বর্ণাঢ্য আয়োজনে নিউইয়র্কে উদযাপিত হলো আমেরিকার ‘ন্যাশনাল ইমিগ্রান্টস ডে’। কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট সমাজসেবী, ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডাইরেক্টর অ্যাটর্নী মঈন চৌধুরীর উদ্যোগে ‘ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনাল’-এর ব্যানারে গত ২৮ অক্টোবর সিটির উডসাইডের কুইন্স প্যালেসে প্রথমবারের মতো এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইউএস কংগ্রেসের প্রভাবশালী সদস্য গ্রেস মেংসহ নিইয়র্কের বিভিন্ন কোর্টের বিচারপতি, মূলধারার রাজনীতিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে অভিবাসীদের অর্জন ও কমিউনিটিসহ স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখার জন্য বিভিন্ন পেশার সাতজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মানিত করা হয়। 

নতুন প্রজন্মের নৃত্যশিল্পীর চমৎকার একক নৃত্যের মধ্য দিয়ে শুরুর পর স্বাগত বক্তব্য রাখেন—অনুষ্ঠানের মূল আয়োজক ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী। এরপর বিভিন্ন পেশার সাতজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মানিত করা হয়।

এরা হলেন—নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের জজ কারেন গোপ, কুইন্স কাউন্টি সারোগেঁস কোর্টের জজ ক্যাসান্দ্রা এ জনসন, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি লিডার রব চৌধুরী, এনওয়াইপিডির ইন্সপেক্টর আদিল রানা, জ্যাকসন হাইটস ইন্ডিয়ান মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শিব দাস, এনওয়াইপিডির ইন্সপেক্টর খন্দকার আব্দুল্লাহ ও বিশিষ্ট চিকিৎসক ডা. মোহাম্মদ এনামুল হক। অ্যাটর্নি মঈনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা তাদের হাতে প্ল্যাক তুলে দেন। 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও সম্মানিত ব্যক্তিরা ছাড়াও অন্যদের মধ্যে কুইন্স কাউন্টি সুপ্রিম কোর্টের বিচারক পদপ্রার্থী জজ এডউইন আই. নোভিলো, কুইন্স কাউন্টি সিভিল কোর্টের জজ পদপ্রার্থী এমন্ড উং, নিউইয়র্কের সিভিল কোর্টের জজ পদপ্রার্থী জেসমিন ভ্যালে-বুইনো এবং টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, সাপ্তাহিক প্রথম আলো সম্পাদক ইব্রাহীম চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রকি আলিয়ান। 

অনুষ্ঠানে ইউএস কংগ্রেস সদস্য গ্রেস মেংয়ের পক্ষ থেকে সম্মানিত সাতজন বিশিষ্ট ব্যক্তিকে সাইটেশন প্রদান করা হয়। এ সময় গ্রেস মেং তার সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাটর্নি মঈন চৌধুরীর কর্মকান্ডের প্রশংসা এবং ইমিগ্র্যান্ট ল’ বিষয়ক তার লেখা বইয়ের কথা স্মরণ করে বলেন, আমেরিকা ইমিগ্র্যান্টদের দেশ। ইমিগ্র্যান্টরাই এই দেশ গড়ে তুলেছেন। এই দেশকে সমৃদ্ধ করতে নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করতে হবে এবং ৩ নভেম্বরের নির্বাচনে অংশ নিতে হবে। 

গ্রেস মেং তার বক্তব্যে এনওয়াইপিডির ইন্সপেক্টর আদিল রানার কথা বিশেষভাবে উল্লেখ করে বলেন, আশি দীর্ঘদিন ধরে তাকে চিনি। প্রেসিডেন্ট বারাক ওবামার ইউনিয়ন ভাষণে রানা আমার ষ্পেশাল অতিথি ছিলেন। প্রেসিডেন্ট ওবামা বিদায় বেলায় রানাকে হ্যালোও বলেন। তিনি বলেন, আমার নির্বাচনী এলাকা কুইন্সের মুসলিম কমিউনিটির সন্তানরা আমেরিকান হিসেবে গৌরবের সঙ্গে বেড়ে উঠছেন এবং দায়িত্ব পালন করছেন। 

স্বাগত বক্তব্যে অ্যাটর্নি মঈন চৌধুরী বলেন, আমেরিকা ইমিগ্র্যান্টদের দেশ। এখানে বৈধভাবে থাকার সুযোগ রয়েছে। কোনো বৈধ অভিবাসীকে ডিপোর্ট করার সুযোগ নেই, যারা আমেরিকান নাগরিক তাদের তো নয়ই। তিনি বলেন, বৈধ কাগজপত্র থাকলে এ দেশে বসবাসের জন্য কারো কোনো সমস্যা হবে না। তিনি ইমিগ্রেশন বিষয়ক যেকোনো সমস্যায় সংশ্লিষ্টদের তার সঙ্গে যোগযোগ করার আনুরোধ করেন। 

রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি লিডার রব চৌধুরী তার সম্মাননা গ্রহণের সময় বিশিষ্ট রাজনীতিক ও ব্যবসায়ী গিয়াস আহমেদ সহ সাউথ এশিয়ান আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশন (সারা)-এর সাধারণ সম্পাদক নূরুজ্জামান সরদারের নেতৃত্বে রিয়েল এষ্টেট ব্যবসায় সম্পৃক্তদের মধ্যে ফেরদৌস খান, সারোয়ার খান বাবু, মোহাম্মদ মাসুদ সিরাজী প্রমুখ তাকে অভিনন্দন জানান এবং সারা’র পক্ষ থেকে সম্মানসূচক প্ল্যাক প্রদান করা হয়। এর আগে তারা রিয়েল এস্টেট ব্যবসায় আব্দুর রব-এর সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, কামরুজ্জামান বকুল, প্রেমা রহমান, মিটুল হক, নাসির প্রমুখ সঙ্গীত পরিবেশন করেন। এই পর্ব সঞ্চালনায় ছিলেন বাবু জামান। সবশেষে ছিল কেক কাটা পর্ব। অনুষ্ঠানের মাঝে দেশ ও প্রবাসে অ্যাটর্নি মঈন চৌধুরী ও ২০২৪ সালে প্রতিষ্ঠিত ‘ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনাল’ সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড ডিজিটাল পর্দায় তুলে ধরা হয়। কর্মকাণ্ডের বিপুল সংখ্যক বাংলাদেশি-আমেরিকান অনুষ্ঠানটি উপভোগ করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনটির প্রশাসনিক পরিচালক তরিকুল ইসলাম মিঠু।