ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল আমাদের স্বপ্ন বুননের বাতিঘর। স্বপ্নের সিঁডি এবং জীবন গড়ার বিদ্যাপীঠ। প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের জীবন গড়ে দিয়েছে। সেই স্বপ্নের সিঁড়ি ধরেই দেশে এবং প্রবাসে আমরা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। আমরা প্রতিষ্ঠিত হলেও এখনো আমাদের তাড়িয়ে বেড়ায় ক্যাম্পাসের সেই স্মৃতি। এমন এক স্মৃতি তা কখনো ভোলার নয়। তাই আমরা সারাক্ষণ হৃদয়ে লালন করি এবং অন্তরে ধারণ করি আমাদের ক্যাম্পাস।

যৌবনের সে সময়ের উত্তাল সময়গুলো এখনো যেন আম্লমধুর স্মৃতিতে ভাস্মর। তারই প্রতিচ্ছবি পাওয়া গেল ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক ডিনার অনুষ্ঠানে। 

অনুষ্ঠানটি গত ৩১ অক্টোবর সন্ধ্যায় উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আহ্বায়ক বেলাল মাহমুদের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিশিষ্ট চিকিৎসক ডা. চৌধুরী সারওয়ারুল হাসান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—সাবেক সভাপতি মোহাম্মদ হোসেন খান, সাবেক সভাপতি সাঈদা আক্তার লিপি, অনুষ্ঠানের সদস্য সচিব ইকবাল মোর্শেদ, প্রধান সমন্বয়কারী আজহার আলী খান। ব্যতিক্রমধর্মী এবং পরিচ্ছন্ন এ অনুষ্ঠানে ছিল না কোনো বিরক্তিকর বক্তব্য, ছিল না কোনো মঞ্চ। সবাই যেন একই মঞ্চে সহযাত্রী। আনুষ্ঠানিকতা মানতেই ছিল সভাপতি ও অতিথি। কিন্তু তারাও ছিলেন অন্য দশজনের মতো। ভাই আমরা সবাই একই বিদ্যাপীঠের ছাত্রছাত্রী।

অতিথি যেমন তারা, শিল্পীও তারা, আবৃত্তিকারও তারা— সত্যিই অসাধারণ। গাইলেনও তারা, আনন্দ উচ্ছ্বাসও করেছেন তারা, আবৃত্তিও করলেন তারা, নাচলেনও তারা। পরিবারপরিজন নিয়ে উপভোগ করার মতো একটি চমৎকার অনুষ্ঠান। গেলেনও সবাই পরিবারপরিজন নিয়ে। সবার আনন্দ- উচ্ছ্বাস দেখে মনে হয়েছে, অনেক দিন পর তারা আবারও ক্যাম্পাস জীবনে ফিরে গেলেন। ভাসলেন আনন্দস্রোতে, মন রাঙালেন রঙধনুর রঙে। 

প্রধান অতিথির বক্তব্যে ডা. চৌধুরী সারওয়ারুল হাসান এই সংগঠন প্রতিষ্ঠার সময় তার ভূমিকার কথা তুলে ধরেন। সেই সঙ্গে স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল তার জীবনের সেরা শিক্ষাপ্রতিষ্ঠান। তিনি সব সময় ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে আছেন এবং থাকবেন। 

আহ্বায়ক বেলাল মাহমুদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল আমার স্বপ্নের বাতিঘর। স্বপ্নে সিঁড়ি। তিনি এ অনুষ্ঠানে সহযোগিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

সভাপতি এসএম আলম অনুষ্ঠান সফল এবং সার্থক করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, প্রতি বছর আমরা এ অনুষ্ঠান করে থাকি। এবার তার ব্যতিক্রম হয়নি। আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে। তিনিই অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য বেলাল মাহমুদকে আহ্বান জানান। 

মোহাম্মদ হোসেন খান এবং সাঈদা আক্তার লিলি বলেন, আমরা অনেক অনুষ্ঠান করি কিন্তু এ অনুষ্ঠান একটু ব্যতিক্রমী। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নিজেদের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রাখতে পারি। 

দুই দেশ আমেরিকা এবং বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানে সূচনা করা হয়। পরিচয় করিয়ে দেওয়া হয় আহ্বায়ক কমিটির সদস্যদের। যার মধ্যে ছিলেন আহ্বায়ক বেলাল মাহমুদ, সদস্য সচিব ইকবাল মোর্শেদ, প্রধান সমন্বয়কারী আজহার আলী খান, সমন্বয়কারী ইউসূফ আলী, সাইফুল ইসলাম ভূঁইয়া, উপদেষ্টা মোহাম্মদ তাজুল ইসলাম, একে আজাদ তালুকদার। পরিচয় করিয়ে দেওয়া হয় কার্যকরী কমিটির সদস্যদের।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— স্বপন বড়ুয়া, মোল্লা মনিরুজ্জামান, মহিউদ্দিন দেওয়ান, আব্দুল মতিন, হানিফ মজুমদার, গাজী শামসউদ্দীন, লিয়াকত আলী, ইশতিয়াক ফিরোজ, সুশীল সিনহা, ইউসুফ আলী প্রমুখ। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের, নির্বাচন কমিশনের সদস্য মিয়া মোহাম্মদ দুলাল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জামাল আহমেদ জনি, লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি আহবান হাবিব, রীনা সাহা, মোর্শেদা জামান, অসীম সাহা, অধব্দুর রশিদ বাবু, কলামিস্ট ইমরান আনসারী, শিতাংশু গুহ, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পদক ফখরুল আলম, সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ রহিম নিশান, সোসাইটির সাবেক ট্রাস্টি বোর্ড সদস্য আলী ইমাম শিকদার, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, মূলধারার রাজনীতিবিদ মোর্শেদ আলম প্রমুখ। 

গোলাম মোস্তফা, নূপুর চৌধুরী, ফাতেমা খান ও রুহুল আমিন সরকারের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য এবং কবিতা আবৃত্তি করা হয়। ছিল রম্য পরিবেশনা ও গানের ছন্দে স্বামী-স্ত্রীর খুনসুটি। এলামনাই শিল্পীদের মধ্যে ছিলেন ফাহমিন, ফাতেমা, চিত্রা, সানজিদা, সানু, সুশীল, কাজী, কবিতায় ছিলেন গোলাম মোস্তফা, কাজী আজিজুল হক মুন্না, প্রীতি ও ফারুক। সংসার সমাচারে আরিফ ও নার্গিস। অতিথি শিল্পী ছিলেন রাজিব ও নিলীমা শশী। ছিল নতুন প্রজন্মের পরিবেশনা। যা দিয়ে শুরু এবং শেষ। পরিবেশনায় লিয়ানা ও ইরিনা। সবশেষে ভাঙলো মিলনমেলা আগামীর প্রত্যাশায়।