বাংলাদেশ জ্বালানি সাপ্লাই চেনের গুরুত্বপূর্ণ সেগমেন্টসে তিন দশকের মাঠপর্যায়ে জড়িয়ে থাকার অভিজ্ঞতা এবং জ্বালানি বিদ্যুৎ সাপ্লাই চেইনে এশিয়া (দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, পশ্চিম এশিয়া, মধ্যপ্রাচ্য), ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, আফ্রিকার বিভিন্ন দেশে কাজ করার অভিজ্ঞতার আলোকে সরকার প্রধানকে কিছু পরামর্শ দিচ্ছি।
বর্তমান সংকট সময়ে অবিলম্বে পেট্রোবাংলার চেয়ারম্যান পদ পূর্ণ সচিব মর্যাদায় উন্নীত করে একজন দক্ষ যোগ্য ব্যক্তিত্ব সম্পন্ন সঠিক পেশাদারকে চেয়ারম্যান পদে পদায়ন করুন। একই সঙ্গে পেট্রোবাংলার পরিচালক পদে সেক্টরে কর্মরত প্রমাণিত দক্ষ কর্মকর্তাদের পদায়ন করুন। বর্তমান সংকট সময়ে নির্মোহভাবে দক্ষ যোগ্য কর্মকর্তাদের পদায়ন করে স্বাধীনভাবে কাজের সুযোগ দেওয়া না হলে কোনোভাবেই ক্ষয়িষ্ণু পেট্রোবাংলা ঘুরে দাঁড়াতে পারবে না।
আবিষ্কৃত উঁচু মানের কয়লা সম্পদ উন্নয়ন এবং ব্যবহারের জন্য কার্যকরি রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে অন্তত ফুলবাড়ী, খালাশপীর, দিঘিপাড়া কয়লা ক্ষেত্র উন্নয়ন শুরু করুন।
ভোলায় আবিষ্কৃত গ্যাসসম্পদ জাতীয় গ্যাস গ্রিডে সঞ্চালনের জন্য তিন বছরের কার্যকাল ধরে ভোলা-বরিশাল-খুলনা গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণের সিদ্ধান্ত প্রদান করুন। এক্ষেত্রে গ্যাস পাইপলাইন নির্মাণকাজ সীমিত কিছু পাইপলাইন ঠিকাদারদের মাঝে সীমিত না রেখে দেশের বিভিন্ন অবকাঠামো নির্মাণকাজে অভিজ্ঞ দক্ষ ব্যক্তিখাতের কোম্পানিগুলোর জন্য উন্মুক্ত করে দিন।
আমি ব্যাক্তিগতভাবে বিভিন্ন আন্তর্জাতিক তেল কোম্পানিসমূহের সঙ্গে যোগাযোগ করে তাদের বাংলাদেশের গভীর সাগরে পেট্রোলিয়াম সম্পদ অনুসন্ধানে খুব একটা আগ্রহী দেখতে পাচ্ছি না। পেট্রোবাংলার কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মরত কয়েকজন অভিজ্ঞ দক্ষ কর্মকর্তাদের হেনস্তা করা বিনিয়োগকারীদের কাছে ভুল সংকেত দিয়েছে। এমন স্বভাবনা আছে পিএসসি বিডিংয়ে একটি বা দুটি প্রস্তাব আসতে পারে। প্রধানমন্ত্রী এ গুরুত্বপূর্ণ বিষয়ে খোঁজখবর নিতে পারেন। একই সঙ্গে স্থলভাবে বাপেক্সের পাশাপাশি পিএসসি বিডিং করে আইওসি বিনিয়োগের ব্যবস্থা করার নির্দেশ প্রদান করুন। আমি সুপারিশ করবো অবিলম্বে ফেনী, ছাতক, টেংরাটিলা, সীতাপাহাড়, পটিয়া, জলদী, কাসালং অঞ্চলে গ্যাস অনুসন্ধানের বিষয়ে নির্দেশ প্রদান করুন।
সীমিত গ্যাসসম্পদ ভ্যালু সংযোজিত ব্যবহার নিশ্চিত করার জন্য গ্যাসসম্পদ অগ্রাধিকার ভিত্তিতে শিল্পে ব্যবহারের নির্দেশ প্রদান করুন। বর্তমান অবস্থায় ১৩ শতাংশ গ্যাস রান্নার কাজে এবং রাতের আঁধারে শিল্পে ব্যবহার সহ প্রায় ৯-১০ শতাংশ গ্যাস সিএনজিতে ব্যবহৃত হচ্ছে। এ দুক্ষেত্রে বিকল্প জ্বালানি ব্যবহার সুলভ এবং সহজ প্রাপ্তি নিশ্চিত করে গ্যাসশিল্পে ব্যবহার করা নিশ্চিত করার সুপারিশ করছি।
এলএনজি আমদানি প্রক্রিয়া সম্প্রসারণের জন্য অন্তর্বর্তী সরকারের সময়ে গৃহীত কিছু উদ্যোগ বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে কার্যকরি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করছি। ২০২৭ শুরু থেকে দ্রুত দুটি ভাসমান টার্মিনাল এবং অন্তত একটি ভূমিভিত্তিক টার্মিনাল নির্মাণকাজ শুরু করার সিদ্ধান্ত নির্মাণকাজ সূচনা করার সুপারিশ করছি। একই সঙ্গে দীর্ঘমেয়াদি সরকার-সরকার চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র, কানাডা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়ার সঙ্গে এলএনজি সরবরাহ নিশ্চিত করার কার্যকরি উদ্যোগ গ্রহণ করা যেতে পারে।
স্রেডা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কারিগরি কর্মকর্তাদের সমন্বয়ে সত্যিকার ভাবে সমন্বিত করে বহুবিধ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার সম্প্রসারণের কার্যকরি উদ্যোগ গ্রহণ নিশ্চিত করতে হবে। সঠিক সিদ্ধান্ত নেওয়া হলে ২০৩০ নাগাদ ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করার সুযোগ রয়েছে।
সব কথার শেষ কথা গুরুত্বপূর্ণ পেট্রোবাংলার শীর্ষ পর্যায়ে অনভিজ্ঞ, অদক্ষ আমলাদের পদায়ন না করে সঠিক অভিজ্ঞ পেশাদারদের নিয়োগ দিয়ে যোগ্য কর্মকর্তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করতে হবে। বর্তমানে কিছু অদক্ষ শীর্ষ কর্মকর্তার কারণে পেশাদারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কিছু আমলার আচরণে কিন্তু অস্বস্তি সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী এ অভিযোগগুলো অনুসন্ধানের ব্যবস্থা গ্রহণ করুন।