নিউইয়র্কের ব্রঙ্কসে স্কুলে যাওয়ার পথে জাভিটস ফ্রিমপং নামে ১৫ বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ক্লারমন্ট এলাকার ইস্ট ১৭১ স্ট্রিট ও ক্রোটোনা প্লেসের কাছে এ ঘটনা ঘটে। ঘানার নাগরিক জাভিটসের পেটে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে সেন্ট বার্নাবাস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিউইয়র্ক সিটি পুলিশডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) জানায়, সকাল ৯টা ২৪ মিনিটে গুলির খবর পেয়ে ৪২তম প্রিসিঙ্কটের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তারা কিশোরটিকে পেটে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। পুলিশ সদস্যরা নিজেদের গাড়িতে করে তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

জাভিটস ড্রিমইয়ার্ড প্রিপারেটরি স্কুলের শিক্ষার্থী ছিল। স্কুলে যাওয়ার পথেই তার ওপর হামলা হয়। নজরদারি ক্যামেরার ভিডিওতে গুলিবিদ্ধ হওয়ার পর তাকে প্রাণ বাঁচাতে দৌড়াতে দেখা যায়। পেছনে কালো পোশাক পরা এক ব্যক্তিকেও দৌড়াতে দেখা গেছে। কিছু দূর যাওয়ার পর জাভিটস রাস্তায় লুটিয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিন কিশোরকে খোঁজা হচ্ছে। তাদের বয়স আনুমানিক ১৬ থেকে ১৮ বছর। ঘটনার পর তারা পালিয়ে যায়। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। হত্যার উদ্দেশ্য সম্পর্কেও পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। 

স্কুলে হয়রানির অভিযোগ, দুই শিক্ষার্থী সাময়িক বরখাস্ত

জাভিটসের বাবা থমাস ফ্রিমপং সংবাদমাধ্যমকে জানান, হত্যাকাণ্ডের কয়েক দিন আগে স্কুলের দুই শিক্ষার্থীর সঙ্গে তার ছেলের বিরোধ হয়েছিল। স্কুলের প্রধান শিক্ষক তাকে ফোন করে জানান, ওই দুই শিক্ষার্থী তার ছেলেকে বিরক্ত ও হয়রানি করছিল। এ কারণে তাদের সাময়িকভাবে স্কুল থেকে বরখাস্ত করা হয়েছে। থমাসের দাবি, তার ছেলে আগেও স্কুলে হয়রানির শিকার হওয়ার কথা তাকে জানিয়েছিল। বিশেষ করে দুপুরের খাবারের সময় এক সহপাঠী তাকে বিরক্ত করত।

এ বিষয়ে জাভিটস স্কুলের প্রধান শিক্ষকের কাছেও অভিযোগ করেছিল। বাবা জানান, স্কুল থেকে দুই শিক্ষার্থীকে বরখাস্ত করার পর তিনি ছেলের সঙ্গে কথা বলেছিলেন। ছেলে তাকে আশ্বস্ত করে বলেছিল, সে ঠিক আছে। কিন্তু কয়েক দিন পরই ছেলেকে গুলি করে হত্যার খবর পান তিনি। জাভিটসের এক বন্ধু ডালভি রদ্রিগেজও সংবাদমাধ্যমকে জানান, হত্যাকাণ্ডের আগের দিন স্কুলে দুই শিক্ষার্থীর সঙ্গে জাভিটসের বিরোধ হয়েছিল।

তবে ওই বিরোধের সঙ্গে হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। পুলিশও হত্যার উদ্দেশ্য সম্পর্কে কোনো সিদ্ধান্ত জানায়নি। 

এক বছর আগে ঘানা থেকে নিউইয়র্কে এসেছিল জাভিটস

জাভিটসের বাবা থমাস ফ্রিমপং জানান, তিনি ২০০০ সালে ঘানা থেকে নিউইয়র্কে আসেন। প্রায় এক বছর আগে ছেলে জাভিটসও তার কাছে নিউইয়র্কে আসে। ছেলের মা ঘানায় থাকতেন। যুক্তরাষ্ট্রে ছেলের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। 

বাবার ভাষায়, জাভিটস ছিল শান্ত স্বভাবের ছেলে। স্কুল থেকে ফিরে সাধারণত বাড়িতেই থাকত এবং মোবাইল ফোনে গেম খেলত। বাবা বাড়ি ফিরলে ছেলে নিচে নেমে দরজা খুলে দিতো। ছেলের মৃত্যুর খবর পেয়ে তিনি ভেঙে পড়েন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ছেলেকে ছাড়া তার জীবন কল্পনা করা কঠিন। হাসপাতালে ছেলের পাশে তিনি একাই ছিলেন। ছেলের মৃত্যুর খবর ঘানায় থাকা তার মাকে জানানো হলে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। ছেলের শেষ বিদায় জানাতে মা যেন যুক্তরাষ্ট্রে আসতে পারেন, সে জন্য পরিবারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়। 

মাকে ভিসা দিতে সম্মতি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ছেলের মরদেহ শেষবারের মতো দেখতে ঘানায় থাকা মা ডরিস আদু গিয়ামফিকে যুক্তরাষ্ট্রে আনার উদ্যোগ নেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। এ বিষয়ে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি কথা বলেন। গত ৩১ অক্টোবর শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মামদানি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প তার সঙ্গে ফোনে কথা বলার পর জাভিটসের মাকে অবিলম্বে ভিসা দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন। 

মামদানি লেখেন, একটি শিশুর মৃত্যু কোনো বাবা-মায়ের জন্যই অসহনীয় বেদনার। হাজার হাজার মাইল দূরে থেকে সেই শোক বহন করা আরো কঠিন। জাভিটসের মায়ের ছেলেকে শেষবারের মতো সরাসরি বিদায় জানানোর অধিকার রয়েছে। তিনি আরো বলেন, পুরো নিউইয়র্ক সিটি এ মর্মান্তিক ঘটনায় শোকাহত। ঘানার পররাষ্ট্রমন্ত্রী স্যাম ওকুদজেতো আবলাকওয়া প্রেসিডেন্ট ট্রাম্প ও মেয়র মামদানির উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, জাভিটসের মা ডরিস আদু গিয়ামফির ভিসা প্রক্রিয়ায় সহায়তার জন্য ঘানার কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। ঘানার সরকার তার যুক্তরাষ্ট্রে যাতায়াতের সম্পূর্ণ ব্যয় বহন করবে এবং ছেলের মর্যাদাপূর্ণ শেষকৃত্যের আয়োজনেও সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

মেয়র ট্রাম্পের সম্মতির কথা জানালেও ভিসা ইস্যুর আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউসের নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি বলে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে।