রেন্ট গাইডলাইনস বোর্ডের সদস্যরা গত ২৫ জুন বৃহস্পতিবার নিউইয়র্ক সিটির রেন্ট-স্ট্যাবিলাইজড অ্যাপার্টমেন্টের প্রস্তাবিত ভাড়া বৃদ্ধির চূড়ান্ত ভোটের আগে ভাড়াটিয়া ও আবাসন অধিকারকর্মীদের প্রতিবাদ সমাবেশ মনোযোগ দিয়ে শুনছেন
নিউইয়র্ক সিটি রেন্ট গাইডলাইনস বোর্ড গত ২৫ জুন রাতে নিউইয়র্ক সিটির ম্যানহাটনের ইস্ট হারলেম এলাকায় অবস্থিত এল মিউজেও দেল বারিও তে হলে এক ঐতিহাসিক সিদ্ধান্তে শহরের প্রায় ১০ লাখ রেন্ট-স্ট্যাবিলাইজড অ্যাপার্টমেন্টে আগামী দুই বছরের জন্য ভাড়া বৃদ্ধির পরিবর্তে পূর্ণাঙ্গ ভাড়া স্থগিত অনুমোদন করেছে। ৭-১ ভোটে গৃহীত এ সিদ্ধান্তকে বোর্ডের ইতিহাসে প্রথম দুই বছরের ভাড়া ফ্রিজ হিসেবে দেখা হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন এক ও দুই বছরের লিজে ভাড়াটিয়াদের কোনো ভাড়া বৃদ্ধি হবে না। এ পদক্ষেপ সরাসরি প্রভাব ফেলবে ১৯৭৪ সালের আগে নির্মিত ছয় বা ততোধিক ইউনিট বিশিষ্ট ভবনগুলোর ভাড়াটিয়াদের ওপর, পাশাপাশি যেসব অ্যাপার্টমেন্ট সরকারি ভর্তুকি বা ট্যাক্স ছাড় সুবিধা পায় তারাও এর আওতায় থাকবে।
ভোটের আগে এল মিউজেও দেল বারিও থিয়েটার ছিল ভাড়াটিয়া সংগঠন ও সাধারণ নাগরিকদের ভিড়ে পূর্ণ। শত শত মানুষ ভাড়া স্থগিত করো সেøাগান দিতে দিতে পরিবেশকে উত্তপ্ত করে তোলেন। অনেকেই সাইনবোর্ড, ব্যানার ও হুইসেল বাজিয়ে সিদ্ধান্তের পক্ষে চাপ সৃষ্টি করেন। ভোটের সময় উত্তেজনা চরমে পৌঁছায় যখন মালিকপক্ষের প্রতিনিধি ম্যাক্সিম উইন দীর্ঘ বক্তব্য পড়ে শোনান, যেখানে তিনি নীতিনির্ধারকদের ব্যয় কমানোর দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান। বক্তব্য চলাকালেই ভাড়াটিয়ারা সেøাগান ও হুইসেল বাজিয়ে প্রতিক্রিয়া জানান। তবে তিনি শেষ পর্যন্ত ভাড়া স্থগিতের পক্ষে ভোট দিলে উপস্থিত জনতা উল্লাসে ফেটে পড়ে এবং ভোট শেষে অনেক ভাড়াটিয়া বাইরে রাস্তায় নেমে আনন্দ উদযাপন করেন।
এ সিদ্ধান্তটি নিউইয়র্ক সিটির রেন্ট স্ট্যাবিলাইজেশন ব্যবস্থার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। এর আগে কখনো একসঙ্গে দুই বছরের জন্য সম্পূর্ণ ভাড়া স্থগিত হয়নি। অতীতে শুধু তিনবার এক বছরের জন্য ভাড়া ফ্রিজ অনুমোদিত হয়েছিল, যা সবই বিল দে ব্লাসিও প্রশাসনের সময়ে ঘটেছিল। বোর্ডের সাম্প্রতিক ভোটে এক বছরের লিজে শূন্য শতাংশ এবং দুই বছরের লিজেও শূন্য শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। ভোটে একমাত্র বিরোধিতা করেন আরপিত গুপ্ত, যিনি সাবেক প্রশাসনের মনোনীত সদস্য ছিলেন।
