১২ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৫:০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইট হাউসে প্রবেশাধিকার বন্ধ : ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা মসজিদ ও ডিয়ারবর্নের মেয়রকে হুমকির অভিযোগে রোজভিলের নারী অভিযুক্ত ইসলামবিরোধী বক্তব্যের বিরুদ্ধে টেক্সাসে মুসলিমদের পাল্টা লড়াই তিন ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি : জেসন ইটন দোষী সাব্যস্ত অনথিভুক্ত শিশুদের সরকারি শিক্ষার অধিকার নিয়ে নতুন বিতর্ক প্রধানমন্ত্রীর কাছে প্রবাসী বাংলাদেশী ফোরামের ৯ দাবি ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ডে সম্মানিত তাহমিদ চৌধুরী সরকারি কর্মকর্তা সেজে বাড়ছে প্রতারণা চল্লিশ বছর আগের সেই দিনটির কথা দিয়েই শুরু ড. খলিলের চুক্তি না হলে ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের


ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০২-০৯-২০২৬
ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস ক্যালিফোর্নিয়া সিনেট


ক্যালিফোর্নিয়া স্টেটে মুসলিমদের দুটি প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্টেট আইনে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এ সংক্রান্ত অ্যাসেম্বলি বিল ২০১৭ সিনেটে পাস হওয়ার পর অ্যাসেম্বলিও এতে সম্মতি দিয়েছে। এখন বিলটি চূড়ান্ত স্বাক্ষরের জন্য গভর্নর গ্যাভিন নিউজমের কাছে পাঠানো হয়েছে। ডেমোক্রে‍টিক পার্টির সান ফ্রান্সিসকোর অ্যাসেম্বলি সদস্য ম্যাট হ্যানি উত্থাপিত বিলটি গত মে মাসে ক্যালিফোর্নিয়া অ্যাসেম্বলিতে ৬৪-১ ভোটে পাস হয়। এরপর ৩০ আগস্ট সিনেটে অনুমোদন পাওয়ার পর অ্যাসেম্বলির সম্মতিও চূড়ান্তভাবে নেওয়া হয়।

বিলটি আইনে পরিণত হলে ঈদুল ফিতর ও ঈদুল আজহা ক্যালিফোর্নিয়ার আইনে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পাবে। রাজ্য সরকারি কর্মীরা বিদ্যমান বেতনসহ ছুটির ক্রেডিট ব্যবহার করে ঈদের দিনে ছুটি নিতে পারবেন। পাশাপাশি সরকারি স্কুল ও কমিউনিটি কলেজগুলো ঈদ উপলক্ষে ছুটি দেওয়ার সুযোগ পাবে। বিলটির উদ্যোক্তা ম্যাট হ্যানি বলেন, ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ ও প্রাণবন্ত মুসলিম সম্প্রদায় রয়েছে। তাদের ধর্মীয় ঐতিহ্যকে স্বীকৃতি ও সম্মান দেওয়া উচিত।

তিনি বলেন, কোনো শিক্ষার্থীকে তার ধর্মের অন্যতম পবিত্র দিন উদযাপন এবং স্কুলে উপস্থিত থাকার মধ্যে একটি বেছে নিতে বাধ্য করা উচিত নয়। একইভাবে কোনো কর্মীকেও ধর্মীয় আচার পালনের জন্য কর্মজীবনে ত্যাগ স্বীকার করতে হওয়া উচিত নয়।

হ্যানির মতে, এবি ২০১৭ মুসলিম ক্যালিফোর্নিয়ানদের অন্য সম্প্রদায়গুলোর মতো সমান মর্যাদা ও সম্মান দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ঈদুল ফিতর রমজান মাসের রোজা শেষে পালিত হয়। আর ঈদুল আজহা হজরত ইব্রাহিম (আ.)-এর আল্লাহর প্রতি আনুগত্য ও ত্যাগের স্মরণে পালিত হয়। বিলটির সমর্থকরা বলছেন, ঈদের জন্য ছুটির সুযোগ থাকলে মুসলিম শিক্ষার্থী ও কর্মীরা ঈদের নামাজে অংশ নিতে এবং পরিবারের সঙ্গে ধর্মীয় উৎসব পালন করতে পারবেন।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (কেয়ার) ক্যালিফোর্নিয়া শাখা বিলটির চূড়ান্ত আইনসভা অনুমোদনকে স্বাগত জানিয়েছে। দেশটির বৃহত্তম মুসলিম নাগরিক অধিকার ও অ্যাডভোকেসি সংগঠন হিসেবে পরিচিত কেয়ার বলেছে, বিলটি সিনেটে পাস এবং অ্যাসেম্বলির সম্মতির মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি ধাপ অতিক্রম করেছে। সংগঠনটি এখন গভর্নর নিউজমের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে।

কেয়ার-ক্যালিফোর্নিয়ার লেজিসলেটিভ ও গভর্নমেন্ট অ্যাফেয়ার্স ডিরেক্টর ওসামা মোকাদ্দেম বলেন, দীর্ঘদিন ধরে মুসলিম পরিবারগুলোকে ধর্মীয় বিশ্বাস ও শিক্ষা বা পেশাগত দায়িত্বের মধ্যে কঠিন ভারসাম্য বজায় রাখতে হয়েছে। তার মতে, বিলটি মুসলিম শিক্ষার্থীদের অন্য ধর্মীয় সম্প্রদায়ের মতো মর্যাদা ও সম্মানের সঙ্গে ঈদ উদযাপনের সুযোগ তৈরি করবে।

ক্যালিফোর্নিয়া ঈদকে স্বীকৃতি দেওয়া প্রথম স্টেট হবে না। ওয়াশিংটন স্টেট ইতোমধ্যে ঈদকে স্বীকৃতি দিয়েছে। তবে সমর্থকদের মতে, ক্যালিফোর্নিয়ার প্রস্তাবের বিশেষত্ব হলো স্টেট সরকারি কর্মীরা বিদ্যমান বেতনসহ ছুটির ক্রেডিট ব্যবহার করে ঈদের ছুটি নেওয়ার সুযোগ পাবেন। এখন বিলটির পরবর্তী ও চূড়ান্ত ধাপ হলো গভর্নর গ্যাভিন নিউজমের স্বাক্ষর। তিনি স্বাক্ষর করলে ঈদুল ফিতর ও ঈদুল আজহা ক্যালিফোর্নিয়া রাজ্য আইনে আনুষ্ঠানিক স্বীকৃতি পাবে।

শেয়ার করুন