৬ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৫:১৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহানা হানিফ ও চি ওসে ডেমোক্রে‍টিক সোশালিস্টসের সিটি কাউন্সিল ব্লকে যোগের জন্য আবেদন নিউইয়র্কে অভিবাসন নিয়ন্ত্রণে ফেডারেল ক্ষমতার সীমা নির্ধারণে হোচুলের নতুন আইন প্রস্তাব নিউইয়র্কে বন্দুক সহিংসতা রেকর্ড সর্বনিম্নে, গুলি ছোড়ার ঘটনা কমেছে ৬১ শতাংশ নিউইয়র্কে অসুস্থ ব্যক্তিদের স্বেচ্ছামৃত্যুর আইন চূড়ান্ত তিন নীতি পরিবর্তনে বয়স্কদের হেলথ কেয়ারে গুরুতর প্রভাব ফেলতে পারে মহানবীর হিজরতের গল্প শোনালেন মামদানি চাঁদ দেখাসাপেক্ষ ১৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান তুষার পরিষ্কার না করায় বাড়ির মালিকদের জরিমানা সীমান্ত নজরদারি ছাড়িয়ে নাগরিক পর্যবেক্ষণে ডিএইচএসের এআই প্রযুক্তি অভিবাসীদের সুরক্ষায় নির্বাহী আদেশে সই মামদানির


যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সই : শুল্ক কমে ১৯ শতাংশ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১-০২-২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সই : শুল্ক কমে ১৯ শতাংশ বাংলাদেশ ও আমেরিকার জাতীয় পতাকা


যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোক্যাল ট্রেড (এআরটি)’ চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। এতে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্কহার ২০ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত তুলা ও কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাক রফতানির ক্ষেত্রে রেসিপ্রোকাল শুল্ক শূন্য থাকবে বলে জানানো হয়েছে। 

গত ৯ ফেব্রুয়ারি সোমবার ওয়াশিংটন ডিসিতে দিনে এই চুক্তিটি সই হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য জানিয়েছে। বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার। গত বছরের এপ্রিল থেকে দীর্ঘ নয় মাসব্যাপী আলোচনার পর এ চুক্তিটি চূড়ান্ত হলো। চুক্তি স্বাক্ষরের সময় বাংলাদেশের পক্ষে আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান।

নতুন চুক্তি অনুযায়ী, বাংলাদেশের রফতানি পণ্যের ওপর পাল্টা শুল্ক কমিয়ে ১৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আর যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত তুলা ও কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাক রফতানিতে রেসিপ্রোক্যাল শূন্য শুল্কারোপ করা হয়েছে।

চুক্তি স্বাক্ষর শেষে বাংলাদেশের প্রতিনিধিদলের প্রধান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘এ চুক্তি আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক নতুন উচ্চতার সূচনা করলো। এর ফলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয়ই একে অপরের বাজারে উল্লেখযোগ্য মাত্রায় পণ্য প্রবেশের সুবিধা পাবে।’

চুক্তির শর্তানুসারে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর আরোপিত পারস্পরিক শুল্ক কমিয়ে ১৯ শতাংশ নির্ধারণ করবে। বাংলাদেশ দলের প্রধান আলোচক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, পারস্পরিক শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশ করায় আমাদের রফতানিকারকরা আরো বাড়তি সুবিধা পাবেন। পাশাপাশি নির্দিষ্ট কিছু বস্ত্র ও তৈরি পোশাক রফতানিতে ‘শূন্য’ শুল্ক সুবিধা আমাদের তৈরি পোশাক খাতে ব্যাপক গতি সঞ্চার করবে।’

বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র বলছে, চুক্তিটি সোমবার উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে। উভয় পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির পর এটি কার্যকর হবে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ২ এপ্রিল ১০০টি দেশের ওপর বিভিন্ন হারে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। শুরুতে বাংলাদেশের জন্য এ হার ছিল ৩৭ শতাংশ, যা গত বছরের আগস্টে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছিল। এছাড়া, যুক্তরাষ্ট্র একটি বিশেষ প্রক্রিয়া চালুর প্রতিশ্রুতি দিয়েছে, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের উৎপাদিত তুলা এবং মানবসৃষ্ট তন্তু ব্যবহার করে বাংলাদেশে তৈরি নির্দিষ্ট কিছু বস্ত্র ও পোশাক পণ্য মার্কিন বাজারে ‘শূন্য’ পারস্পরিক শুল্ক সুবিধা পাবে। আগে থেকেই বাংলাদেশি পণ্যে ছিল ১৫ শতাংশ শুল্ক। সব মিলিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের পণ্য রফতানিতে শুল্ক দাঁড়ায় ৩৪ শতাংশে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ৮০০ কোটি ডলারের। এর মধ্যে ৬০০ কোটি ডলারের রফতানি করে বাংলাদেশ। দেশটি থেকে বাংলাদেশ আমদানি করে ২০০ কোটি ডলারের পণ্য। অর্থাৎ বাণিজ্য ঘাটতি বাংলাদেশের অনুকূলে। এ ঘাটতি কমাতে এরই মধ্যে গম, সয়াবিন তেল, ভুট্টা, তুলাসহ বিভিন্ন ধরনের কৃষিপণ্য; উড়োজাহাজ ও উড়োজাহাজের যন্ত্রাংশ; তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ইত্যাদি আমদানি শুরু করেছে বাংলাদেশ।

