ইবিটি কার্ড
স্ন্যাপ সুবিধাভোগীদের ভাতা চুরি ও জালিয়াতি রোধে ২০২৭ সালের প্রথম প্রান্তিক থেকে নিউইয়র্ক স্টেটের সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (স্ন্যাপ)-এর সুবিধাভোগীদের জন্য নতুন চিপভিত্তিক ইলেকট্রনিক বেনিফিট ট্রান্সফার (ইবিটি) কার্ড বিতরণ শুরু হবে। আধুনিক এ প্রযুক্তি ব্যবহার করে অবৈধ ‘স্কিমিং’ ডিভাইসের মাধ্যমে ভাতা চুরির ঘটনা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছে স্টেট প্রশাসন।
নিউইয়র্ক স্টেট গভর্নর ক্যাথি হোচুল গত ১৩ জুলাই ঘোষণা করেছেন, সুবিধাভোগীদের ভাতা চুরি থেকে রক্ষা করা এবং আমাদের ইবিটি ব্যবস্থা আধুনিকায়ন করা আমাদের অন্যতম অগ্রাধিকার। এটি এমন একটি কার্যকর পদক্ষেপ, যা দুর্বল ও অসহায় নিউইয়র্কবাসীদের লক্ষ্য করে অপরাধীদের প্রতারণা প্রতিরোধ করবে। খাদ্য নিরাপত্তা ও ক্ষুধা মোকাবিলায় ফেডারেল প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ দুর্বল হলেও নিউইয়র্ক পরিবারগুলোর পাশে রয়েছে এবং তাদের খাদ্য নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
নিউইয়র্ক স্টেটের অফিস অব টেম্পোরারি অ্যান্ড ডিজঅ্যাবিলিটি অ্যাসিস্ট্যান্স (ওটিডিএ) সম্প্রতি ফিডেলিটি ইনফরমেশন সার্ভিসেস (এফআইএস)-এর সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করেছে। প্রতিষ্ঠানটি নতুন চিপযুক্ত ইবিটি কার্ড সরবরাহ করবে। বর্তমানে বাণিজ্যিক ডেবিট ও ক্রেডিট কার্ডে ব্যবহৃত চিপ প্রযুক্তিই এ কার্ডে ব্যবহার করা হবে। যুক্তরাষ্টের জাতীয় পর্যায়ে ব্যবহৃত ফেডারেল ইবিটি ব্যবস্থা সম্প্রতি চিপ কার্ড গ্রহণের সক্ষমতা অর্জন করেছে। এর ফলে ২০২৭ সালের প্রথম প্রান্তিক থেকেই নিউ ইয়র্ক স্টেটে নতুন কার্ড বিতরণ শুরু করা সম্ভব হবে।
গভর্নর হোচুল চলতি বছরের শুরুতেই ওটিডিএকে দ্রুত এ প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন। সংস্থাটি আগে থেকেই চিপযুক্ত নিরাপদ কার্ড সরবরাহে সক্ষম বিক্রেতা নির্বাচনের জন্য দরপত্র আহ্বান করেছিল, যাতে অর্থ বরাদ্দ পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রকল্পটি শুরু করা যায়। ২০২৭ অর্থবছরের বাজেটে গভর্নর ও স্টেট আইনসভা এ প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করেছে। এর আওতায় প্রায় ২০ লাখ (২ মিলিয়ন) নতুন ইবিটি কার্ড ইস্যু করা হবে।
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত পাঁচটি স্টেটে ইতোমধ্যে চিপভিত্তিক ইবিটি কার্ড চালু করেছে। আরো পাঁচটি স্টেট, যার মধ্যে নিউইয়র্কও রয়েছে, বর্তমানে এ প্রযুক্তিতে রূপান্তরের কাজ এগিয়ে নিচ্ছে। ফলে নিউইয়র্ক দেশব্যাপী অল্প কয়েকটি স্টেটের একটি, যারা নিরাপদ চিপ প্রযুক্তিতে যাচ্ছে।
ওটিডিএ ইতোমধ্যে খুচরা বিক্রেতা, সুপারমার্কেট এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছে। তাদের অনুরোধ করা হয়েছে, ২০২৬ সালের শেষ নাগাদ পেমেন্ট টার্মিনাল ও অন্যান্য যন্ত্রপাতি আপডেট করে নতুন চিপভিত্তিক ইবিটি কার্ড গ্রহণের উপযোগী করতে, যাতে নতুন কার্ড চালু হওয়ার পর গ্রাহকরা নির্বিঘ্নে স্ন্যাপ সুবিধা ব্যবহার করতে পারেন। নতুন কার্ড ইস্যুর আগে সুবিধাভোগীদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
সাম্প্রতিক বছরগুলোতে ইবিটি কার্ডে স্কিমিং ডিভাইস ব্যবহার করে কার্ডের তথ্য ও পিন নম্বর চুরি করে অপরাধীরা সুবিধাভোগীদের অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা বেড়েছে। অনেক ক্ষেত্রে সুবিধাভোগীরা নিজেদের ভাতা ব্যবহার করার আগেই তা চুরি হয়ে যায়। এর পাশাপাশি ২০২৪ সালের শেষদিকে ফেডারেল সরকার স্ন্যাপ সুবিধা চুরির শিকার ব্যক্তিদের জন্য রিপ্লেসমেন্ট সুবিধা দেওয়ার অর্থায়ন বন্ধ করে দেয়। গভর্নর হোকুলের কার্যালয়ের ভাষ্য অনুযায়ী, পরবর্তী সময়ে ট্রাম্প প্রশাসন এ রিপ্লেসমেন্ট সুবিধা পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করেনি।
নতুন চিপভিত্তিক ইবিটি কার্ড শুধু স্ন্যাপ সুবিধাভোগীদের জন্য নয়, পাবলিক অ্যাসিস্ট্যান্স কর্মসূচির আওতায় সুবিধা গ্রহণকারীরাও একই কার্ড ব্যবহার করবেন। প্রশাসনের মতে, নতুন কার্ডগুলো স্কিমিংয়ের বিরুদ্ধে কার্যত অত্যন্ত সুরক্ষিত হবে এবং নিউইয়র্কবাসীর প্রয়োজনীয় খাদ্য সহায়তার অর্থ নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ওটিডিএ জানিয়েছে, নতুন কার্ড চালুর আগ পর্যন্ত বর্তমান সুবিধাভোগীরা নিজেদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে ইবিটিএজ মোবাইল অ্যাপ বা অনলাইন কার্ডধারী পোর্টালের ফ্রিজ/আনফ্রিজ কার্ড সুবিধা ব্যবহার করতে পারেন। এছাড়া প্রয়োজনে অনলাইন এবং অন্য স্টেটে লেনদেন বন্ধ করার অপশনও চালু করা যাবে।একই সঙ্গে সংস্থাটি সতর্ক করে বলেছে, ওটিডিএ, স্থানীয় সামাজিক সেবা বিভাগ বা ইবিটি কার্ড প্রদানকারী প্রতিষ্ঠান কখনোই ফোন, ই-মেইল বা টেক্সট বার্তার মাধ্যমে কার্ড নম্বর, পিন বা অন্যান্য ব্যক্তিগত ইবিটি তথ্য চাইবে না। এ ধরনের তথ্য কোনো অবস্থাতেই কারও সঙ্গে শেয়ার করা উচিত নয়, কারণ অপরাধীরা এসব তথ্য ব্যবহার করে স্ন্যাপ ও নগদ সুবিধার অর্থ চুরি করতে পারে।