বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা ওসমান চৌধুরীর মামলায় স্থগিত হয়ে গেল বহুল প্রতিক্ষিত ও ব্যয়বহুল নির্বাচন। এই নির্বাচন প্রথমে হওয়ার কথা ছিল গত ১৮ অক্টোবর। কিন্তু হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজার কারণে এক সপ্তাহ পিছিয়ে ২৫ অক্টোবর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। নির্বাচন কমিশন নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছিল, কিন্তু বর্তমান কার্যকরী কমিটির হঠকারী এবং কিতর্কিত একটি সিদ্ধান্তের কারণে ওসমান চৌধুরী মামলার সুযোগ পায়।

সেই হঠকারী সিদ্ধান্তটি হলো সাধারণ সদস্য হিসেবে ওসমান চৌধুরীর নাম অন্তর্ভুক্ত করার পরও তা বাদ দেওয়া হয়। প্রমাণ থাকার কারণে ওসমান চৌধুরী এই সুযোগটি গ্রহণ করেন। প্রশ্ন থাকতে পারে ওসমান চৌধুরী কী সঠিক সময়ে মামলা করেছেন? না কি সবাইকে দেখিয়ে দেওয়ার জন্য মামলা করেছেন? কারণ ওসমান চৌধুরীর সদস্য পদ বাতিল করা হয়েছিল কয়েক মাস আগে কিন্তু তিনি সেই সময় মামলা না করে নির্বাচনের ঠিক দুদিন আগে কেন মামলা করলেন?

আবার বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির অতিউৎসাহী কর্মকর্তারা কেন খাল কেটে কুমির আনার ব্যবস্থা করলেন তাও মিলিয়ন ডলারের প্রশ্ন হিসাবে সামনে এসেছে। যত দোষ নন্দ ঘোষ এটা বলা যাবে না- অন্তত এ ক্ষেত্রে। 

ওসমান চৌধুরীর উদ্দেশ্যপ্রণোদিত মামলার কারণে ৩৫ হাজার সদস্যের ভোট বন্ধ হয়ে গেল। তাতে বাংলাদেশ সোসাইটি এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুটো প্যানেলের ব্যাপক ক্ষতি হলো। অর্থের ক্ষতির পাশাপাশি অনিশ্চিত হয়ে পড়লো কাঙ্খিত নির্বাচন। এই নির্বাচন এখন কবে কখন হবে তা কেউ বলতে পারছে না। কারণ মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ ডিসেম্বর। সেই দিন কোনো পক্ষ সময় নিয়ে পরবর্তী শুনানি ২০২৭ সালে চলে যেতে পারে।

এ মামলা নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটি, ট্রাস্টি বোর্ড এবং নির্বাচন কমিশন গত ২৮ অক্টোবর সোসাইটির কার্যালয়ে যৌথ সভা করেছে। সেই সভায় সিদ্ধান্ত অনুযায়ী মামলার সকল ব্যয়ভার বহর করবেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ। এ ব্যাপারে তিনি বলেন, সবাই আমাকে অনুরোধ করেছেন তাই আমি সকল অর্থ দিতে রাজি হয়েছি। মামলার ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সমঝোতা নয়, চূড়ান্ত নিষ্পত্তি আদালতেই হবে। কোর্টের বাইরে আর কোন পথ খোলা নেই। 

প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের বলেন, আমরা চেষ্টা করছি সমঝোতার। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং কার্যকরি কমিটির সিদ্ধান্ত সমঝোতা নয়, সমাধান কোর্টেই হবে, তারপরেও আপনি চেষ্টা করছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ৩৫ হাজার ভোটারের দায়িত্ব আমাদের ওপর। নির্বাচন অনিশ্চিত হলে বা দেরি হলে সবার ক্ষতি হবে, আমি চাই না সবার ক্ষতি হোক। তিনি আরো বলেন, ওসমান চৌধুরীকে বুঝাতে হবে মামলার কারণে তার ক্ষতি হচ্ছে, মানুষ তাকে ভাল চোখে দেখছে না।

বাংলাদেশ সোসাইটি এবং কমিউনিটির স্বার্থে তার মামলা প্রত্যাহার করা উচিত বা তার সমঝোতা করা উচিত। তিনি আরো বলেন, এই নির্বাচন শেষ করা আমার দায়িত্ব। আমি এটি শেষ করতে চাই। আপনারা জানেন, গত মাসে আমরা মা বাংলাদেশে ইন্তেকাল করেছেন নির্বাচনের কারণে আমি যেতে পারিনি। নির্বাচনটা শেষ করে আমি আমার মায়ের কবর জিয়ারত করতে যেতে চাই। আরেক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, বাংলাদেশ সোসাইটি কোনো ল’ইয়ার নিয়োগ করেনি।

নির্বাচন কমিশনের পক্ষে আমরা ল’ ইয়ার নিয়োগ করেছি। আমরাই অর্থ দিচ্ছি আইনজীবীকে। একটি সূত্রে জানা যায়, ইতিমধ্যেই ল’ইয়ারকে ১০ হাজার ডলার দেয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। 

এদিকে নির্বাচন কমিশনের সঙ্গে দুই প্যানেল এবং স্বতন্ত্রী সাধারণ সম্পাদক প্রার্থীর বৈঠক অনুষ্ঠিত হবে আজ বুধবার। বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী এবং উভয় প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির ৫ জন সদস্য উপস্থিত থাকবেন। এই বৈঠকে মামলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে।