গুরুতর অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মেডিকেইড সুবিধা পেতে কাজের শর্ত থেকে অব্যাহতি পাওয়ার সুযোগ সীমিত করেছিল ট্রাম্প প্রশাসন। সেই বিধি বাতিল করেছেন ফেডারেল আদালত। গত ২৯ অক্টোবর ম্যাসাচুসেটসের ফেডারেল আদালতের বিচারক রিচার্ড জি. স্টিয়ার্নস এ রায় দেন। নিউইয়র্কসহ ২৫টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসির করা মামলায় আদালত এ সিদ্ধান্ত দিয়েছেন। মামলায় নিউইয়র্কের পক্ষে নেতৃত্ব দিয়েছেন অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। 

কমনওয়েলথ অব ম্যাসাচুসেটস বনাম ওজ মামলাটি গত ২৯ জুন দায়ের করা হয়। এতে বিবাদী করা হয় সেক্রেটারি অব দ্য ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস রবার্ট এফ. কেনেডি জুনিয়র, মেডিকেয়ার ও মেডিকেইড সার্ভিসেসের প্রশাসক মেহমেত ওজ এবং সংশ্লিষ্ট ফেডারেল সংস্থাগুলোকে। বাদী অঙ্গরাজ্যগুলোর অভিযোগ ছিল, মেডিকেইডের নতুন কাজের শর্ত বাস্তবায়নের জন্য সেন্টারস ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিসেস (সিএমএস) যে বিধি জারি করেছে, তা কংগ্রেসের নির্ধারিত চিকিৎসাগত ছাড়ের সুযোগ সংকুচিত করেছে। 

২০২৬ সালের জুনে জারি করা বিধিতে বলা হয়েছিল, কোনো ব্যক্তির শারীরিক, মানসিক, আচরণগত বা স্বাস্থ্যগত সমস্যা কাজ বা কমিউনিটি সার্ভিসের শর্ত পূরণে উল্লেখযোগ্য বাধা সৃষ্টি করলেই কেবল তাকে ‘মেডিকেলি ফ্রেইল’ বা চিকিৎসাগতভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে ছাড় দেওয়া যাবে। অর্থাৎ, নির্দিষ্ট গুরুতর রোগ বা প্রতিবন্ধিতা থাকার পাশাপাশি সেই অবস্থার কারণে কাজের শর্ত পূরণে অক্ষমতা প্রমাণ করতে হতো। বিচারক স্টিয়ার্নস এই অতিরিক্ত শর্তকে বেআইনি ঘোষণা করেন। 

মামলার শুনানি হয় গত ২২ অক্টোবর। গত ২৯ অক্টোবর প্রকাশিত ১৬ পৃষ্ঠার আদেশে বিচারক বলেন, কংগ্রেস আইনে যাদের চিকিৎসাগত কারণে ছাড়ের আওতায় রেখেছে, তাদের ক্ষেত্রে সেন্টার্স ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিসেস আলাদা করে কাজের শর্ত পালনে অক্ষমতার প্রমাণ দাবি করতে পারে না। আদালতের মতে, এ ধরনের অতিরিক্ত বাধা থাকলে চিকিৎসার ধারাবাহিকতার জন্য মেডিকেইডের ওপর নির্ভরশীল যোগ্য ব্যক্তিরাও স্বাস্থ্যবীমা হারাতে পারেন। 

নিউইয়র্কে রায়ের প্রভাব

নিউইয়র্কের জন্য এ রায়ের গুরুত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য। অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস ২৪টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসির সঙ্গে মামলাটি করেন। রায়ের পর তিনি বলেন, ক্যানসার, প্রতিবন্ধিতা, গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যা কিংবা আসক্তিতে আক্রান্ত নিউইয়র্কবাসীকে চিকিৎসাসেবা ধরে রাখতে কতটা অসুস্থ, তা প্রমাণ করতে বাধ্য করা উচিত নয়।

নিউইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, শহরের প্রায় ৩৬ লাখ মেডিকেইড গ্রহীতার মধ্যে নতুন ফেডারেল কাজের শর্তের কারণে সর্বোচ্চ ৯ লাখ মানুষ স্বাস্থ্যবীমা হারানোর ঝুঁকিতে রয়েছেন। তবে এই সংখ্যা আদালতের রায়ে সরাসরি প্রভাবিত ব্যক্তির হিসাব নয়; নতুন কাজের শর্ত, যোগ্যতা যাচাই ও প্রশাসনিক জটিলতার কারণে সম্ভাব্য ঝুঁকিতে থাকা গ্রহীতাদের হিসাব। 

