০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১১:৫৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


সিএআইআর’র বিরোধিতা
টেক্সাসে স্কুল কারিকুলামে ইসলামকে বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০২-০৯-২০২৬
টেক্সাসে স্কুল কারিকুলামে ইসলামকে বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ অস্টিনে ৩১ আগস্ট সোমবার, বারবারা জর্ডান বিল্ডিংয়ে স্টেট বোর্ড অব এডুকেশনের বৈঠকের বাইরে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (সিএআইআর) সংবাদ সম্মেলন


টেক্সাসের পাবলিক স্কুলগুলোতে সামাজিক বিজ্ঞান ও ইতিহাসের নতুন কারিকুলামে ধর্মের ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। প্রস্তাবিত পরিবর্তনে আমেরিকার ইতিহাসে বাইবেল ও খ্রিস্টীয় মূল্যবোধের প্রভাবকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি প্রাথমিক ইসলামের ইতিহাসকে সামরিক সংঘাত, দাসপ্রথা ও বিজয়ের প্রসঙ্গে বিকৃত করে উপস্থাপনের প্রস্তাব করা হয়েছে। টেক্সাস স্টেট বোর্ড অব এডুকেশন চলতি সপ্তাহে অস্টিনে উচ্চবিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান কারিকুলাম নিয়ে আলোচনা করছে। বোর্ডের চূড়ান্ত অনুমোদন হলে নতুন মানদণ্ড ২০৩০-৩১ শিক্ষাবর্ষের মধ্যে ধাপে ধাপে শ্রেণিকক্ষে কার্যকর হওয়ার কথা।

প্রস্তাবিত কারিকুলামে শিক্ষার্থীদের প্রাথমিক ইসলাম সম্পর্কে পড়ানোর ক্ষেত্রে হজরত মুহাম্মদ (সা.)-এর ইহুদি ও খ্রিস্টান গোত্রগুলোর বিরুদ্ধে নৃশংস সামরিক অভিযান, দাসপ্রথা এবং নারী বন্দিদের হারেম দাসী হিসেবে নেওয়ার মতো বিষয় অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। সমালোচকদের অভিযোগ, এভাবে একটি ধর্মকে সহিংসতা, দাসপ্রথা ও সংঘাতের সঙ্গে বেশি করে যুক্ত করা হলে শিক্ষার্থীদের মধ্যে ইসলাম ও মুসলিমদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে।

মুসলিম আমেরিকান নাগরিক অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস বা সিএআইআর প্রস্তাবিত মানদণ্ডের বিরোধিতা করেছে। সংগঠনটির টেক্সাস শাখার আইনসভা বিষয়ক কর্মকর্তা সামিহা রিজভি বলেন, কোনো একটি ধর্মকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হলে অন্যান্য ধর্মের ইতিহাসও একই ধরনের সমালোচনামূলক দৃষ্টিতে দেখা উচিত। সিএআইআর টেক্সাসের বৈচিত্র‍্যময় জনগোষ্ঠীকে কারিকুলামে যথাযথভাবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে।

মুসলিম আমেরিকান নাগরিক সংগঠন এমগেজের নিলুফার হাফিজিও প্রস্তাবিত মানদণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, শিক্ষার্থীরা এসব মানদণ্ডের মাধ্যমে ইসলামকে নিষ্ঠুরতা, নারীবিদ্বেষ, দাসপ্রথা ও সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত করার প্রবণতা তৈরি করতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এর ফলে মুসলিম শিক্ষার্থীদের বিরুদ্ধে স্টেরিওটাইপ ও বৈষম্য আরও বাড়তে পারে। অন্যদিকে, কারিকুলামে বাইবেল ও খ্রিস্টীয় ঐতিহ্যের ওপর জোর দেওয়ার পক্ষে রয়েছেন কয়েকজন বোর্ড সদস্য। বোর্ড সদস্য জুলি পিকরেন বলেন, আমেরিকা কোনো শূণ্যতার মধ্যে প্রতিষ্ঠিত হয়নি এবং দেশটির গঠন বাইবেল, খ্রিস্টীয় নীতি, পশ্চিমা সভ্যতা, ব্যক্তিস্বাধীনতা, সীমিত সরকার ও আইনের শাসনের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছে। তিনি বলেন, বাইবেলকে ধর্ম প্রতিষ্ঠার উদ্দেশ্যে নয়, বরং একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক গ্রন্থ হিসেবে পড়ানো উচিত।

আরেক বোর্ড সদস্য ব্র‍্যান্ডন হল বলেন, শিক্ষার্থীদের আমেরিকান ও টেক্সান হিসেবে তাদের ঐতিহাসিক ঐতিহ্য সম্পর্কে বোঝা গুরুত্বপূর্ণ। তবে সমালোচকদের বক্তব্য, খ্রিস্টধর্মকে আমেরিকার ইতিহাসের সঙ্গে বিশেষভাবে যুক্ত করার পাশাপাশি ইসলামকে প্রধানত সংঘাত ও সহিংসতার মাধ্যমে উপস্থাপন করা হলে কারিকুলামে ভারসাম্য নষ্ট হতে পারে।

এশিয়ান টেক্সানস ফর জাস্টিসের আকিলা কংদারা বলেন, একটি ধর্মকে সহিংস এবং অন্যটিকে গুণসম্পন্ন হিসেবে শেখালে নিরাপদ শ্রেণিকক্ষ তৈরি হয় না; বরং এর মাধ্যমে ধর্মীয় স্টেরিওটাইপ ও পরিচয়ভিত্তিক হয়রানির পরিবেশ তৈরি হতে পারে। আমেরিকান হিস্টোরিক্যাল অ্যাসোসিয়েশনের জুলি ব্রুকিন্সও প্রস্তাবিত মানদণ্ডের বিরোধিতা করেছেন। তার অভিযোগ, কারিকুলাম তৈরির প্রক্রিয়ায় টেক্সাসের শিক্ষকদের পর্যাপ্ত মতামত নেওয়া হয়নি এবং গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বিষয়গুলো যথাযথভাবে তুলে না ধরার ঝুঁকি রয়েছে। তিনি প্রস্তাবিত কারিকুলামে ইতিহাসের কিছু বিষয়কে ভারসাম্যহীনভাবে উপস্থাপনের আশঙ্কা প্রকাশ করেছেন।

এর আগে জুন মাসে টেক্সাস স্টেট বোর্ড অব এডুকেশন কিন্ডারগার্টেন থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সামাজিক বিজ্ঞান শিক্ষার নতুন মানদণ্ড অনুমোদন করেছিল। সেই কারিকুলামেও বাইবেলভিত্তিক কিছু পাঠ অন্তর্ভুক্ত করা হয়েছে। উচ্চ বিদ্যালয়ের কারিকুলাম নিয়ে ভোট কমিউনিজম, নাগরিক শিক্ষা, আর্থিক শিক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কারণে বিলম্বিত হয়েছে। বোর্ড ১ সেপ্টেম্বর মঙ্গলবার প্রস্তাবিত মানদণ্ড নিয়ে আরও আলোচনা করার কথা রয়েছে এবং চূড়ান্ত ভোট শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা। অনুমোদিত হলে নতুন সামাজিক বিজ্ঞান শিক্ষার মানদণ্ড ২০৩০-৩১ শিক্ষাবর্ষের মধ্যে টেক্সাসের পাবলিক স্কুলগুলোতে ধাপে ধাপে কার্যকর হবে।

শেয়ার করুন