১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৪:২৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :


ট্রাম্পের ৫ বিলিয়ন ডলারের মামলার হুমকিতে পাশে দাঁড়িয়েছে ১৫০ সংগঠন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১০-০৯-২০২৬
ট্রাম্পের ৫ বিলিয়ন ডলারের মামলার হুমকিতে পাশে দাঁড়িয়েছে ১৫০ সংগঠন ন্যাশনাল গার্ড


প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবীর ৫০০ কোটি ডলারের মানহানি মামলার হুমকির মুখে সেন্টার ফর আমেরিকান প্রগ্রেসের (ক্যাপ) পাশে দাঁড়িয়েছে ১৫০টির বেশি নাগরিক ও অধিকারভিত্তিক সংগঠন। ট্রাম্প প্রশাসনের বিভিন্ন শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন নিয়ে ক্যাপের প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, এসব মোতায়েনের ফলে সহিংস অপরাধ কমার ক্ষেত্রে কোনো পরিমাপযোগ্য অতিরিক্ত প্রভাব দেখা যায়নি। এ প্রতিবেদন প্রত্যাহারের দাবি জানিয়ে ক্যাপকে আইনি নোটিশ দেন ট্রাম্পের আইনজীবী। তবে ক্যাপ প্রতিবেদনটি প্রত্যাহার করতে অস্বীকৃতি জানালে ৫০০ কোটি ডলারের মানহানি মামলা করার হুমকি দেওয়া হয়।

বিতর্কের সূত্রপাত ক্যাপের ১৩ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে। প্রতিবেদনে বিভিন্ন শহরে ট্রাম্প প্রশাসনের ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রভাব বিশ্লেষণ করে বলা হয়, সেনা মোতায়েনের পর সহিংস অপরাধের প্রবণতায় পরিমাপযোগ্য কোনো অতিরিক্ত হ্রাস দেখা যায়নি। প্রতিবেদনে আরো বলা হয়, ন্যাশনাল গার্ড মোতায়েনের আগেই এসব শহরে সহিংস অপরাধ কমার প্রবণতা শুরু হয়েছিল।

ট্রাম্পের আইনজীবী আলেহান্দ্রো ব্রিটো গত ১৮ আগস্ট ক্যাপকে একটি চিঠি পাঠান। এতে গত ২২ আগস্ট কর্মদিবস শেষ হওয়ার মধ্যে প্রতিবেদনটি প্রত্যাহার করার দাবি জানানো হয়। অন্যথায় সংগঠনটির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা করার হুমকি দেওয়া হয়। ক্যাপ প্রতিবেদনটি প্রত্যাহার করতে অস্বীকৃতি জানায়।

ক্যাপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা নীরা ট্যান্ডেন বলেন, সংগঠনটি তার গবেষণার পক্ষে রয়েছে এবং হুমকির কারণে তা প্রত্যাহার করবে না। তিনি বলেন, স্বাধীন তথ্য, প্রমাণ ও বিশ্লেষণ জনস্বার্থের গুরুত্বপূর্ণ বিতর্কের জন্য অপরিহার্য।

ক্যাপের পক্ষে প্রকাশিত যৌথ বিবৃতিটি আয়োজন করে নন প্রফিটস টুগেদার। এতে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ), গ্রিনপিস ইউএসএ, হিউম্যান রাইটস ক্যাম্পেইন, ইনডিভিজিবল, ন্যাশনাল এডুকেশন অ্যাসোসিয়েশন, অক্সফাম আমেরিকা, পাবলিক সিটিজেন, ইউনিয়ন অব কনসার্নড সায়েন্টিস্টস এবং কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর)-সহ ১৫০টির বেশি সংগঠন স্বাক্ষর করে। বিবৃতিতে বলা হয়, সরকারের কর্মকাণ্ড নিয়ে জনসাধারণের বোঝাপড়ার জন্য ক্ষমতাসীনদের কাছে অস্বস্তিকর হলেও বিভিন্ন মত ও ধারণার অবাধ আদান-প্রদান গুরুত্বপূর্ণ। সংগঠনগুলো স্বাধীন গবেষণার ফলাফল কোনো প্রশাসন বা প্রেসিডেন্টের কাছে অপছন্দনীয় হওয়ার কারণে তা বন্ধ করার প্রচেষ্টার ব্যাপারে সতর্ক করে।

কেয়ার বিবৃতিতে স্বাক্ষরকারী সংগঠনগুলোর একটি বলেছে ক্যাপের বিরুদ্ধে আইনি হুমকিটি এমন একটি প্রবণতার অংশ, যেখানে প্রশাসনের প্রকাশ্য বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক গবেষণা ও বিশ্লেষণের জন্য সংগঠন ও গবেষকদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এদিকে যৌথ বিবৃতিতে অভিবাসনবিষয়ক প্রতিবেদন করা সাংবাদিক মারিও গুয়েভারার ঘটনাও উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি ২০২৫ সালের জুনে জর্জিয়ার ডোরাভিলে অভিবাসনবিরোধী অভিযানের ওপর প্রতিবেদন করার সময় গ্রেফতার হন এবং পরে ১০০ দিনের বেশি আইসিই হেফাজতে ছিলেন। ২০২৫ সালের অক্টোবরে তাকে এল সালভাদরে ডিপোর্ট করা হয়। গত ১ সেপ্টেম্বর পর্যন্ত ট্রাম্প ক্যাপের বিরুদ্ধে হুমকি দেওয়া মামলাটি কোনো ফেডারেল আদালতে দায়ের করেননি।

শেয়ার করুন