আদালতের সিদ্ধান্তের ফলে গুরুতর অসুস্থ বা প্রতিবন্ধী কোনো ব্যক্তি আইনে নির্ধারিত চিকিৎসাগত শ্রেণির মধ্যে পড়লে তাকে আর আলাদাভাবে প্রমাণ করতে হবে না যে তার অসুস্থতা মাসে ৮০ ঘণ্টা কাজ বা কমিউনিটি সার্ভিস করতে বাধা সৃষ্টি করছে। এতে চিকিৎসাগত ছাড় পাওয়ার প্রক্রিয়া সহজ হবে এবং শুধু অতিরিক্ত প্রমাণের জটিলতায় যোগ্য ব্যক্তিদের স্বাস্থ্যবীমা হারানোর আশঙ্কা কমবে। 

আইনে চিকিৎসাগত ছাড়ের আওতায় পাঁচ ধরনের ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন অন্ধ বা প্রতিবন্ধী ব্যক্তি, মাদক ব্যবহারের সমস্যায় আক্রান্ত ব্যক্তি, গুরুতর মানসিক স্বাস্থ্যগত সমস্যায় থাকা ব্যক্তি, দৈনন্দিন কাজকর্মে উল্লেখযোগ্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন শারীরিক, বুদ্ধিবৃত্তিক বা বিকাশগত প্রতিবন্ধিতায় আক্রান্ত ব্যক্তি এবং গুরুতর বা জটিল স্বাস্থ্যগত সমস্যায় ভোগা ব্যক্তি। 

কাজের শর্ত বহাল, কিছু বিধানও বহাল

আদালতের রায়ে মেডিকেইডের নতুন কাজের শর্ত বাতিল হয়নি। ট্রাম্পের ২০২৫ সালের ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট-এর আওতায় ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ১৯ থেকে ৬৪ বছর বয়সী অধিকাংশ প্রাপ্তবয়স্ককে মেডিকেইড সুবিধা ধরে রাখতে প্রতি মাসে অন্তত ৮০ ঘণ্টা কাজ, কমিউনিটি সার্ভিস বা অনুমোদিত কার্যক্রমে অংশ নিতে হবে। বিকল্প হিসেবে অন্তত অর্ধসময়ের শিক্ষাক্রমে ভর্তি থাকার সুযোগ রয়েছে। এই শর্ত মূলত মেডিকেইড সম্প্রসারণ কর্মসূচির আওতাভুক্ত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রযোজ্য। 

নতুন আবেদনকারীদের জন্য আগামী ১ জানুয়ারি থেকে এবং বর্তমানে সুবিধা পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে নবায়নের সময় নতুন শর্ত কার্যকর হওয়ার কথা। তবে চিকিৎসাগতভাবে ছাড় পাওয়ার যোগ্য ব্যক্তিরা এ শর্ত থেকে অব্যাহতি পাবেন। 

আদালত প্রশাসনের দুটি অন্য বিধান বহাল রেখেছেন। এর একটি হলো চিকিৎসাগত অবস্থার প্রমাণ হিসেবে ১২ মাসের বেশি পুরোনো নথি গ্রহণ না করা। অন্যটি হলো একই ধারাবাহিক নিবন্ধনকালে রোগীর নিজের দেওয়া তথ্যের ভিত্তিতে চিকিৎসাগত ছাড় যাচাইয়ের সুযোগ সীমিত রাখা। অর্থাৎ, গুরুতর অসুস্থতা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণযোগ্য চিকিৎসা-সংক্রান্ত প্রমাণ দিতে হবে।

আদালত মামলার বাদী অঙ্গরাজ্যগুলোকে চিকিৎসাগত ছাড় নির্ধারণের বিধান বাস্তবায়নের ক্ষেত্রে ছয় মাসের বিশেষ সুরক্ষাও দিয়েছেন। এ সময়ের মধ্যে চিকিৎসাগত ছাড়ের যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে বাতিল হওয়া বিধান কার্যকর করা যাবে না। তবে এই ছয় মাসের সুরক্ষা মেডিকেইডের সামগ্রিক কাজের শর্ত চালুর তারিখ পিছিয়ে দেয় না।

ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা রায়কে স্বাগত জানিয়ে বলেন, গুরুতর অসুস্থতা বা প্রতিবন্ধিতায় আক্রান্ত ব্যক্তিদের কাজের শর্ত কিংবা প্রশাসনিক জটিলতার কারণে চিকিৎসাসেবা হারানোর আশঙ্কায় থাকা উচিত নয়। অন্যদিকে সিএমএস তাৎক্ষণিকভাবে এ রায় নিয়ে কোনো মন্তব্য করেনি।