নিউইয়র্কে পানি ও পয়ঃনিষ্কাশন অবকাঠামো
নিউইয়র্ক স্টেটজুড়ে পুরোনো পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা আধুনিকায়নে ৪৩৪ মিলিয়ন ডলার অর্থায়ন ও অনুদান অনুমোদন করেছে স্টেট সরকার। গভর্নর ক্যাথি হোচুলের ঘোষণা অনুযায়ী, কম সুদের ঋণ ও রাজ্য-ফেডারেল অনুদানের মাধ্যমে স্থানীয় সরকারগুলোকে এসব গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে সহায়তা করা হবে, যাতে সাধারণ মানুষের পানি ও সিউয়ার বিলের ওপর অতিরিক্ত চাপ না পড়ে।এই অর্থের মধ্যে নিউইয়র্ক সিটির ১১টি গুরুত্বপূর্ণ পানি ও পয়ঃনিষ্কাশন প্রকল্পের জন্য ৩৬১ মিলিয়ন ডলার কম সুদের অর্থায়ন রয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে শহরের পানির সরবরাহ ব্যবস্থা আরো নির্ভরযোগ্য করা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নতি এবং নদী ও জলাশয়ের পানি দূষণ কমানোর উদ্যোগ নেওয়া হবে।
গভর্নর হোচুল বলেন, সমস্যা বড় সংকটে পরিণত হওয়ার আগেই অবকাঠামোতে বিনিয়োগ করা জরুরি। পানি অবকাঠামো আধুনিকায়নের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ রক্ষা এবং পরিবারগুলোর খরচ কম রাখার লক্ষ্যেই এ বিনিয়োগ করা হচ্ছে।
নিউইয়র্কের এনভায়রনমেন্টাল ফ্যাসিলিটিজ করপোরেশন, সংক্ষেপে ইএফসি, পরিচালনা পর্ষদ এই অর্থায়ন অনুমোদন করেছে। বোর্ডের অনুমোদনের পর সংশ্লিষ্ট স্থানীয় সরকারগুলো ইএফসির সঙ্গে অর্থায়ন চুক্তি করে প্রকল্পের জন্য অর্থ ব্যবহার করতে পারবে। অনুমোদিত প্রকল্পগুলো ইতোমধ্যে পরিবেশগত পর্যালোচনা ও অন্যান্য প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে।
নিউইয়র্ক সিটিতে ৩৬১ মিলিয়ন ডলার
নিউইয়র্ক সিটির জন্য অনুমোদিত ৩৬১ মিলিয়ন ডলার দিয়ে একাধিক বড় প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর মধ্যে কুইন্সে সিটি টানেল নম্বর থ্রির অংশ হিসাবে শ্যাফটস সেভেন্টিন বি-ওয়ান ও এইটিন বি-ওয়ান নির্মাণ রয়েছে। এর ফলে শহরের পানি সরবরাহ ব্যবস্থায় বিকল্প ব্যবস্থা ও পানির প্রবাহ নিয়ন্ত্রণ আরো উন্নত হবে।
কেনসিকো রিজার্ভয়ার থেকে ইস্টভিউয়ের ক্যাটস্কিল-ডেলাওয়্যার আল্ট্রাভায়োলেট ডিসইনফেকশন ফ্যাসিলিটি পর্যন্ত দ্বিতীয় পানি পরিবহন টানেল নির্মাণের কাজেও অর্থায়ন থাকবে। এতে শহরের পানি সরবরাহ ব্যবস্থার সক্ষমতা ও জরুরি পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থা শক্তিশালী হবে।
এছাড়া হিলভিউ রিজার্ভয়ার-এর উন্নয়ন, ওয়ার্ডস আইল্যান্ড ওয়েস্টওয়াটার রিসোর্স রিকভারি ফ্যাসিলিটির প্রাথমিক শোধন ব্যবস্থা আধুনিকায়ন এবং জ্যামাইকা ওয়েস্টওয়াটার রিসোর্স রিকভারি ফ্যাসিলিটিতে জরুরি সময়ে ব্যবহারের জন্য ব্যাকআপ বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হবে।
