২৬ অগাস্ট ২০২৬, বুধবার, ০৮:২৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :


নিউইয়র্ক স্টেট ক্যাপিটলে হামলার ষড়যন্ত্রে জেসিকা গ্রেফতার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৬-০৮-২০২৬
নিউইয়র্ক স্টেট ক্যাপিটলে হামলার ষড়যন্ত্রে জেসিকা গ্রেফতার নিউইয়র্ক স্টেট ক্যাপিটল ভবন পরিদর্শন করে সম্ভাব্য হামলার জন্য তথ্য সংগ্রহ করছেন জেসিকা বোউই


নিউইয়র্ক স্টেট ক্যাপিটলে বিস্ফোরক হামলা চালিয়ে আইনপ্রণেতাদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগে আলবেনির ৩৫ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনী। জেসিকা বোউই নামের ওই নারীর বিরুদ্ধে আইএসআইএসকে সহায়তা দেওয়ার চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, জেসিকা বোউই আইএসআইএসের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন এবং সংগঠনটির হয়ে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছিলেন। গত ১৯ আগস্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করে। সে সময় তার কাছে এমন একটি ডিভাইস পৌঁছেছিল, যেটিকে তিনি বিস্ফোরক হিসেবে বিশ্বাস করছিলেন বলে অভিযোগ করা হয়েছে। নিউইয়র্ক স্টেট ক্যাপিটল এবং সেখানে বৈঠকরত নিউইয়র্ক স্টেট সিনেটরদের লক্ষ্য করেই ওই ডিভাইস ব্যবহার করার পরিকল্পনা ছিল বলে তদন্তকারীরা দাবি করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, জেসিকা বোউই ক্যাপিটল ভবন ধ্বংস করার পাশাপাশি সেখানে থাকা নির্বাচিত কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা করেছিলেন। হামলার পর সিরিয়ায় পালিয়ে গিয়ে আইএসআইএস-নিয়ন্ত্রিত এলাকায় সংগঠনটির সদস্যদের সঙ্গে যোগ দেওয়ার পরিকল্পনাও তার ছিল বলে তদন্তে উঠে এসেছে। তদন্তকারীদের মতে, বোউই হামলার প্রস্তুতি হিসেবে নিউইয়র্ক স্টেট ক্যাপিটল এলাকায় একাধিকবার গিয়েছিলেন এবং ভবনের ছবি তুলেছিলেন। তার এসব কর্মকাণ্ডকে সম্ভাব্য হামলার আগে লক্ষ্যস্থল পর্যবেক্ষণ হিসেবে দেখছে কর্তৃপক্ষ।

অভিযোগপত্রে জেসিকা বোউইয়ের কথিত বক্তব্যও উল্লেখ করা হয়েছে। তদন্তকারীদের দাবি, ক্যাপিটলকে লক্ষ্য করে তিনি ভবনটির যতটা সম্ভব অংশ ধ্বংস এবং সিনেটররা বৈঠকে থাকা অবস্থায় তাদের হত্যার ইচ্ছা প্রকাশ করেছিলেন। গুরুত্বপূর্ণ সরকারি নথি ধ্বংস করে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থায় প্রভাব ফেলতে চেয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে।এফবিআইয়ের তদন্তে আরো উঠে এসেছে, বোউই অনলাইনে যুক্তরাষ্ট্রবিরোধী বক্তব্য প্রকাশ করেছিলেন। ডিপার্টমেন্ট অব জাস্টিসের অভিযোগ অনুযায়ী, তার সঙ্গে যুক্ত একটি অনলাইন অ্যাকাউন্টে ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার প্রশংসা এবং যুক্তরাষ্ট্রে এসে ‘অবিশ্বাসীদের’ বিষ প্রয়োগের হুমকিসদৃশ মন্তব্য পাওয়া গেছে।

তদন্তকারীদের দাবি, বোউই আইএসআইএসের প্রতি আনুষ্ঠানিক আনুগত্যের শপথ বা ‘বায়াহ’ গ্রহণের একটি ভিডিও ধারণ করে অনলাইনে অন্যদের কাছে ছড়িয়েছিলেন। তার এ কর্মকাণ্ডকে আইএসআইএসের প্রতি সমর্থনের প্রমাণ হিসেবে মামলায় উপস্থাপন করা হয়েছে।

ইউএস ডিপার্টমেন্টের ন্যাশনাল সিকিউরিটি ডিভিশনের সহকারী অ্যাটর্নি জেনারেল জন এ আইজেনবার্গ বলেন, অভিযোগ অনুযায়ী বোউই বিস্ফোরক ব্যবহার করে নিউইয়র্ক স্টেট ক্যাপিটলে হামলা চালিয়ে সরকারি কর্মকর্তাদের হত্যা এবং ভবনটি ব্যাপকভাবে ধ্বংস করতে চেয়েছিলেন। পরে সিরিয়ায় পালিয়ে আইএসআইএস-নিয়ন্ত্রিত এলাকায় যাওয়ার পরিকল্পনা ছিল বলেও তিনি জানান।

ইউ এস নর্দার্ন ডিস্ট্রিক্টের প্রথম সহকারী মার্কিন অ্যাটর্নি জন এ সারকোন তৃতীয় বলেন, এফবিআই ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সংস্থার সমন্বিত প্রচেষ্টায় বোউইকে তার কথিত পরিকল্পনা বাস্তবায়নের আগেই থামানো সম্ভব হয়েছে।

এফবিআই ন্যাশনাল সিকিউরিটি ব্রাঞ্চের অপারেশনস ডিরেক্টর ম্যাট ফোডর বলেন, এফবিআই দ্রুত হুমকিটি শনাক্ত করে এবং হামলা চালানোর আগেই কথিত ষড়যন্ত্রটি বন্ধ করেছে। তিনি এফবিআইয়ের আলবেনি ফিল্ড অফিস, বিচার বিভাগ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের প্রশংসা করেন।

মামলাটির তদন্তে এফবিআইয়ের সঙ্গে যুক্ত হয়েছে ইউএস সিক্রেট সার্ভিস, নিউইয়র্ক স্টেট পুলিশ এবং আলবেনি পুলিশ বিভাগ। বিচার বিভাগের ন্যাশনাল সিকিউরিটি ডিভিশনের কাউন্টারটেররিজম সেকশনের ট্রায়াল অ্যাটর্নি রায়ান ডি হোয়াইট এবং নর্দার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্কের সহকারী মার্কিন অ্যাটর্নি রিচার্ড বেলিস ও জোসেফ হারতুনিয়ান মামলাটি পরিচালনা করছেন। বোউইয়ের বিরুদ্ধে একটি নির্ধারিত বিদেশি সন্ত্রাসী সংগঠনকে বস্তুগত সহায়তা দেওয়ার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। গ্রেফতারের পর তিনি ফেডারেল আদালতে প্রাথমিক শুনানিতে হাজির হন। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত বোউই আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।

শেয়ার করুন