০৭ মে ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৩৮:৪৬ অপরাহ্ন


নতুন নির্বাহী আদেশে অবসর সঞ্চয় প্ল্যানে ৫৬ মিলিয়ন আমেরিকান প্রভাবিত হতে পারেন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-০৫-২০২৬
নতুন নির্বাহী আদেশে অবসর সঞ্চয় প্ল্যানে ৫৬ মিলিয়ন আমেরিকান প্রভাবিত হতে পারেন হোয়াইট হাউসের ওভাল অফিসে ৩০ এপ্রিল নির্বাহী আদেশে স্বাক্ষর করার পর প্রেসিডেন্ট ট্রাম্প বক্তব্য দেন


যুক্তরাষ্ট্রে অবসর সঞ্চয় ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গত ২৯ এপ্রিল হোয়াইট হাউসের ওভাল অফিসে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে সেভার্স ম্যাচ রিটায়ারমেন্ট প্ল্যান নামে এ নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এ উদ্যোগের লক্ষ্য হলো যেসব কর্মী এখনো কোনো নিয়োগকর্তা-স্পনসর ৪০১(কে) বা অবসর পরিকল্পনার আওতায় নেই, তাদের জন্য সরকারি সহায়তায় অবসর সঞ্চয়ের সুযোগ তৈরি করা। এ পদক্ষেপকে ট্রাম্প প্রশাসন বিস্তৃত অর্থনৈতিক অন্তর্ভুক্তির অংশ হিসেবে দেখাচ্ছে কারণ প্রায় ৫৬ মিলিয়ন আমেরিকানকে প্রভাবিত করতে পারে।

এ নতুন পরিকল্পনার অধীনে, যেসব নিম্নআয়ের কর্মী ব্যক্তিগত বা কর্মক্ষেত্রভিত্তিক অবসর অ্যাকাউন্ট পান না, তারা সরকারি সহায়তায় অবসর সঞ্চয় করতে পারবেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, ফেডারেল কর্মীদের মতোই অবসর সুবিধা সাধারণ আমেরিকানদের জন্যও উন্মুক্ত করবো এবং আমরা সেটাই করছি।

এ ব্যবস্থায় বলা হয়েছে, যাদের বার্ষিক আয় নির্দিষ্ট সীমার নিচে যেমন একক ব্যক্তির ক্ষেত্রে প্রায় ৩৫ হাজার ৫০০ ডলার, পরিবারের প্রধানের ক্ষেত্রে ৫৩ হাজার ২৫০ ডলার এবং দম্পতির ক্ষেত্রে ৭১ হাজার ডলারের কম, তারা এ সুবিধার আওতায় পড়বেন। এসব যোগ্য ব্যক্তি তাদের অবসর সঞ্চয় অ্যাকাউন্টে প্রতি বছর সর্বোচ্চ ১ হাজার ডলার পর্যন্ত সরকারি ম্যাচিং কন্ট্রিবিউশন পাবেন।

ট্রাম্প দাবি করেন, এ পরিকল্পনা বিপ্লবী পরিবর্তন আনবে। কারণ এতে সাধারণ মানুষও দীর্ঘমেয়াদে বড় অঙ্কের সঞ্চয় গড়ে তুলতে পারবে। তিনি বলেন, উদাহরণ হিসেবে যদি ২৫ বছর বয়সী একজন ব্যক্তি মাসে মাত্র ১৬৫ ডলার সঞ্চয় করেন এবং সরকার তার সঙ্গে মিলিয়ে অবদান রাখে, তাহলে অবসরের সময় তার অ্যাকাউন্টে প্রায় ৪ লাখ ৬৫ হাজার ডলার পর্যন্ত জমা হতে পারে।

এ উদ্যোগটি মূলত এমন প্রায় ৫৬ মিলিয়ন মানুষের দিকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে, যারা কোনো নিয়োগকর্তা-স্পন্সরড অবসর পরিকল্পনার আওতায় নেই। পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, এ গোষ্ঠীর মধ্যে গিগ ওয়ার্কার, ফ্রিল্যান্সার, স্বনিযুক্ত শ্রমিক এবং ছোট ব্যবসার মালিকরা অন্তর্ভুক্ত। এর মধ্যে প্রায় ২৭ মিলিয়ন মানুষ ইতিমধ্যে ২০২২ সালের একটি আইনের মাধ্যমে সেভার্স ম্যাচ নামে একটি অবসর সঞ্চয় প্রোগ্রামের জন্য যোগ্য হলেও এখনো নিবন্ধিত হননি। নতুন পরিকল্পনায় এ ব্যবস্থাকে আরো বিস্তৃত করা হয়েছে।

নতুন নীতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ‘ট্রাম্প আইআরএ ডট গভ’ নামে একটি ওয়েবসাইট চালু করবে, যেখানে মানুষ অবসর সঞ্চয় অ্যাকাউন্টের জন্য আবেদন করতে পারবে। একই সঙ্গে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে এ সরকারি অবদান গ্রহণের জন্য তালিকাভুক্ত করা হবে। এ পরিকল্পনার অর্থনৈতিক ব্যয়ও উল্লেখযোগ্য। কংগ্রেসনাল বাজেট অফিস অফিসের সংশ্লিষ্ট পূর্ববর্তী বিশ্লেষণে বলা হয়েছে, এ ধরনের ম্যাচিং প্রোগ্রামে ২০২৭ থেকে ২০৩২ সালের মধ্যে প্রায় ৯ দশমিক ৩ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে।

ট্রাম্প প্রশাসন এর আগে শিশুদের জন্যও একটি সঞ্চয় প্রকল্প চালু করেছিল, যেখানে ২০২৫ থেকে ২০২৮ সালের মধ্যে জন্ম নেওয়া শিশুদের জন্য ১ হাজার ডলার করে প্রাথমিক সঞ্চয় অ্যাকাউন্ট দেওয়া হয়। নতুন অবসর প্রকল্পটি সে অর্থনৈতিক নীতিরই একটি সম্প্রসারণ হিসেবে দেখা হচ্ছে। এ উদ্যোগ নিম্ন ও মধ্যম আয়ের কর্মীদের অবসর সঞ্চয়ের সুযোগ বাড়াতে পারে, তবে এর কার্যকারিতা নির্ভর করবে কত মানুষ সত্যিই এ প্রোগ্রামে অংশ নেয় এবং দীর্ঘমেয়াদে কতটা স্থায়ী হয় তার ওপর।

শেয়ার করুন