১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৫:১৬:৩৭ পূর্বাহ্ন


নিউইয়র্ক সিটির আর্থিক সংকট মোকাবিলায় দেড় বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০২-২০২৬
নিউইয়র্ক সিটির আর্থিক সংকট মোকাবিলায় দেড় বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা গভর্নর ক্যাথি হোচুল ও মেয়র জোহরান মামদানি নিউইয়র্ক সিটির আর্থিক সংকট মোকাবিলায় ১.৫ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দেন


নিউইয়র্ক সিটির চলমান বাজেট সংকট মোকাবিলায় বড় ধরনের সহায়তা নিয়ে এগিয়ে এসেছে নিউইয়র্ক স্টেট প্রশাসন। গভর্নর ক্যাথি হোচুল ও মেয়র জোহরান মামদানির যৌথ ঘোষণায় আগামী দুই অর্থবছরে অতিরিক্ত দেড় বিলিয়ন ডলার বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিউইয়র্ক স্টেট কর্তৃক অতিরিক্ত বরাদ্দ নগরীর আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধার এবং জনসেবা কার্যক্রম অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই অর্থ আগামী দুই অর্থবছরে পরিচালন ব্যয় হিসেবে প্রদান করা হবে।

ঘোষণা অনুযায়ী, সিটি ফিসকাল ইয়ার ২০২৬-এ ১ বিলিয়ন ডলার এবং সিটি ফিসকাল ইয়ার ২০২৭-এ ৫১০ মিলিয়ন ডলার দেওয়া হবে। এর মধ্যে ৫১০ মিলিয়ন ডলার হবে পুনরাবৃত্ত অর্থায়ন, যা পূর্ববর্তী প্রশাসনের সময় স্টেট থেকে সিটির ওপর স্থানান্তরিত হওয়া ব্যয়ভার মোকাবিলায় ব্যবহার করা হবে। পুনরাবৃত্ত অর্থায়নের আওতায় প্রায় ৩০০ মিলিয়ন ডলার যুব উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দ থাকবে। এছাড়া ১৫০ মিলিয়ন ডলার বিক্রয় করের রাজস্ব পুনরুদ্ধার করা হবে, যা অন্যথায় স্টেট কর্তৃক সংরক্ষিত থাকতো। জনস্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয়েছে ৬০ মিলিয়ন ডলার। অবশিষ্ট ৫০০ মিলিয়ন ডলার যৌথ অগ্রাধিকারভিত্তিক খাতে ব্যয় করা হবে, যা পরবর্তী আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।

গভর্নর হোচুল বলেন, একটি শক্তিশালী নিউইয়র্ক সিটি মানেই একটি শক্তিশালী নিউইয়র্ক স্টেট। এই বিনিয়োগ নগরীর সেবাগুলো সুরক্ষিত রাখবে এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। রাজ্য ও সিটির সমন্বিত উদ্যোগই কর্মজীবী পরিবারগুলোর প্রত্যাশা পূরণ করবে। মেয়র মামদানি বলেন, কর্মজীবী নিউইয়র্কবাসী এই বাজেট সংকট সৃষ্টি করেননি, তাই তাদেরই এর মূল্য পরিশোধ করা উচিত নয়। পূর্ববর্তী প্রশাসনের আর্থিক অব্যবস্থাপনার পর আমাদের শহর দায়িত্বশীল ও সহযোগিতামূলক নেতৃত্ব প্রাপ্য। গভর্নর হকুলের অংশীদারিত্বে আমরা একটি নতুন, ফলপ্রসূ ও ন্যায্য সম্পর্কের সূচনা করছি।

গভর্নর হোচুুল দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতি বছরই নিউইয়র্ক সিটির জন্য সহায়তা বৃদ্ধি করেছেন। এ নতুন বিনিয়োগ সম্প্রতি ঘোষিত সর্বজনীন শিশুযত্ন সম্প্রসারণ উদ্যোগের ওপর ভিত্তি করে গৃহীত হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে মেয়র প্রশাসন চলতি অর্থবছরের রিজার্ভ তহবিল ব্যবহার, বিভিন্ন সংস্থায় সাশ্রয় পরিকল্পনা গ্রহণ এবং প্রত্যাশার চেয়ে বেশি রাজস্ব অন্তর্ভুক্ত করে সিটির বাজেট ঘাটতি ৭ বিলিয়ন ডলারে নামিয়ে এনেছে। গভর্নর ও মেয়রের যৌথ উদ্যোগে সিটি হল ও অ্যালবানির মধ্যে নতুন অংশীদারত্ব গড়ে উঠছে, যার লক্ষ্য আর্থিক দায়বদ্ধতা পুনঃপ্রতিষ্ঠা এবং কর্মজীবী নিউইয়র্কবাসীর জন্য ভারসাম্যপূর্ণ বাজেট নিশ্চিত করা।

শেয়ার করুন