বাংলাদেশ সোসাইটির প্রচার ও জনসংযোগ সম্পাদক এবং জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, রিজু মোহাম্মদ এবং বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সহ-সাধারণ সম্পাদক আবদুল কাদির লিপুর বাবা কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ আবদুল খালেক লালু বার্ধক্যজনিক কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ২ মেয়ে, ভাই-বোনসহ আত্মীয় স্বজন রেখে গেছেন।
জানা গেছে, আব্দুল খালিক লালু অসুস্থ্য হলে তাকে লংআইল্যান্ডে জুইশ হাসপাতালে ভর্তি তরা হয়। সেখানেই তিনি গত ৩১ অক্টোবর শনিবার ভোর ৫টা ৬ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার নামাজে জানাজা গত ৩১ অক্টোবর বাদ এশা জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আব্দুল খালিক লালুর সন্তান রিজু মোহাম্মদ। তিনি তার বাবার আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন। জ্যামাইকা মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম দেলোয়ারের পরিচালনায় জানাজার পূর্বে আরো বক্তব্য রাখেন—জ্যামাইকা মুসলিম সেন্টারের সভাপতি ডা. নাজমুল এইচ খান ও মরহুম আব্দুল খালিক লালুর ভাই।
আব্দুল খালিক লালুর জানাজায় কমিউনিটির সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। নামাজে জানাজা শেষে ১ নভেম্বর সকাল ১০টায় আব্দুল খালিক লালুর লাশ বিয়ানীবাজার সমিতির ক্রয়কৃত লংআইল্যান্ডের মুসলিম গোরস্তানে দাফন করা হয়।
উল্লেখ্য, বিয়ানীবাজার পৌরসভার সুপাতলা গ্রামের সন্তান মরহুম আবদুল খালেক লালু পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে নিউইয়র্কের জ্যামাইকায় বসবাস করে আসছিলেন। তিনি ছিলেন একজন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ। তিনি বিয়ানীবাজার জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি এবং জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাবেক উপদেষ্টা ছিলেন।
মরহুম আব্দুল খালিক লালুর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ কার্যকরি কমিটির সকল সদস্য, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজসহ সকল সদস্য, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, সাধারণ সম্পাদক এনায়েত মুন্সী, সাবেক সাধারণ সম্পাদক বিলাল চৌধুরী, বিয়ানীবাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক অপুসহ সব সদস্য। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জ্ঞাপন করেন।

