটির স্যানিটেশন বিভাগের কমিশনারের গ্রেগরী এন্ডারসন গত বৃহস্পতিবার বাংলাদেশি অধ্যুষিত হিলসাইড অ্যাভিনিউ পরিদর্শন করেন। এ সময় তারা রাস্তার পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও পর্যায়ক্রমে হিলসাইড অ্যাভিনিউতে আরো গার্বেজ ক্যান বসানো হবে বলেও জানান তারা। বুরো প্রেসিডেন্টর অফিস ও স্থানীয় কমিউনিটি বোর্ডের সদস্যসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। 

স্থানীয় ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে কমিউনিটি বোর্ড মেম্বার এবং জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ারের আমন্ত্রণে কুইন্স বরো প্রেসিডেন্ট ও নিউইয়র্ক সিটির স্যানিটেশন বিভাগের কমিশনার গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হিলসাইড অ্যাভিনিউতে আসেন।

এ সময় তারা ১৬৭ স্ট্রিট অ্যান্ড হিলসাইড অ্যাভিনিউর কর্নারে কমিউনিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং রাস্তার পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে প্রশাসন ও সিটির পরিকল্পনা তুলে ধরেন। পরে তারা ১৬৭ স্ট্রিট থেকে ১৬৮ স্ট্রিট পর্যন্ত হিলসাইড অ্যাভিনিউ ঘুরে দেখেন এবং বরো প্রেসিডেন্ট স্থানীয় পুরনো স্টোর ফাতেমা গ্রোসারি ও মান্নান বেকারি অ্যান্ড রেস্টুরেন্ট পরিদর্শন করেন। 

এ সময় কুইন্স বরো প্রেসিডেন্ট অফিসের ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাদেক, কমিউনিটি বোর্ড-৮-এর চেয়ারপারসন মার্থা টেইলর, পার্ক কমিটির চেয়ার বিথিহারা ফুলটন, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ফার্মাসিস্ট সাহাব উদ্দিন, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক এনায়েত মুন্সী, সাবেক সাধারণ সম্পাদক জে মোল্লা সানি, কমিউনিটি অ্যাকটিভিস্ট ফিরোজ কবীর, জিল্লুর রহমান, হিমু মিয়া, সাফি আলম প্রমুখ উপস্থিত ছিলেন। 

হিলসাইড অ্যাভিনিউতে স্যানিটেশন বিভাগের কমিশনার গ্রেগরি এন্ডারসন সাংবাদিকদের বলেন, সিটির পাঁচ বরোর সাইডওয়াকে স্যানিটেশন ডিপার্টমেন্টের প্রায় ২৫ হাজার গার্বেজ ক্যান রয়েছে। এর মধ্যে ৩ হাজার ৫০০ ক্যান হারিয়ে গেছে। এই হারিয়ে যাওয়া ক্যানগুলো কে বা কারা নিয়ে গেছে, সে বিষয়ে তদন্ত চলছে। তিনি আরো জানান যে, আমরা নতুন ডিজাইনের আধুনিক বাস্কেট স্থাপন করছি। তবে সর্বত্রই এই বাস্কেট বা গার্বেজ ক্যান স্থাপন করা সম্ভব হচ্ছে না। তবে পর্যায়ক্রমে এই কার্যক্রম চলবে এবং চলতি বছরের মধ্যেই পাঁচ বরোর নির্দিষ্ট রাস্তার সাইড ওয়াকে বাস্কেট স্থাপন করা সম্ভব হবে। 

কমিশনার এন্ডারসন বলেন, আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে যেসব স্পট থেকে বাস্কেট মিসিং সেখানে দ্রুত নতুন বাস্কেট স্থাপন করা। তারপর অন্যান্য স্ট্রিটেও বাস্কেট স্থাপন করা হবে। তিনি বলেন, নিয়মিত গার্বেজ পরিষ্কার করা না হলে প্রয়োজনে ৩১১-এ ফোন করে অভিযোগ জানানোর পরামর্শ দেন। 

বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস বলেন, হিলসাইড অ্যাভিনিউ ছাড়াও জ্যামাইকা অ্যাভিনিউতে গার্বেজ ক্যান অনেক বড় ইস্যু। এই রাস্তাটির দিকেও নজর দিতে হবে। এ সময় কমিশনার জানান, আমরা সেখানেও কাজ করছি। 

ফখরুল ইসলাম দেলোয়ার হিলসাইড অ্যাভিনিউর গার্বেজ পরিস্থিতি ও পরিষ্কার পরিছন্নতার বিষয়টি কমিশনার ও বরো প্রেসিডেন্টের সামনে সংক্ষেপে তুলে ধরে বলেন, আমি হিলসাইড অ্যাভিনিউর একজন খুদে ব্যবসায়ী। বসাস করি এই এলাকাতেই। তাই এ এলাকার বিষয়টি আমার নখদর্পণে। তিনি বলেন, এই এলাকায় জনবসতি আর ব্যবসাপ্রতিষ্ঠান বৃদ্ধি পাওয়ায় ডিপার্টমেন্ট অব স্যানিটেশন এবং প্রাইভেট কোম্পানির গার্বেজ পিকআপের ফ্রিকোয়েন্সি বাড়ানো দরকার। 

ফখরুল ইসলাম দেলোয়ার অভিযোগ করে বলেন, আমরা দেখেছি অনেক নেবারহুডে সার্ভিস ভাল দেয়া হয়। কোনো কোনো নেবারহুড বঞ্চিত হয়। তিনি সব নেবারহুডকে সমান চোখে দেখার দাবি জানান এবং বরো প্রেসিডেন্ট ও স্যানিটেশন বিভাগের কমিশনারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।