৬ অগাস্ট ২০২৬, বুধবার, ১০:১৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর মাইর শুরু হয়েছে কেবল, আসল মারই তো শুরুই হয়নি সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা শিশুদের টিকা নীতিতে বড় পরিবর্তন আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ শতবর্ষী চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশন সংস্কারে বড় প্রকল্প মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের


সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-০৮-২০২৬
সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা এমটিএ


গ্রীষ্মকালে নিউইয়র্ক সিটির পাতালরেল স্টেশনের প্ল্যাটফর্মে অসহনীয় গরম কমাতে নতুন উদ্যোগ নিয়েছে নিউইয়র্কস্টেট, সিটি গভর্নমেন্ট ও মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি-এমটিএ। গভর্নর ক্যাথি হোচুল, নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এবং এমটিএ যৌথভাবে একটি থার্মাল এনার্জি নেটওয়ার্ক-টিইএন নিয়ে গবেষণার ঘোষণা দিয়েছেন। ৭ আগস্ট ঘোষিত এ পরিকল্পনার আওতায় ম্যানহাটনের ব্রুকলিন ব্রিজ-সিটি হল ৪, ৫, ৬ এবং চেম্বারস স্ট্রিট জেড/ জে স্টেশন কমপ্লেক্সকে কেন্দ্র করে সম্ভাব্য থার্মাল এনার্জি নেটওয়ার্ক স্থাপনের কার্যকারিতা পরীক্ষা করা হবে। বাস্তবায়িত হলে এটি যুক্তরাষ্ট্রের কোনো ট্রানজিট ব্যবস্থায় স্থাপিত প্রথম থার্মাল এনার্জি নেটওয়ার্ক হতে পারে।

পরিকল্পনার মূল লক্ষ্য হলো গ্রীষ্মকালে পাতালরেলের প্ল্যাটফর্মে জমে থাকা অতিরিক্ত তাপ কমানো এবং সেই তাপকে অপচয় না করে সংরক্ষণ ও পুনর্ব্যবহার করা। শীতকালে ওই তাপ ব্যবহার করে কাছাকাছি পৌর ভবনগুলো উষ্ণ রাখার সম্ভাবনাও পরীক্ষা করা হবে। এর ফলে একদিকে যাত্রীদের জন্য স্টেশনের পরিবেশ আরামদায়ক হবে, অন্যদিকে দীর্ঘমেয়াদে জ্বালানি খরচ কমানোর সুযোগ তৈরি হতে পারে। ব্রুকলিন ব্রিজ-সিটি হল ৪, ৫, ৬ স্টেশনটি নিউইয়র্কের অন্যতম উষ্ণ পাতালরেল স্টেশন হিসেবে পরিচিত। ২০২৫ সালের গ্রীষ্মে সেখানে প্ল্যাটফর্মের গড় তাপমাত্রা প্রায় ৯৬ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠেছিল। অতিরিক্ত গরম শুধু যাত্রীদের দুর্ভোগই বাড়ায় না, তাপজনিত বিভিন্ন সমস্যার কারণে পাতালরেল পরিষেবায় বিলম্বের ঝুঁকিও তৈরি করতে পারে।

গভর্নর হোচুল বলেন, বছরের পর বছর ধরে নিউইয়র্কবাসী গ্রীষ্মকালে পাতালরেল প্ল্যাটফর্মে প্রচণ্ড গরমের মধ্যে যাতায়াত করছেন। মেয়র মামদানি ও এমটিএর সঙ্গে কাজ করে আধুনিক জলবায়ু প্রযুক্তি ব্যবহার করে গ্রীষ্মে স্টেশনগুলোকে তুলনামূলক ঠান্ডা রাখা এবং শীতকালে গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলো গরম করার ব্যবস্থা তৈরির চেষ্টা করা হচ্ছে। এদিকে চেম্বার্স স্ট্রিট জেড, জে স্টেশনের ব্যাপক সংস্কার প্রকল্পও এই উদ্যোগের সঙ্গে যুক্ত হচ্ছে। ১১৩ বছরের পুরোনো এই স্টেশনে কাঠামোগত মেরামত, পুরোনো টাইলস পরিবর্তন, সিঁড়ির উন্নয়ন, পানি চুইয়ে পড়া বন্ধ করা, ছাদের মেরামত এবং দীর্ঘদিনের পানির ক্ষয়ক্ষতি দূর করার কাজ করা হবে। এমটিএর ২০২০-২০২৪ সালের উন্নয়ন পরিকল্পনার আওতায় কনজেশন প্রাইসিং থেকে পাওয়া অর্থ দিয়ে এ সংস্কার প্রকল্পের অর্থায়ন করা হচ্ছে। ২০২৬ সালের শেষ নাগাদ প্রকল্পটির কাজ এগিয়ে নিতে এমটিএ একটি চুক্তি দেওয়ার পরিকল্পনা করছে।

চেম্বারস স্ট্রিট স্টেশনের সংস্কারের সঙ্গে থার্মাল এনার্জি নেটওয়ার্ক নিয়ে গবেষণাকে যুক্ত করায় নতুন প্রযুক্তি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে। প্রকল্পটি সফল হলে ভবিষ্যতে নিউইয়র্কের অন্যান্য পাতালরেল স্টেশনেও অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণ এবং সেই তাপ পুনর্ব্যবহারের প্রযুক্তি ব্যবহারের পথ খুলে যেতে পারে। নিউ ইয়র্ক ও স্টেট সরকারের কর্মকর্তারা মনে করছেন, এ উদ্যোগ শুধু যাত্রীদের গ্রীষ্মকালীন ভোগান্তি কমানোর সম্ভাবনাই তৈরি করবে না বরং একই সঙ্গে পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার উন্নয়ন, সরকারি ভবনের দীর্ঘমেয়াদি জ্বালানি ব্যয় কমানো এবং নিউইয়র্কের গণপরিবহন অবকাঠামোকে আরো টেকসই করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শেয়ার করুন