০৪ এপ্রিল ২০২৬, শনিবার, ০৫:২৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :


জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন করলেন জাহাঙ্গীর হোসেন এমপি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০৪-২০২৬
জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন করলেন জাহাঙ্গীর হোসেন এমপি বক্তব্য রাখছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যস্ততা কাটিয়ে বিপুল ভোটে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী জাহাঙ্গীর হোসেন এমপি এখন সুযোগ পেলেই তার নির্বাচনি এলাকার জনগণের খোঁজ নিতে প্রতিনিয়ত দ্বারে দ্বারে যাচ্ছেন। এলাকার মানুষও সংসদে এলাকার প্রতিনিধিকে কাছে পেয়ে জানাচ্ছেন সুখ-দুঃখের কথা। কেউ কেউ হয়ে পড়ছেন আবেগ আপ্লুত। বলছেন নিজের সমস্যার কথা, এলাকার সমস্যার কথা, বর্ণনা দিচ্ছেন বিএনপির সাপোর্ট করার জন্য বিগত সরকারের আমলে নির্যাতিত হওয়ার। ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন মনোযোগ দিয়ে শুনছেন, নিজের মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ রাখার কথা বলছেন। সমস্যা সমাধানের আশ্বস্ত করছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৩ এপ্রিল) পরিদর্শনে যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এলাকা চালাবন আর্মি সোসাইটিতে। সেখানেই দেখা গেছে উপরোক্ত চিত্র।

দক্ষিণ খান থানায় অবস্থিত মৌশাইর, চালাবনে তার এ কার্যক্রমে তিনি জিয়া পরিবারের এক খণ্ড জমিও পরিদর্শনে এলাকার সংসদ সদস্য। এ সময় তার সঙ্গে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ডিএনসিসি ৪৮ নাম্বার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলী আকবর, দক্ষিণ খান থানার বিএনপির আহ্বায়ক হেলাল তালুকদার, বিএনপি ঢাকা উত্তরের মহানগর সদস্য মোতালেব হোসেন রতন, দক্ষিণ খান থানার যুবদলের সাবেক সভাপতি শেখ আব্দুল্লাহ রাসেল প্রমুখ।

এ ছাড়াও আর্মি সোসাইটি, হাউজ ওনার অ্যাসোসিয়েশন (আশোয়া) সভাপতি প্রফেসর এম আই চৌধুরী, সাধারণ সম্পাদক গোলাম ফারুখসহ সংগঠনের নেতৃবৃন্দ ও আর্মি সোসাইটিতে বসবাসকারীরা। 

এলাকা পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে জাহাঙ্গীর হোসেন এমপি বলেন, বিএনপি সরকার প্রতিশ্রুতি দিয়েছে দেশে সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত করার। ইতিমধ্যে এ কার্যক্রম শুরু হয়েছে। এ ব্যাপারে সকলের সহযোগিতা প্রয়োজন। আপনারা প্রয়োজনে আমাকেও জানাতে পারেন। আইনশৃংখলাবাহিনী তো রয়েছেই।

জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত প্লটের কথা উল্লেখ করে তিনি বলেন, এটা জিয়া পরিবারের ব্যক্তিগত সম্পদ। তবে দীর্ঘ ১৭ বছরে এই পরিবারের উপরে যে নির্যাতন-অত্যাচার হয়েছে তাতে তারা এর ঠিকমতো তদারকিও করতে পারেননি। 

তিনি আশ্বাস দেন শুধু এ এলাকাই নয়, আগামী পাঁচ বছরের জন্য আমাকে আপনারা ম্যান্ডেট দিয়েছেন। আমি আপনাদের পাশে থাকবো। এ এলাকা অবহেলিত ছিল। কিন্তু এ পাঁচ বছরে এ এলাকার (উত্তর খান, দক্ষিণ খান) উন্নয়নের জন্য জায়গা খুঁজে পাবেন না, কথা দিচ্ছি। 

অন্তর্বর্তী সরকারের সময় নেয়া বিভিন্ন কর্মকাণ্ডের মান সম্পর্কে অবগত হয়ে তিনি বলেন, এখন কাগজে যতটুকু রয়েছে সেটা বুঝে নেবেন আপনারা, সিটি করপোরেশনের প্রকৌশলীকে বারবার নক করবেন, যাবেন। কন্ট্রাক্টরকে বলে লাভ নেই। কাজ বুঝে নেয়ার দায়িত্ব আপনাদের, বুঝিয়ে দেয়ার দায়িত্ব সিটি করপোরেশনের প্রকৌশলীর। তিনি সোসাইটিতে উন্নয়ন কার্যক্রমের দ্রুত সম্পন্নের তাগিদ দেন। 

এলাকার যুবসমাজকে উদ্দেশ করে তিনি বলেন, তোমরা যোগ্যতা অনুসারে চাকরির আবেদন করবে। প্রয়োজনে আমাকে জানাবে। আমি যথাসাধ্য চেষ্টা করবো ভালো কিছু করে দেয়ার। এ সরকার বেকারত্ব দূর করতে নানা উদ্যোগ গ্রহণ করছে। তোমরা পিছিয়ে থাকবে না।  

এর আগে আশোয়ার সাধারণ সম্পাদক গোলাম ফারুখ বলেন, আর্মি সোসাইটি দীর্ঘ ১৭ বছরে উন্নয়নবঞ্চিত ছিল। শুধু জিয়া পরিবারের এই এক খণ্ড জমির কারণে বিগত সরকার হিংসার বশবর্তী হয়ে এলাকা উন্নয়নের তালিকা থেকে বাদ দিয়ে দেয়। এতে এলাকার ভোগান্তির অন্ত ছিল না। বৃষ্টিতে নর্দমার পানিতে সয়লাব হয়ে যেত। ডুবে থাকতো হাঁটু পানিতে। স্কুলপড়ুয়া বাচ্চাদের ছাড়াও বয়স্ক লোকদের চলাফেরায় খুব কষ্ট হতো। বারবার এ ব্যাপারে প্রশানের দৃষ্টি আকর্ষণ করলেও অজ্ঞাত কারণে তারা নিশ্চুপ থাকতেন।

২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের সময়ে মিডিয়ায় এ ব্যাপারে রিপোর্ট হওয়ার পর ডিএনসিসি নড়েচড়ে বসে। এ এলাকার ড্রেনেজ ও রাস্তা করার উদ্যোগ গ্রহণ করে। যে কাজ এখন চলমান। 

এছাড়াও আশোয়ার সাবেক কর্মকর্তা প্রফেসর মিজানুর রহমান সংসদ সদস্যের কাছে এলাকা মাদকমুক্ত করার সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন