২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ০৯:১৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :


নিউইয়র্কে বন্দুক সহিংসতা রোধে প্রায় ২১ মিলিয়ন ডলার বরাদ্দ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-০২-২০২৬
নিউইয়র্কে বন্দুক সহিংসতা রোধে প্রায় ২১ মিলিয়ন ডলার বরাদ্দ


নিউ ইয়র্ক স্টেটে বন্দুক সহিংসতা কমাতে এবং প্রাণহানি রোধে কমিউনিটি-ভিত্তিক উদ্যোগে প্রায় ২১ মিলিয়ন ডলার অনুদান ঘোষণা করেছেন স্টেট গভর্নর। এই অর্থায়ন এসএনইউজি স্ট্রিট আউটরিচ কর্মসূচির আওতায় ১৪টি কমিউনিটিতে কাজ করা সংগঠন ও হাসপাতালগুলোর মধ্যে বিতরণ করা হবে। প্রমাণভিত্তিক এই উদ্যোগের লক্ষ্য হলো বন্দুক সহিংসতার ঝুঁকিতে থাকা ব্যক্তি ও পরিবারকে সরাসরি সহায়তা দিয়ে সহিংসতার চক্র ভাঙা, প্রতিশোধমূলক হামলা ঠেকানো এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসন নিশ্চিত করা।

নিউ ইয়র্ক গভর্নর হোচুল বলেন, এসএনইউজি এবং তাদের কমিউনিটি অংশীদাররা প্রতিদিন জীবনরক্ষাকারী কাজ করছে। এই বিনিয়োগের মাধ্যমে আমরা নিরাপদ পাড়া গড়ে তুলছি, সহিংসতার পর ক্ষতিগ্রস্ত পরিবারকে পাশে দাঁড়াচ্ছি এবং তরুণদের জন্য বাস্তব সুযোগ তৈরি করছি। তিনি আরও জানান, ২০২৫ সালে নিউইয়র্ক অঙ্গরাজ্যে বন্দুক সহিংসতা রেকর্ড-সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এটি নিউ ইয়র্ক রাজ্য সরকারের ধারাবাহিক নীতিগত পদক্ষেপের ফল।

গান ইনভলভড ভায়োলেন্স এলিমিনেশন (গিভ ) উদ্যোগে অংশ নেওয়া ২৮টি পুলিশ বিভাগ ২০২৫ সালে গুলিবিদ্ধ হয়ে আহতের ৪৯১টি ঘটনা রিপোর্ট করেছে। ২০০৬ সালে তথ্য সংগ্রহ শুরু হওয়ার পর যা সর্বনিম্ন। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে গুলির ঘটনার সংখ্যা ১৬ শতাংশ কমেছে। গুলিবিদ্ধের সংখ্যা ৭২৩ থেকে কমে ৫৬৬-এ নেমেছে এবং বন্দুক সহিংসতায় মৃত্যুর সংখ্যা ১১৬ থেকে কমে ৮৯-এ দাঁড়িয়েছে ।

এসএনইউজি কর্মসূচি পরিচালনা করে নিউ ইয়র্ক স্টেট ডিভিশন অব ক্রিমিনাল জাস্টিস সার্ভিসেস (ডিসিজেএস)। এটি গভর্নরের সমন্বিত সহিংসতা-প্রতিরোধ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। পাশাপাশি গিভ উদ্যোগ, ক্রাইম অ্যানালাইসিস সেন্টারস নেটওয়ার্ক এবং প্রজেক্ট রাইজের সঙ্গে সমন্বয় করে কাজ করে এই কর্মসূচি। জনস্বাস্থ্যভিত্তিক পদ্ধতিতে সংঘাতের উৎস চিহ্নিত করা, সহিংসতার বিস্তার ঠেকানো এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তি-পরিবারকে পুনর্বাসন সেবার সঙ্গে যুক্ত করাই এর মূল লক্ষ্য। ডিসিজেএস কমিশনার রোসানা রোসাডো বলেন, এসএনইউজি সহিংসতা ঘটার আগেই তা প্রতিরোধে কাজ করছে এবং ঘটনার পর পুনরুদ্ধার প্রক্রিয়ায় পরিবারকে সহায়তা দিচ্ছে। এর মাধ্যমে পাড়ায় আস্থা ফিরছে এবং দীর্ঘমেয়াদে নিরাপদ ভবিষ্যৎ তৈরি হচ্ছে।