বর্তমান নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি তার নির্বাচনী প্রচারণায় রেন্ট ফ্রিজ বা ভাড়া স্থগিতকে অন্যতম প্রধান প্রতিশ্রুতি হিসেবে ঘোষণা করেছিলেন এবং বোর্ডের ৯ সদস্যের মধ্যে ৬ জনকে নিয়োগ দেন, যা সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে বলে রাজনৈতিক মহলের ধারণা। তবে আইন অনুযায়ী, মেয়র সরাসরি ভাড়া নির্ধারণ করতে পারেন না; বরং তার নিয়োগকৃত বোর্ড সদস্যরা অর্থনৈতিক তথ্য, মালিক ও ভাড়াটিয়াদের সাক্ষ্য এবং বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেন।
ভোটের পর ভাড়াটিয়া সংগঠনগুলো এ সিদ্ধান্তকে ঐতিহাসিক বিজয় হিসেবে অভিহিত করেছে। নিউইয়র্ক স্টেট টেন্যান্ট ব্লকের নির্বাহী পরিচালক সমাথি কুমার বলেন, সংগঠিত ভাড়াটিয়াদের দীর্ঘ আন্দোলনের ফলেই এ পরিবর্তন এসেছে এবং এটি শহরের সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি। সামাজিক ন্যায়বিচার ও ভাড়াটিয়া অধিকার সংগঠনগুলো বলছে, সাম্প্রতিক বছরগুলোতে ভাড়া বৃদ্ধি মানুষের জীবনযাত্রার ব্যয়কে ব্যাপকভাবে বাড়িয়ে তুলেছিল এবং এ সিদ্ধান্ত সেই চাপ কিছুটা কমাবে।
অন্যদিকে সম্পত্তি মালিক ও রিয়েল এস্টেট সংগঠনগুলো এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। রিয়েল এস্টেট বোর্ড অব নিউইয়র্কের সভাপতি জেমস ওয়েহলান বলেন, বোর্ড তাদের নিজস্ব তথ্য উপেক্ষা করে ভয়াবহ ভুল সিদ্ধান্ত নিয়েছে, যা ভবনগুলোর রক্ষণাবেক্ষণ ব্যাহত করবে এবং আবাসন অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করবে। ছোট সম্পত্তি মালিকদের সংগঠনের নেতারা দাবি করেছেন, এ সিদ্ধান্ত রাজনৈতিক চাপের কারণে নেওয়া হয়েছে এবং এটি আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
শহরের আবাসন বিশেষজ্ঞরা বলছেন, নিউইয়র্ক বর্তমানে গভীর আবাসন সংকটের মধ্যে রয়েছে, যেখানে ভ্যাকেন্সি রেট মাত্র ১ দশমিক ৪ শতাংশ এবং ভাড়া রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। তবে ভাড়াটিয়া সংগঠনগুলো বলছে, রেন্ট-স্ট্যাবিলাইজড অ্যাপার্টমেন্টগুলো সাধারণ মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থা এবং সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, এটি হাজার হাজার মানুষকে দারিদ্র্যসীমার নিচে পড়া থেকে রক্ষা করেছে।
ভোটের মাত্র কয়েক ঘণ্টা আগে মালিক পক্ষের প্রতিনিধি ক্রিস্টিনা স্মিথ পদত্যাগ করেন এবং অভিযোগ করেন যে, বোর্ড আগেই ভাড়া স্থগিতের সিদ্ধান্তে পৌঁছে গিয়েছিল, ফলে পুরো প্রক্রিয়াটি আনুষ্ঠানিকতা মাত্র। তার পদত্যাগের পর বোর্ডের ভারসাম্য আরো পরিবর্তিত হয়। রিয়েল এস্টেট খাতের বিভিন্ন সংগঠন ইতোমধ্যে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জের ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে মেয়র জোহরান মামদানি বলেন, এটি নিউইয়র্কবাসীর জন্য একটি ঐতিহাসিক বিজয় এবং শহরের আবাসন নীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে থাকবে।