যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের নিউয়ার্ক শহরে ইউনিভার্সিটি অব ডেলাওয়্যারের কাছে হ্যালোইন উৎসবের রাতে বন্দুক হামলায় ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে তিনজন কিশোর। তাদের একজন বাংলাদেশি বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদুল ইসলাম (ফিন্যান্স) তার অবস্থা এখনো সংকটাপন্ন (ক্রিটিক্যাল)। 

জানা গেছে, গত ৩১ অক্টোবর শনিবার রাত ১১টার কিছু পরে নিউয়ার্ক শহরের ইস্ট মেইন স্ট্রিট ও চোয়েট স্ট্রিটের সংযোগস্থলে এ বন্দুক হামলার ঘটনা ঘটে। হ্যালোইন উদ্যাপন উপলক্ষে ওই সময় এলাকাটি তরুণ-তরুণীদের ভিড়ে মুখর ছিল। 

পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে ১৫ ও ১৬ বছর বয়সী তিন কিশোর, ১৯ ও ২০ বছর বয়সী দুই যুবক এবং ২১ বছর বয়সী এক নারী রয়েছেন। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর। আহত বাংলাদেশি শিক্ষার্থী মাহমুদুল ইসলাম পরিবারের সঙ্গে নর্থ ডেলাওয়্যারে বসবাস করেন। তার পিতার নাম সাইদুল ইসলাম এবং পরিবারের দেশের বাড়ি বাংলাদেশের কুমিল্লায়। হামলার সময় তার শরীরের ফুসফুসের অংশে (লাং) গুলি লাগে বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি এখনো সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। 

এদিকে এ ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোরকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র রাখাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। তবে হামলার পেছনের কারণ এবং অন্য কেউ জড়িত কি না, তা জানতে তদন্ত চলছে। 

ঘটনার পর পুলিশি তদন্ত ও নিরাপত্তার স্বার্থে ইস্ট মেইন স্ট্রিটের একটি অংশ প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ রাখা হয়। পরিস্থিতির কারণে গত সোমবার ইউনিভার্সিটি অব ডেলাওয়্যারের সব ক্লাস বাতিল করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বর্তমানে জনসাধারণের জন্য আর কোনো চলমান নিরাপত্তাঝুঁকি নেই। এদিকে, বাংলাদেশি শিক্ষার্থী মাহমুদুল ইসলামের সংকটাপন্ন অবস্থার খবর ছড়িয়ে পড়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। তার দ্রুত সুস্থতা কামনায় পরিবার, স্বজন ও কমিউনিটির পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। 

হ্যালোইনের রাতে যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুকধারীদের গুলিতে নিহত ২৪, আহত ৯৪

উৎসবের আমেজ নিমেষেই মুছে গিয়ে নেমে এলো শোক ও আতঙ্কের ছায়া। যুক্তরাষ্ট্রজুড়ে হ্যালোইন উদযাপনের রাতে এক অভূতপূর্ব বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে। রাতের অন্ধকার ঘনিয়ে আসতেই ক্যালিফোর্নিয়া থেকে ডেলাওয়্যার পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয় তাণ্ডবলীলা। নাইটক্লাব, পোশাকের দোকান, স্টেডিয়াম প্রাঙ্গণ এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস-সংলগ্ন এলাকায় একের পর এক গোলাগুলির ঘটনায় অন্তত ২৪ জন নিহত এবং ৯৪ জন মারাত্মক আহত হয়েছেন। 

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় টেক্সাসের ডালাস শহরের ঐতিহ্যবাহী দীপ এলুম এলাকায়। সেখানে মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে তিনটি পৃথক স্থানে গুলির ঘটনা ঘটে। এতে অন্তত চারজনের প্রাণহানি ঘটে এবং আহত হন ১৫ জন। হ্যালোইন উপলক্ষে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন থাকা সত্ত্বেও এই সহিংসতা রোখা সম্ভব হয়নি। ঘটনার সময় আতঙ্কিত মানুষের হুড়োহুড়ি করে ছত্রভঙ্গ হয়ে ছুটে পালানোর একাধিক দৃশ্য প্রত্যক্ষদর্শীদের মোবাইলে ধরা পড়ে। 

স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা সংকটজনক হওয়ায় প্রাণহানির সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে। 

হ্যালোইনের এই রক্তাক্ত রাতে সহিংসতার শিকার হয়েছে নিষ্পাপ শিশুও। মিশিগানের ডেট্রয়েটে উৎসবের পোশাক পরা এক ৫ বছরের শিশু ঘরে খেলাধুলা করার সময় বাইরে থেকে আসা লক্ষ্যভ্রষ্ট গুলিতে বিদ্ধ হয়। বুকে গুলি লাগার পর অবোধ শিশুটি নিজেই তার মাকে এসে বলে যে সে গুলিবিদ্ধ হয়েছে। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তার অবস্থা কিছুটা স্থিতিশীল। 

অন্যদিকে ফ্লোরিডার জ্যাকসনভিলে দুটি পৃথক বন্দুকযুদ্ধে ১৩ জন গুলিবিদ্ধ হন, যার মধ্যে দুজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ১৭ বছর বয়সী এক তরুণী হ্যালোইন পার্টির প্রবেশপথে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে প্রাণ হারান। অন্য একটি ঘটনায় শতাধিক মানুষের এক পার্টিতে বিশৃঙ্খলা দেখা দিলে সেখানে ১০ জন গুলিবিদ্ধ হন। 

সহিংসতার এই আগুন ছড়িয়ে পড়ে দেশের অন্যান্য অঙ্গরাজ্যেও। উত্তর ক্যালিফোর্নিয়ার একটি কস্টিউম দোকানে ঢুকে এক সশস্ত্র হামলাকারী চার সন্তানের এক অন্তঃসত্ত্বা মাকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। এতে দুই কিশোরসহ আরো ছয়জন মারাত্মক আহত হন। এ ছাড়া ওকলাহোমা সিটির এক ট্রেলার পার্কে হ্যালোইন উৎসব চলাকালে কথা-কাটাকাটির জেরে গোলাগুলি হয়, আবার মিশিসিপির জ্যাকসনে এক নাইটক্লাবে দুজন ও অ্যালবামার বার্মিংহামের স্টেডিয়াম এলাকায় একজন প্রাণ হারান।

ইলিনয় ও ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেও হ্যালোইন উদযাপনের সময়ে একাধিক বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে, যাতে বহু তরুণ-তরুণী আহত হয়েছেন।