প্রতীকী ছবি
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দেশব্যাপী ন্যূনতম মজুরি ঘণ্টায় ২৫ ডলারে উন্নীত করার একটি নতুন ফেডারেল বিল উত্থাপন করা হয়েছে। প্রস্তাবটি ঘিরে ইতোমধ্যে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। কারণ অনেক আইনপ্রণেতা ও বিশ্লেষক বলছেন, উচ্চ জীবনযাত্রার ব্যয়ের কিছু স্টেটে এটি এখনো যথেষ্ট নয়। হাউসে লিভিং ওয়েজ ফর অল অ্যাক্ট বিলটি উত্থাপন করেন ইলিনয় স্টেটের ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান ডেলিয়া সি. রামিরেজ। তার সঙ্গে সহ-উপস্থাপক হিসেবে ছিলেন জেসুস চুই গার্সিয়া (ইলিনয়), লাতিফা সাইমন (ক্যালিফোর্নিয়া) এবং অ্যানালিলিয়া মেজিয়া (নিউ জার্সি)। অন্যদিকে সেনেটে এ বিলের সমান্তরাল সংস্করণটি উত্থাপন করেন কানেকটিকাটের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি।
বর্তমানে যুক্তরাষ্ট্রের ফেডারেল ন্যূনতম মজুরি ঘণ্টায় ৭ দশমিক ২৫ ডলার, যা ২০০৯ সাল থেকে অপরিবর্তিত রয়েছে। নতুন প্রস্তাবিত ‘লিভিং ওয়েজ ফর অল অ্যাক্ট’ বিলটি কংগ্রেসে হাউস বিল নম্বর এইচআর ৩১৬১ হিসেবে উত্থাপন করা হয়েছে। বিলটি ডেমোক্র্যাট আইনপ্রণেতারা গত এপ্রিল মাসে পেশ করেন। এর মূল লক্ষ্য হলো শ্রমিকদের আয়কে বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এবং পূর্ণকালীন কাজ করেও দারিদ্র্যের মধ্যে থাকা পরিস্থিতি কমানো।
প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বড় ও উচ্চ মুনাফাসম্পন্ন কোম্পানিগুলো যাদের বার্ষিক আয় ও কর্মীসংখ্যা নির্দিষ্ট সীমার ওপর তাদের ক্ষেত্রে দ্রুত সময়সীমার মধ্যে ন্যূনতম মজুরি ঘণ্টায় ২৫ ডলারে উন্নীত করতে হবে। এসব বড় প্রতিষ্ঠানকে ২০৩১ সালের মধ্যে লক্ষ্য পূরণ করতে হবে। অন্যদিকে ছোট ও মাঝারি আকারের ব্যবসার জন্য ধাপে ধাপে বৃদ্ধি প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে, যেখানে ২০৩৮ সালের মধ্যে ২৫ ডলারে পৌঁছানোর কথা বলা হয়েছে।
বিলে আরো উল্লেখ করা হয়েছে যে ভবিষ্যতে ন্যূনতম মজুরি স্বয়ংক্রিয়ভাবে মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করা হতে পারে, যাতে দীর্ঘ সময় ধরে মজুরি স্থির না থাকে।
বিলের সমর্থকরা বলছেন, বর্তমান মজুরি ব্যবস্থা শ্রমিকদের বাস্তব জীবনের খরচ, বাড়িভাড়া, স্বাস্থ্যসেবা, খাদ্য, শিশু পরিচর্যা ও জ্বালানি এসবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাদের মতে, বড় করপোরেশনগুলো রেকর্ড মুনাফা করলেও অনেক কর্মী একাধিক চাকরি করেও মৌলিক চাহিদা পূরণ করতে পারছেন না।
ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য ডেলিয়া সি রামিরেজ এক বিবৃতিতে বলেন, নিম্ন আয়ের পরিবারগুলো দীর্ঘদিন ধরে অর্থনৈতিক চাপের মধ্যে আছে এবং বর্তমান ন্যূনতম মজুরি কোনোভাবেই জীবনধারণযোগ্য মজুরি নয়।
তবে প্রস্তাবটি রাজনৈতিকভাবে বিভক্ত প্রতিক্রিয়া তৈরি করেছে। সমালোচকরা বলছেন, এ মাত্রার মজুরি বৃদ্ধি ছোট ব্যবসার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে, যার ফলে চাকরি হ্রাস বা পণ্যের দাম বৃদ্ধির ঝুঁকি রয়েছে। রিপাবলিকান পার্টির কিছু সদস্য এবং ব্যবসায়িক সংগঠন দাবি করেছে, একক জাতীয় ন্যূনতম মজুরি রাজ্যভেদে জীবনযাত্রার ব্যয়ের পার্থক্যকে উপেক্ষা করবে।
অর্থনৈতিক বিশ্লেষণ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে জীবনযাত্রার ব্যয়ে বড় পার্থক্য রয়েছে। এমআইটি লিভিং ওয়েজ ক্যালকুলেটরের তথ্য ব্যবহার করে দেখা যায়, হাওয়াই, ক্যালিফোর্নিয়া, ম্যাসাচুসেটস, নিউইয়র্ক, নিউ জার্সি এবং ওয়াশিংটন ডিসির মতো উচ্চ ব্যয়ের এলাকায় ২৫ ডলার ঘণ্টাভিত্তিক আয়ও অপর্যাপ্ত হতে পারে। অন্যদিকে পশ্চিম ভার্জিনিয়া, টেনেসি, আলাবামা ও মিসিসিপির মতো কিছু রাজ্যে এটি তুলনামূলকভাবে যথেষ্ট হতে পারে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রায় ৩৭টি রাজ্য ইতোমধ্যে ফেডারেল ন্যূনতম মজুরির চেয়ে বেশি মজুরি নির্ধারণ করেছে এবং বহু শহর স্থানীয়ভাবে ১৫ থেকে ২০ ডলারের বেশি ন্যূনতম মজুরি কার্যকর করেছে।
বিলটি এখনো কংগ্রেসে প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এটি পাস হবে কি না, তা নির্ভর করছে রাজনৈতিক সমঝোতা ও সংখ্যাগরিষ্ঠ সমর্থনের ওপর। তবে এটি যুক্তরাষ্ট্রে ন্যূনতম মজুরি নিয়ে দীর্ঘদিনের বিতর্ককে আবারও নতুন করে সামনে নিয়ে এসেছে।