মাছ, মাংস, দইসহ যুক্তরাষ্ট্রের দেড় হাজার পণ্য পাবে শুল্কমুক্ত সুবিধা

দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি করেছে বাংলাদেশ। এই চুক্তির আওতায় থাকা বিভিন্ন শ্রেণির পণ্যের তালিকা প্রকাশ করেছে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর)। যেখানে দেড় হাজারের বেশি পণ্য আছে, যেগুলো বাংলাদেশের বাজারে ঢ়ুকবে শুল্কমুক্ত সুবিধায়।

যুক্তরাষ্ট্র এই পণ্যগুলোর ওপর শুল্কমুক্ত সুবিধা পাবে চুক্তি কার্যকর হওয়ার দিন থেকে। পণ্যগুলোকে ‘এন্ট্রি ইনটু ফোর্স’ বা ইআইএফ শ্রেণিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে আছে গবাদি পশু, মাংস, মাছ, রাসায়নিক দ্রব্য, টেক্সটাইল, যন্ত্রপাতি এবং অন্যান্য শিল্পজাত পণ্য।

পারস্পরিক বাণিজ্য চুক্তির সংযুক্তি-১ অনুযায়ী, ‘ইআইএফ-এর অন্তর্ভুক্ত পণ্যগুলোর ওপর থেকে কাস্টমস শুল্ক সম্পূর্ণভাবে বিলুপ্ত করা হবে। চুক্তি কার্যকর হওয়ার তারিখ থেকেই এসব পণ্য শুল্কমুক্ত হিসেবে গণ্য হবে।’

ইউএসটিআর -এর প্রকাশিত তফসিল-১-এ ইআইএফ শ্রেণিবদ্ধ পণ্য আছে ১ হাজার ৫৫৫টি। এর মধ্যে জীবন্ত প্রাণীর মধ্যে আছে- উন্নত জাতের পশু (ঘোড়া, গাধা, শুকর ইত্যাদি), জীবন্ত ভেড়া, ছাগল, বিভিন্ন ধরনের হাঁস-মুরগি (মুরগির বাচ্চা, হাঁস, রাজহাঁস), স্তন্যপায়ী প্রাণী (তিমি, ডলফিন), সরীসৃপ ও পতঙ্গ।

মাংস, মাছ ও ভোজ্য উপজাত পণ্যের মধ্যে আছে- শুকর, ভেড়া, ছাগল ও ঘোড়ার টাটকা বা হিমায়িত মাংস এবং বিভিন্ন ধরনের পোল্ট্রি (মুরগি, টার্কি, হাঁস)। এছাড়া লবণজাত পণ্য যেমন- শুকানো মাংস ও ভোজ্য চর্বি বা নাড়িভুঁড়ি। অ্যাকোয়ারিয়ামের শোভাবর্ধক মাছ, বিভিন্ন ধরনের টাটকা বা হিমায়িত মাছ (ট্রাউট, স্যামন, হ্যালিবাট, টুনা, হেরিং, সার্ডিন, ম্যাকেরেল, কড ইত্যাদি) এবং কাঁকড়া, চিংড়িও ইআইএফ শ্রেণিভুক্ত।

দুগ্ধ ও প্রাণিজ পণ্যের মধ্যে আছে- দই, ঘোল, বিভিন্ন ধরনের পনির, নিষিক্ত ও সাধারণ ডিম, পশুর লোম, হাড় এবং ওষুধ তৈরিতে ব্যবহৃত নির্দিষ্ট কিছু প্রাণিজ উপাদান। শাকসবজি ও ফলমূলের মধ্যে আছে- নির্দিষ্ট জাতের আলু, টমেটো, পেঁয়াজ, রসুন, মাশরুম, মটরশুঁটি এবং অন্যান্য ডালজাতীয় শস্য। 