ওকউড বিচ ওয়েস্টওয়াটার রিসোর্স রিকভারি ফ্যাসিলিটির স্লাজ প্রক্রিয়াকরণ ব্যবস্থা উন্নত করা হবে। বর্ডেন অ্যাভিনিউ পাম্প স্টেশন এবং ২৩৫তম স্ট্রিট পাম্প স্টেশনেও উন্নয়নকাজ হবে। এসব প্রকল্পের লক্ষ্য হলো পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কার্যকারিতা বাড়ানো এবং নদী ও জলাশয়ে দূষিত পানিপ্রবাহ কমানো। কনি আইল্যান্ড ওয়েস্টওয়াটার রিসোর্স রিকভারি ফ্যাসিলিটিতে পুরোনো সিউয়েজ পাম্প পরিবর্তন এবং পোর্ট রিচমন্ড ওয়াটার রিসোর্স রিকভারি ফ্যাসিলিটিতে প্রায় ৫০ বছর পুরোনো যন্ত্রপাতি প্রতিস্থাপনের কাজও এই অর্থায়নের আওতায় রয়েছে।
অন্যান্য অঞ্চলেও বড় বিনিয়োগ
নিউইয়র্ক সিটির পাশাপাশি অঙ্গরাজ্যের বিভিন্ন অঞ্চলে পানি ও সিউয়ার প্রকল্পে অর্থ দেওয়া হয়েছে। হাডসন ভ্যালিতে ওয়ারউইক শহরের উইকহাম সিউয়ার ডিস্ট্রিক্ট নম্বর ওয়ান-এর ওয়েস্টওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আধুনিকায়নে ১৬ মিলিয়ন ডলার এবং আমেনিয়া শহরের পানি শোধনাগার ও পানি সরবরাহ ব্যবস্থায় ৩.৯ মিলিয়ন ডলার দেওয়া হবে। পলিংয়ে নতুন কূপ, পানি শোধনাগার ও পানির পাইপলাইন নির্মাণে ২.৮ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে।
লং আইল্যান্ডের রিভারহেডে স্লাজ ব্যবস্থাপনা ও বর্জ্য ব্যবস্থাপনা স্থাপনা নির্মাণে ১৭.৬ মিলিয়ন ডলারের সুদমুক্ত অর্থায়ন দেওয়া হয়েছে। সাফোক কাউন্টি ওয়াটার অথরিটি-কে পিএফএএস অপসারণের জন্য ২.৮ মিলিয়ন ডলার অনুদান দেওয়া হয়েছে।
নর্থ কান্ট্রি অঞ্চলের লোরেইনে নতুন পানি সরবরাহ ব্যবস্থা ও প্রায় ১৪ হাজার ফুট পানির পাইপলাইন নির্মাণে ৪.৪ মিলিয়ন ডলার দেওয়া হবে। এতে বর্তমানে ব্যক্তিগত কূপের ওপর নির্ভরশীল ৬৩টি পরিবার পানি সরবরাহ ব্যবস্থার আওতায় আসবে।সাদার্ন টিয়ারের বেইনব্রিজে সিউয়ার উন্নয়নে ৪ মিলিয়ন ডলার এবং বাথে লেক সালুব্রিয়া সিউয়ার এক্সটেনশন প্রকল্পে ১.২ মিলিয়ন ডলার অনুদান দেওয়া হয়েছে। ওয়েস্টার্ন নিউইয়র্কের নর্থ টোনাওয়ান্ডাতে নতুন স্টর্মওয়াটার ব্যবস্থাপনা ও সিউয়ার ব্যবস্থা গড়ে তুলতে ১.৫ মিলিয়ন ডলার দেওয়া হবে।
২০১৫ সাল থেকে ৮.৩ বিলিয়ন ডলার সাশ্রয়
স্টেট সরকারের ওয়াটার ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট ও ইন্টারমিউনিসিপাল ওয়াটার ইনফ্রাস্ট্রাকচার গ্র্যান্ট কর্মসূচিগুলো ২০১৫ সাল থেকে নিউইয়র্কের রেটপেয়ারদের জন্য ৮.৩ বিলিয়ন ডলারের বেশি সম্ভাব্য খরচ কমাতে সহায়তা করেছে বলে জানানো হয়েছে।এদিকে ২০২৭ অর্থবছরের বাজেটে গভর্নর হোচুলের ঘোষিত ৩.৭৫ বিলিয়ন ডলারের পানি অবকাঠামো বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবেও এই অর্থায়ন দেওয়া হচ্ছে। ২০১৭ সাল থেকে নিউইয়র্কে পরিষ্কার পানি অবকাঠামোতে মোট বিনিয়োগের পরিমাণ ১০ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
স্টেট কর্মকর্তারা বলছেন, পুরোনো পানি ও সিউয়ার ব্যবস্থা আধুনিকায়নের পাশাপাশি এসব বিনিয়োগ জনস্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ রক্ষা, কর্মসংস্থান সৃষ্টি এবং ভবিষ্যতে স্থানীয় বাসিন্দাদের ওপর অতিরিক্ত পানি ও সিউয়ার বিলের চাপ কমাতে সহায়তা করবে।