পাঁচ বরোর রাজপথে লাখ লাখ দর্শকের উচ্ছ্বাস আর প্রায় ৬০ হাজার দৌড়বিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ২০২৬ সালের টিসিএস নিউইয়র্ক সিটি ম্যারাথন। গত রোববারের এ প্রতিযোগিতায় বিশ্বের ১৪০টির বেশি দেশের দৌড়বিদ অংশ নেন। পাঁচ বরো নিয়ে ম্যারাথন আয়োজনের ৫০ বছর পূর্তিতে এবারের আসরে নারীদের বিভাগে কেনিয়ার শেইলা চেপকিরুই এবং পুরুষদের বিভাগে সুইডেনের আন্দ্রেয়াস আলমগ্রেন শিরোপা জিতেছেন। প্রথমবারের মতো ম্যারাথনে অংশ নিয়েই চ্যাম্পিয়ন হয়ে চমক দেখিয়েছেন আলমগ্রেন। 

নারীদের বিভাগে কেনিয়ার শেইলা চেপকিরুই ২ ঘণ্টা ২৪ মিনিট ৩৬ সেকেন্ড সময় নিয়ে শিরোপা জিতেছেন। ২০২৪ সালের পর আবারও নিউইয়র্ক ম্যারাথনের চ্যাম্পিয়ন হলেন তিনি। প্রতিযোগিতার শেষ ১৫০ মিটারে স্বদেশি ও গতবারের চ্যাম্পিয়ন হেলেন ওবিরিকে পেছনে ফেলে জয় নিশ্চিত করেন চেপকিরুই। যুক্তরাষ্ট্রের জেসিকা ম্যাকক্লেইন ২ ঘণ্টা ২৪ মিনিট ৪২ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় এবং ওবিরি ২ ঘণ্টা ২৪ মিনিট ৪৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন। ২০১৮ সালের পর প্রথমবারের মতো কোনো মার্কিন নারী এ প্রতিযোগিতায় সেরা তিনে স্থান পেলেন। 

পুরুষদের বিভাগে চমক দেখিয়েছেন সুইডেনের আন্দ্রেয়াস আলমগ্রেন। নিজের প্রথম ম্যারাথনেই ২ ঘণ্টা ৬ মিনিট ১ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। শেষ মাইলের দৌড়ে ইতালির ইয়েমানেবেরহান ক্রিপাকে পেছনে ফেলে শিরোপা নিশ্চিত করেন আলমগ্রেন। ক্রিপা ১৩ সেকেন্ড পিছিয়ে দ্বিতীয় হন। লেসেঙ্গোর কামোহেলো মোফোলো ২ ঘণ্টা ৬ মিনিট ২৬ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন। গতবারের চ্যাম্পিয়ন কেনিয়ার বেনসন কিপরুতো চতুর্থ হয়েছেন। 

আলমগ্রেনের ২ ঘণ্টা ৬ মিনিট ১ সেকেন্ড সময় নিউইয়র্ক ম্যারাথনের ইতিহাসে তৃতীয় দ্রুততম। এদিকে যুক্তরাষ্ট্রের ঝুহাইর তালবি ষষ্ঠ স্থান অর্জন করে নিউইয়র্ক ম্যারাথনে কোনো মার্কিন পুরুষ দৌড়বিদের সর্বকালের দ্রুততম সময়ের রেকর্ড গড়েছেন। তার সময় ছিল ২ ঘণ্টা ৬ মিনিট ৪৩ সেকেন্ড। 

হুইলচেয়ার বিভাগেও সুইজারল্যান্ডের দৌড়বিদদের আধিপত্য ছিল। পুরুষদের বিভাগে মার্সেল হাগ অষ্টমবারের মতো শিরোপা জিতেছেন। মাত্র এক সেকেন্ডের ব্যবধানে তিনি যুক্তরাষ্ট্রের ড্যানিয়েল রোমানচুককে পেছনে ফেলেন। নারীদের বিভাগে সুইজারল্যান্ডের ক্যাথরিন ডেব্রুনার ১ ঘণ্টা ৪০ মিনিট ২ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হন। 

স্ট্যাটেন আইল্যান্ডের ফোর্ট ওয়াডসওয়ার্থ থেকে শুরু হওয়া ম্যারাথন ভেরাজানো-ন্যারোজ ব্রিজ পেরিয়ে ব্রুকলিনে প্রবেশ করে। এরপর কুইন্স ও ব্রঙ্কস ঘুরে ম্যানহাটনের মধ্য দিয়ে সেন্ট্রাল পার্কে গিয়ে শেষ হয় প্রতিযোগিতা। পুরো পথজুড়ে দর্শকদের করতালি, উল্লাস ও উৎসাহে মুখর ছিল নিউইয়র্কের সড়কগুলো। 

এবারের প্রতিযোগিতায় গত ১৫ বছরের মধ্যে প্রথমবারের মতো ব্রঙ্কস অংশে রুটে সামান্য পরিবর্তন আনা হয়। সড়কে মোড়ের সংখ্যা কমিয়ে যান চলাচল ও স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি কিছুটা কমানোর উদ্দেশ্যে এ পরিবর্তন করা হয়। 

১৯৭০ সালে মাত্র ১২৭ জন দৌড়বিদকে নিয়ে নিউইয়র্ক সিটি ম্যারাথনের যাত্রা শুরু হয়। প্রথম ছয় বছর প্রতিযোগিতাটি সেন্ট্রাল পার্কের ভেতরেই অনুষ্ঠিত হয়েছিল। ১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২০০ বছর পূর্তি উপলক্ষে প্রথমবারের মতো পাঁচ বরো নিয়ে ম্যারাথন আয়োজন করা হয়। তখন অংশ নিয়েছিলেন দুই হাজারের কিছু বেশি প্রতিযোগী। ৫০ বছরের ব্যবধানে অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬০ হাজারে।

বর্তমানে নিউইয়র্ক সিটি ম্যারাথন বিশ্বের অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ দৌড় প্রতিযোগিতা। এটি শুধু ক্রীড়া আয়োজন নয়, বরং নিউইয়র্কের বহুজাতিক সংস্কৃতি, ঐক্য ও আন্তর্জাতিক সম্প্রীতিরও প্রতীক।