০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ৬:৪৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


মিনিয়াপোলিসে গুলিবর্ষণে অভিযুক্ত আইস এজেন্ট গ্রেফতার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-০৬-২০২৬
মিনিয়াপোলিসে গুলিবর্ষণে অভিযুক্ত আইস এজেন্ট গ্রেফতার অভিযুক্ত আইস এজেন্ট ক্রিশ্চিয়ান কাস্ত্রো


মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে অভিবাসন অভিযান চলাকালে গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত এক ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) এজেন্টকে টেক্সাসে গত ২৯ মে গ্রেফতার করা হয়েছে বলে হেনেপিন কাউন্টি অ্যাটর্নির কার্যালয় জানিয়েছে। অভিযুক্ত এজেন্ট ক্রিশ্চিয়ান কাস্ত্রো এর বিরুদ্ধে দ্বিতীয় ডিগ্রি অ্যাসল্টের চারটি অভিযোগ এবং মিথ্যা অপরাধ রিপোর্ট দাখিলের একটি অভিযোগ আনা হয়েছে। মিনেসোটা কর্তৃপক্ষ জানায়, গত ২৯ মে সকালে টেক্সাসের হারলিঞ্জেনে কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই তাকে গ্রেফতার করা হয়। মিনেসোটা ব্যুরো অব ক্রিমিনাল অ্যাপ্রিহেনশনের এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

আইস এজেন্ট ক্রিশ্চিয়ান কাস্ত্রো ২০২৬ সালের জানুয়ারিতে মিনিয়াপোলিসে ভেনেজুয়েলার দুই নাগরিক জুলিও সোসা সেলিস এবং আলফ্রেডো এ. আলজর্নার সঙ্গে জড়িত একটি গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত হন। অভিযোগ অনুযায়ী, এক বাড়ির দরজার সামনে সংঘর্ষের পর কাস্ত্রো গুলি চালান, যাতে সোসা সেলিসের পায়ে গুলি লাগে। ঘটনাটি ট্রাম্প প্রশাসনের অধীনে মিনেসোটা অঞ্চলে চলমান অভিবাসন দমন অপারেশন মেট্রো সার্জ অভিযানের সময় ঘটে। ওই অভিযানকে কেন্দ্র করে তখন ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক মুখপাত্র কাস্ত্রোর গ্রেফতারকে অবৈধ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, এ ধরনের অভিযোগ ফেডারেল পর্যায়ে নিষ্পত্তি হওয়া উচিত, স্টেট পর্যায়ে নয়।

অন্যদিকে মিনেসোটা অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন বলেন, আমরা আইনের শাসনে বিশ্বাস করি। এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়, ফেডারেল আইনপ্রয়োগকারী কর্মকর্তারাও নয়। তিনি অভিযোগ করেন, কাস্ত্রোর বিরুদ্ধে আনা অভিযোগে তার কর্মকাণ্ড ও মিথ্যা বক্তব্যের প্রমাণ রয়েছে। মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে বলেন, আমাদের শহরে গুলিবর্ষণ হয়েছে এবং মানুষ আহত হয়েছে। এখন পরিষ্কার হওয়া দরকার, কেউ আইনের ঊর্ধ্বে নয়, আইসিই কর্মকর্তারাও নয়।

তদন্ত অনুযায়ী, শুরুতে ফেডারেল কর্তৃপক্ষ দাবি করেছিল যে ভুক্তভোগীরা একজন এজেন্টকে আক্রমণ করেছিল এবং সে আত্মরক্ষার্থে গুলি চালিয়েছিল। তবে পরবর্তীতে প্রকাশিত ভিডিও ফুটেজ এবং তদন্তে দেখা যায়, সেই দাবি পুরোপুরি সঠিক নয় বলে অভিযোগ উঠেছে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ঘটনার সময় তুষার সরানোর যন্ত্র (স্নো শোভেল) ছিল, তবে তা দিয়ে কোনো আক্রমণের প্রমাণ মেলেনি বলে তদন্তকারীরা জানিয়েছেন। সংঘর্ষের সময় পরিস্থিতি কয়েক সেকেন্ড স্থায়ী হয় এবং পরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ওই দুই ভেনেজুয়েলান নাগরিকের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে নেয়। একই সঙ্গে আইসিই দুই কর্মকর্তাকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়, যারা ঘটনার বিষয়ে মিথ্যা বক্তব্য দিয়েছিল বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনাকে ঘিরে যুক্তরাষ্ট্রে ফেডারেল অভিবাসন নীতি ও আইনপ্রয়োগকারী সংস্থার ক্ষমতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এ ঘটনা অভিবাসন অভিযানের সময় অতিরিক্ত বলপ্রয়োগ এবং জবাবদিহিতার অভাবের বিষয়টি সামনে এনেছে। অন্যদিকে আইনবিশেষজ্ঞরা বলছেন, এ মামলা ফেডারেল ও রাজ্য পর্যায়ের বিচারিক ক্ষমতা এবং আইন প্রয়োগের স্বচ্ছতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে।

মিনেসোটা কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেফতার এজেন্টকে এখন মিনেসোটায় ফিরিয়ে আনা হয়েছে, যেখানে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম চলবে।

শেয়ার করুন