২০২৬ ক্যালেন্ডার বছরের জন্য ২০ দশমিক ৯ মিলিয়ন ডলার ব্যয়ে ১৭৬ জন পূর্ণকালীন ও ৪৬ জন খণ্ডকালীন কর্মী নিয়োগ থাকবে। তারা আলবানি, ব্রঙ্কস, বাফেলো, হেম্পস্টেড, মাউন্ট ভার্নন, নিউবার্গ, নাইয়াগ্রা ফলস, পকিপসি, সিরাকিউজ, রচেস্টার, ট্রয়, ইউটিকা, ওয়ায়ানড্যাঞ্চ ও ইয়ঙ্কার্স এই এলাকাগুলোতে কাজ করবেন। গত বছর এসব এসএনইউজি জোন-এ গুলিবিদ্ধের সংখ্যা ও প্রাণহানিতে উল্লেখযোগ্য দ্বি-অঙ্কের হ্রাস দেখা গেছে।

হাসপাতালভিত্তিক সাড়া দাতা হসপিটাল রেসপন্ডারস, সোশ্যাল ওয়ার্কার ও কেস ম্যানেজাররা ট্রমা সেন্টারে সরাসরি কাজ করেন বিশেষ করে আলবানি, বাফেলো, ব্রঙ্কস ও রচেস্টারে যাতে সহিংসতার শিকার ব্যক্তি ও পরিবার তাৎক্ষণিক সহায়তা পান এবং কমিউনিটি ভিত্তিক দীর্ঘমেয়াদি সেবার সঙ্গে যুক্ত হতে পারেন। কর্মীরা নিজেদের কমিউনিটির বিশ্বস্ত দূত ক্রেডিবল মেসেঞ্জারস, অনেকেরই সহিংসতার ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে, যা ঝুঁকিপূর্ণ তরুণদের সঙ্গে বিশ্বাসভিত্তিক সম্পর্ক গড়ে তুলতে সহায়ক।

ঘোষণা অনুযায়ী, নিউইয়র্ক সিটি ও লং আইল্যান্ড, হাডসন ভ্যালি, ক্যাপিটাল রিজিয়ন, সেন্ট্রাল নিউইয়র্ক, মোহক ভ্যালি, ফিঙ্গার লেকস ও ওয়েস্টার্ন নিউইয়র্ক অঞ্চলের বিভিন্ন কমিউনিটি সংগঠন ও হাসপাতাল অনুদান পাবে। এর মধ্যে ব্রঙ্কসে জ্যাকোবি মেডিকেল সেন্টার, বাফেলোতে এরি কাউন্টি মেডিকেল সেন্টার, রচেস্টারে পাথস্টোন কর্প ও রচেস্টার জেনারেল হাসপাতালসহ একাধিক প্রতিষ্ঠান রয়েছে।

এসএনইউজি কর্মসূচিকে আলাদা করেছে ডিসিজেএসের বিস্তৃত প্রশিক্ষণ ও তদারকি ব্যবস্থা। নতুন কর্মীদের জন্য ৪০ ঘণ্টার বাধ্যতামূলক প্রশিক্ষণ এবং নতুন সুপারভাইজারদের জন্য ৩২ ঘণ্টার ব্যবস্থাপনা প্রশিক্ষণ রয়েছে। এছাড়া সব কর্মীকে বছরে অন্তত ৪০ ঘণ্টা পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন করতে হয়। এর ফলে বিভিন্ন সংগঠন ও হাসপাতাল দ্বারা পরিচালিত হলেও সব সাইটে একই মান ও পদ্ধতি বজায় থাকে। আইনশৃঙ্খলা জোরদারের পাশাপাশি কমিউনিটি ভিত্তিক আস্থা পুনর্গঠন ও সুযোগ সৃষ্টি এই দুই ধারার সমন্বয়ই বন্দুক সহিংসতা কমাতে কার্যকর হচ্ছে। গভর্নর হোকুলের নতুন অর্থায়ন সেই কৌশলকেই আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন