ফ্লোরিডার টেম্পায় প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ধারণ, বিতরণ এবং সংরক্ষণের অভিযোগে রাইয়ান আবদুল বাতেন (৩২) নামের এক সহকারী অধ্যাপককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) বেলিনি কলেজ অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি অ্যান্ড কম্পিউটিং বিভাগের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের সহকারী অধ্যাপক।

হিলসবোরো কাউন্টির অনলাইন বুকিং রেকর্ড অনুযায়ী, গত ২৮ অক্টোবর ট্যাম্পা পুলিশ ডিপার্টমেন্ট তাকে গ্রেফতার করে। হিলসবোরো কাউন্টি শেরিফ অফিসের বুকিং তথ্যে তার বিরুদ্ধে ‘ফিল্ম, ডিস্ট্রিবিউট, অর পজেস ইমেজ অর ভিডিও অব সেক্সুয়াল অ্যাক্টিভিটি উইথ অ্যান অ্যানিম্যাল’ শিরোনামে অভিযোগের উল্লেখ রয়েছে। অর্থাৎ প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। 

গ্রেফতারের পর বাতেনকে ফাল্কেনবার্গ রোড জেলে পাঠানো হয়েছে বলে বুকিং রেকর্ডে উল্লেখ রয়েছে। সেখানে তার বন্ডের অবস্থা ‘নো বন্ড’ দেখানো হয়েছে। তবে পরবর্তী কোনো আদালতের আদেশে তার জামিনের অবস্থা পরিবর্তিত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ইউএসএফের ওয়েবসাইটে প্রকাশিত শিক্ষক পরিচিতি অনুযায়ী, বাতেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ২০১৬ সালে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ইউনিভার্সিটি অব রচেস্টার থেকে ২০১৮ সালে হিউম্যান-কম্পিউটার ইন্টারঅ্যাকশন বিষয়ে স্নাতকোত্তর এবং ২০২২ সালে পিএইচডি ডিগ্রি নেন। 

বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে তিনি সেরা পিএইচডি গবেষণাপত্রের জন্য এএএসি ওআই ট্রাস্ট অ্যাওয়ার্ড লাভ করেন। তিনি কম্পিউটেশনাল সোশ্যাল সায়েন্স অ্যান্ড এআই ল্যাবের পরিচালক হিসেবেও পরিচিত। ঘটনাটি সম্পর্কে টেম্পা পুলিশ বা সংশ্লিষ্ট আদালতের পক্ষ থেকে তদন্তের বিস্তারিত তথ্য, জব্দ করা ডিজিটাল উপকরণ কিংবা মামলার পরবর্তী কার্যক্রম সম্পর্কে বিস্তারিত প্রকাশিত হয়নি। অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তের বক্তব্যও এই প্রতিবেদন তৈরির সময় পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ফৌজদারি বিচারব্যবস্থায় গ্রেফতার বা অভিযোগ দায়ের হওয়া অপরাধ প্রমাণের সমতুল্য নয়। আদালতে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত রাইয়ান আবদুল বাতেন আইনত নির্দোষ বলে বিবেচিত হবেন।