২৬ অগাস্ট ২০২৬, বুধবার, ০৮:২৭:২২ অপরাহ্ন
শিরোনাম :


এইচওয়ানবি আবেদনে ১ লাখ ৩২৬৫ ডলার অতিরিক্ত ফির প্রস্তাব
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৬-০৮-২০২৬
এইচওয়ানবি আবেদনে ১ লাখ ৩২৬৫ ডলার অতিরিক্ত ফির প্রস্তাব এইচওয়ানবি


যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের জন্য বহুল ব্যবহৃত এইচওয়ানবি ভিসা ব্যবস্থায় বড় ধরনের ফি বৃদ্ধির প্রস্তাব দিয়েছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। গত ২৫ আগস্ট ফেডারেল রেজিস্টারে চূড়ান্ত নিয়ম প্রকাশ করেছে। প্রস্তাবটির ডকেট নম্বর ইউএসসিআইএস-২০২৬-০২৯৮। নতুন প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, ক্যাপসাপেক্ষ সব এইচওয়ানবি পিটিশনের জন্য ১ লাখ ৩ হাজার ২৬৫ ডলার অতিরিক্ত ফি দিতে হবে। যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে মাস্টার্স বা তার বেশি ডিগ্রিধারীদের জন্য থাকা অ্যাডভান্সড ডিগ্রি এক্সেম্পশনও এই প্রস্তাবের আওতায় থাকবে।

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির প্রস্তাব অনুযায়ী, পিটিশন দাখিলের সময়ই এ অতিরিক্ত ফি পরিশোধ করতে হবে। এটি এইচওয়ানবি আবেদনের সঙ্গে বর্তমানে প্রযোজ্য অন্যান্য সব ফি ও অর্থ প্রদানের অতিরিক্ত হিসেবে নেওয়া হবে। প্রস্তাবিত এই ফি থেকে ফেডারেল সরকার বছরে প্রায় ৮.৮ বিলিয়ন ডলার রাজস্ব সংগ্রহ করতে পারে বলে ডিএইচএসের হিসাব। বছরে প্রায় ৮৫ হাজার ক্যাপসাপেক্ষ এইচওয়ানবি পিটিশন দাখিল হবে বলে এমন অনুমানের ভিত্তিতে এ হিসাব করা হয়েছে।

ডিএইচএস বলছে, ফি থেকে পাওয়া অর্থ বৈধ অভিবাসন ব্যবস্থা পরিচালনার সরকারি ব্যয়ের একটি অংশ পুনরুদ্ধারে ব্যবহার করা হবে। এর মধ্যে অভিবাসন সুবিধার আবেদন যাচাই, প্রতারণা শনাক্তকরণ, জাতীয় নিরাপত্তা যাচাই, প্রযুক্তি ও সিস্টেম আধুনিকায়ন, নথি সংরক্ষণ ও ফি সংগ্রহ, ইমিগ্রেশন কোর্ট পরিচালনা, কনস্যুলার ভিসা প্রক্রিয়াকরণ, শ্রমমান বাস্তবায়ন এবং বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয়ের ব্যয় রয়েছে।

ইউএসসিআইএসের মুখপাত্র জ্যাক কাহলার বলেন, প্রস্তাবিত এইচওয়ানবি ফি এমন ব্যয় পুনরুদ্ধারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে, যা বৈধ অভিবাসন কর্মসূচির আবেদন যাচাই, নিরাপত্তা যাচাই এবং পরিচালনার জন্য পুরো ফেডারেল সরকারকে বহন করতে হয় এবং যা অন্যথায় করদাতাদের অর্থে অর্থায়ন করতে হয়। তবে প্রস্তাবিত অতিরিক্ত ফি ক্যাপের আওতামুক্ত এইচওয়ানবি পিটিশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। নির্দিষ্ট কিছু অলাভজনক গবেষণা সংস্থা, সরকারি গবেষণা সংস্থা এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক দাখিল করা ক্যাপ-অব্যাহতি এইচওয়ানবি পিটিশন এর আওতায় পড়বে না।

বর্তমান নিয়মে প্রতি বছর সর্বোচ্চ ৬৫ হাজার ক্যাপসাপেক্ষ এইচওয়ানবি ভিসা বা স্ট্যাটাস অনুমোদন করা হয়। এর বাইরে যুক্তরাষ্ট্রের কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে মাস্টার্স বা তার বেশি ডিগ্রি অর্জনকারী বিদেশিদের জন্য আরো ২০ হাজার ভিসা বা স্ট্যাটাসের সুযোগ রয়েছে। ডিএইচএসের প্রস্তাবটি এখনো চূড়ান্ত নিয়ম নয়। প্রস্তাবটি ফেডারেল রেজিস্টারে প্রকাশের পর সাধারণ মানুষের মতামত নেওয়া হবে। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, প্রকাশের তারিখের ৩০ দিনের মধ্যে লিখিত মন্তব্য জমা দিতে হবে। মন্তব্য অনলাইনে রেগুলেশনস ডট গভ-এর মাধ্যমে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ প্রস্তাব কার্যকর হলে নতুন এইচওয়ানবিকর্মী নিয়োগ করতে চাওয়া অনেক নিয়োগকর্তার জন্য খরচ ব্যাপকভাবে বেড়ে যেতে পারে। বিশেষ করে ক্যাপসাপেক্ষ এইচওয়ানবি পিটিশনে প্রস্তাবিত ১ লাখ ৩ হাজার ২৬৫ ডলারের ফি বর্তমানে বিদ্যমান অন্যান্য ফি ও খরচের ওপর যোগ হবে।

শেয়ার করুন