নিউইয়র্ক স্টেটে গত ৩০ বছরের মধ্যে প্রথমবার হাম আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গত সোমবার স্টেট হেলথ ডিপার্টমেন্ট ও লুইস কাউন্টির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। চলমান হামের প্রাদুর্ভাবের মধ্যে লুইস কাউন্টিতে শিশুটির মৃত্যু হয়েছে। তবে শিশুটির বয়স, পরিচয় বা মৃত্যুর অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। 

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, শিশুদের টিকা নেওয়ার হার কমে যাওয়া এবং জনস্বাস্থ্য সুরক্ষাব্যবস্থা দুর্বল হয়ে পড়ার ঝুঁকির বিষয়টি এই মৃত্যু আবারও সামনে এনেছে। তার অভিযোগ, ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির কারণে শিশুদের টিকাদান কর্মসূচির প্রতি মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক বিবৃতিতে হোচুল বলেন, প্রতিরোধযোগ্য রোগ থেকে মানুষকে সুরক্ষিত রাখতে কয়েক দশকের অগ্রগতির পরও হামের মতো রোগে শিশুর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তার মতে, টিকাদানের গুরুত্ব উপেক্ষা করলে জনস্বাস্থ্যের জন্য গুরুতর পরিণতি তৈরি হতে পারে। 

লুইস কাউন্টি সিরাকিউজ শহরের উত্তর-পূর্বে নিউইয়র্কের নর্থ কান্ট্রি অঞ্চলে অবস্থিত। চলতি বছর এ কাউন্টিতে অন্তত ১৫ জনের হাম শনাক্ত হয়েছে। স্টেট হেলথ ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, ২৪ অক্টোবর পর্যন্ত নিউইয়র্কে চলতি বছরে মোট ১৭৮ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে আটজন নিউইয়র্ক সিটির বাসিন্দা। অধিকাংশ সংক্রমণ আগস্টের পর থেকে ঘটেছে এবং রাজ্যের প্রায় ১০টি কাউন্টিতে আক্রান্তের সংখ্যা বেশি। 

গত মাসে হামের সংক্রমণ বাড়তে থাকায় গভর্নর হোচুল অঙ্গরাজ্যে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করেন। এ আদেশের আওতায় নিবন্ধিত নার্সরা সন্দেহভাজন হাম রোগীর নমুনা সংগ্রহ ও পরীক্ষার নির্দেশ দিতে পারবেন। যুক্তরাষ্ট্রজুড়ে হামের সংক্রমণও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। চলতি বছর দেশটিতে ৪ হাজার ৮০০-এর বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে। ১৯৯১ সালের পর এটি সর্বোচ্চ বার্ষিক সংক্রমণের সংখ্যা। গত বছরও এক চতুর্থাংশ শতাব্দীর বেশি সময়ের মধ্যে সর্বোচ্চসংখ্যক হাম রোগী শনাক্ত হয়েছিল। এ বছর আক্রান্তদের অন্তত ৯৬ শতাংশ টিকা নেননি অথবা তাদের টিকা নেওয়ার তথ্য নিশ্চিত করা যায়নি। 

হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। সাধারণত জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া ও চোখ লাল হওয়ার মতো উপসর্গ দিয়ে রোগটি শুরু হয়। পরে মুখের ভেতরে ছোট সাদা দাগ দেখা দিতে পারে এবং কয়েক দিনের মধ্যে মুখ থেকে শুরু হয়ে শরীরের অন্যান্য অংশে লালচে ফুসকুড়ি ছড়িয়ে পড়ে। জ্বর ১০৪ ডিগ্রি ফারেনহাইটের বেশি হতে পারে। 

রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) শিশুদের এমএমআর টিকার দুটি ডোজ নেওয়ার পরামর্শ দেয়। প্রথম ডোজ ১২ থেকে ১৫ মাস বয়সে এবং দ্বিতীয় ডোজ ৪ থেকে ৬ বছর বয়সে দেওয়ার সুপারিশ করা হয়। সিডিসির তথ্য অনুযায়ী, এক ডোজ টিকা হাম প্রতিরোধে ৯৩ শতাংশ এবং দুই ডোজ ৯৭ শতাংশ কার্যকর। সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস বা ভ্রমণকারী ৬ থেকে ১১ মাস বয়সী শিশুরাও বিশেষ পরিস্থিতিতে আগাম একটি ডোজ নিতে পারে।