বক্তব্য রাখছেন ড. জয়নুল আবেদীন
৪০তম ফোবানা সম্মেলনকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি ও প্রবাসী বাংলাদেশিদের মাঝে উৎসবের আমেজ। এবারের বহুল প্রতীক্ষিত ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসের বিখ্যাত হলিউড এলাকায়। সম্মেলনকে সামনে রেখে নিউইয়র্কে গত ১৭ মে রবিবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন ৪০তম ফোবানা সম্মেলনের কনভেনর ড. জয়নুল আবেদীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফোবানার অন্যতম উপদেষ্টা নার্গিস আহমেদ এবং ফোবানা সেন্ট্রাল কমিটির নির্বাহী সদস্য আবীর আলমগীর। নিউইয়র্কের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটস এর শেফ মহলে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রবাসী মিডিয়া ব্যক্তিত্ব, কমিউনিটি সংগঠক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় কনভেনর ডঃ জয়নুল আবেদীন জানান, আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর হলিউডের ইউনিভার্সেল সিটির হিলটন হোটেলে তিনদিনব্যাপী অনুষ্ঠিত হবে এবারের ৪০তম ফোবানা সম্মেলন। এবারের আয়োজক সংগঠন হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া। তিনি বলেন, উত্তর আমেরিকার ২৪টি শহর থেকে প্রায় ৮০টিরও অধিক বাংলাদেশি সংগঠন অংশগ্রহণ করবে এই মহাসম্মেলনে, যা প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ মিলনমেলায় পরিণত হবে।
তিনি আরও জানান, এবারের সম্মেলনে থাকছে ২০টিরও অধিক বিষয়ভিত্তিক সেমিনার, বিজনেস নেটওয়ার্কিং ইভেন্ট, বইমেলা, সাহিত্য আড্ডা, কাব্য জলসা, বিজ্ঞান মেলা, দেশীয় পণ্য ও কারুপণ্যের মেলা সহ নানা আয়োজন। পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ নিশ্চিত করতে থাকবে তরুণদের জন্য বিশেষ কার্যক্রম ও সাংস্কৃতিক উপস্থাপনা।
দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান ও সেমিনারের পাশাপাশি প্রতিদিন সন্ধ্যা থেকে শুরু হবে মূল মঞ্চের সাংস্কৃতিক পরিবেশনা। এতে উত্তর আমেরিকার বিভিন্ন শহর থেকে আগত সাংস্কৃতিক সংগঠনগুলোর পাশাপাশি দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা অংশ নেবেন। এবারের সম্ভাব্য শিল্পী তালিকায় রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মিলা, লুইপা, রবি চৌধুরী, নকিব খান, বালাম, কোনাল এবং মোজা।
মতবিনিময় সভায় ড. জয়নুল আবেদীন বলেন, “আমি নিউইয়র্কে এসেছি আপনাদের সকলকে এবারের ফোবানায় আমন্ত্রণ জানানোর জন্য। ফোবানা শুধু একটি সম্মেলন নয়, এটি প্রবাসী বাংলাদেশিদের সংস্কৃতি, ঐতিহ্য, ব্যবসা, সাহিত্য ও নতুন প্রজন্মকে একসাথে যুক্ত করার একটি বৃহৎ প্ল্যাটফর্ম। আপনারা সবাই অংশগ্রহণ করে এবারের সম্মেলনকে আরও সমৃদ্ধ করবেন এটাই আমাদের প্রত্যাশা।”
সভায় উপস্থিত অতিথিরাও এবারের সম্মেলনকে ঘিরে আশাবাদ ব্যক্ত করেন এবং মনে করেন, ফোবানার ৪০তম আয়োজন উত্তর আমেরিকায় বাংলাদেশি কমিউনিটির ঐক্য, সংস্কৃতি ও পরিচয়কে আরও শক্তিশালীভাবে তুলে ধরবে।