এছাড়া বিভিন্ন ধরনের বাদাম (চেস্টনাট, পাইন নাট) এবং ফল (শুকনো খেজুর, ডুমুর, আনারস, অ্যাভোকাডো, পেয়ারা, আম, লেবুজাতীয় ফল, তরমুজ, নাশপাতি, চেরি, পিচ ও স্ট্রবেরি) ইআইএফ শ্রেণিভুক্ত।

রাসায়নিক এবং ওষুধ পণ্যের মধ্যে আছে- শিল্পে ব্যবহৃত গ্যাস (হাইড্রোজেন, আর্গন, নাইট্রোজেন, অক্সিজেন), অ্যাসিড, অক্সাইড, ক্লোরাইড, সালফেট এবং বিভিন্ন ধরনের ওষুধ। 

টেক্সটাইল ও পোশাক খাতের পণ্যের মধ্যে আছে- রেশম, পশম এবং তুলাজাত পণ্য; যার মধ্যে সুতা, বোনা কাপড় এবং নির্দিষ্ট কিছু পোশাক যেমন ট্র্যাকসুট ও সাঁতারের পোশাক অন্তর্ভুক্ত।

যন্ত্রপাতি ও শিল্প সরঞ্জামের মধ্যে আছে- বয়লার, ইঞ্জিন, পাম্প, ফ্যান, শিল্প কারখানার চুল্লি, প্রিন্টিং মেশিনারি, টেক্সটাইল মেশিন, মেশিন টুলস এবং বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম।

৯ ফেব্রুয়ারি সোমবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ‘মার্কিন যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি’তে স্বাক্ষর করেন।

ইউএসটিআর-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে জেমিসন গ্রিয়ার বলেন, বাংলাদেশের সঙ্গে এই পারস্পরিক বাণিজ্য চুক্তি দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম। এটি বাজার উন্মুক্ত করা, বাণিজ্য বাধা দূর করা এবং মার্কিন রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ তৈরির ক্ষেত্রে অর্থবহ পদক্ষেপ। 

বছরে ৪২ হাজার কোটি টাকার কৃষিপণ্য কেনার প্রতিশ্রুতি

বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে উল্লেখযোগ্য পরিমাণ কৃষিপণ্য আমদানির প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। সোমবার স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিতে যা উল্লেখ রয়েছে। এসব কৃষিপণ্যের মোট আনুমানিক মূল্য ধরা হয়েছে ৩৫০ কোটি মার্কিন ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪২ হাজার কোটি টাকার বেশি। 

বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বছরে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ৮০০ কোটি মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ রপ্তানি করে প্রায় ৬০০ কোটি ডলারের পণ্য। আর আমদানি করে প্রায় ২০০ কোটি ডলারের পণ্য।

কৃষিপণ্যের প্রতিশ্রুতির মধ্যে রয়েছে- আগামী পাঁচ বছরে প্রতি বছর কমপক্ষে ৭ লাখ মেট্রিক টন গম আমদানি। পাশাপাশি এক বছরের মধ্যে সর্বোচ্চ ১২৫ কোটি বিলিয়ন ডলার বা ২৬ লাখ মেট্রিক টন (যেটি কম) মূল্যের সয়াবিন ও সয়াজাত পণ্য। এছাড়া তুলা আমদানির পরিকল্পনার কথা বলা হয়েছে। 

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তির অংশ হিসেবে বাংলাদেশ মার্কিন উড়োজাহাজ, জ্বালানি এবং সামরিক সরঞ্জাম ক্রয় বাড়ানোর উদ্যোগ নিতে সম্মত হয়েছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশের জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির তৈরি ১৪টি বেসামরিক উড়োজাহাজ কেনার পরিকল্পনা করছে। পাশাপাশি ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত উড়োজাহাজ ক্রয়ের বিকল্পও রাখা হয়েছে। এছাড়া উড়োজাহাজের যন্ত্রাংশ ও সংশ্লিষ্ট সেবা যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহের বিষয়েও সহযোগিতা বাড়ানোর কথা চুক্তিতে বলা হয়েছে।

চুক্তিতে আরও বলা হয়েছে, জ্বালানি খাতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসসহ (এলএনজি) বিভিন্ন জ্বালানি পণ্য দীর্ঘমেয়াদে আমদানির উদ্যোগ নেবে। দীর্ঘমেয়াদি চুক্তিসহ ১৫ বছরে প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলারের জ্বালানি পণ্য কেনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 

এ ছাড়া প্রতিরক্ষা খাতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম ক্রয় বাড়ানোর বিষয়ে প্রচেষ্টা চালাবে বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে নির্দিষ্ট কিছু দেশ থেকে সামরিক সরঞ্জাম কেনার পরিমাণ সীমিত রাখার কথাও চুক্তিতে বলা হয়েছে।

শেয়ার করুন