২৭ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ০১:০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :


আইস এজেন্টকে হস্তান্তর নিয়ে অ্যাবটের বিরুদ্ধে মামলা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৬-০৮-২০২৬
আইস এজেন্টকে হস্তান্তর নিয়ে অ্যাবটের বিরুদ্ধে মামলা আইস এজেন্ট


আইস এজেন্ট ক্রিশ্চিয়ান কাস্ত্রোকে মিনেসোটায় প্রত্যর্পণ না করায় টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের বিরুদ্ধে মামলা করেছে মিনেসোটা। গত ১৮ আগস্ট মিনেসোটার অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট ফর দ্য সাউদার্ন ডিস্ট্রিক্ট অব টেক্সাস, ব্রাউনসভিল ডিভিশনে মামলাটি করেন। গুরুতর হামলা ও মিথ্যা অপরাধের প্রতিবেদন দেওয়ার অভিযোগে অভিযুক্ত কাস্ত্রোকে মিনেসোটায় বিচারের মুখোমুখি করতে তার প্রত্যর্পণ নিশ্চিত করাই মামলার মূল লক্ষ্য।

কাস্ত্রোর বিরুদ্ধে মিনেসোটায় চারটি গুরুতর হামলা এবং একটি মিথ্যা অপরাধের প্রতিবেদন দেওয়ার অভিযোগ রয়েছে। প্রসিকিউটরদের অভিযোগ, গত ১৪ জানুয়ারি মিনিয়াপোলিসের একটি বাড়ির দরজার দিকে গুলি চালান কাস্ত্রো। ওই বাড়ির ভেতরে তখন মানুষ ছিলেন এবং গুলিতে জুলিও সোসা-সেলিস নামে একজনের পায়ে আঘাত লাগে।তবে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) দাবি করেছিল, কাস্ত্রো আত্মরক্ষার্থে গুলি চালিয়েছিলেন। পরবর্তী তদন্তে কাস্ত্রোর দেওয়া ঘটনার বিবরণ নিয়ে প্রশ্ন ওঠে বলে প্রসিকিউটররা জানিয়েছেন।

গত মে মাসে টেক্সাসের হার্লিঙ্গেনে কাস্ত্রোকে গ্রেফতার করে ক্যামেরন কাউন্টি জেলে রাখা হয়। মিনেসোটার অ্যাটর্নি জেনারেল এলিসনের দাবি, গভর্নর টিম ওয়ালজ জুনের শুরুতেই কাস্ত্রোকে মিনেসোটায় ফেরত পাঠানোর জন্য টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটকে আনুষ্ঠানিক অনুরোধ জানান। কিন্তু এখনো তাকে মিনেসোটায় হস্তান্তর করা হয়নি।

মিনেসোটার অ্যাটর্নি জেনারেল এলিসনের দাবি, ওয়ালজের অনুরোধের পর টেক্সাসের গভর্নরের জন্য কাস্ত্রোকে মিনেসোটায় পাঠানোর প্রক্রিয়া শুরু করা আইনগতভাবে বাধ্যতামূলক ছিল। এ বিষয়ে হেনেপিন কাউন্টি অ্যাটর্নি মেরি মরিয়ার্টিও অ্যাবটের কাছে চিঠি দিয়ে কাস্ত্রোর হস্তান্তরের অগ্রগতি জানতে চেয়েছিলেন। তবে কোনো জবাব পাননি বলে তিনি জানান।

এলিসন বলেন, আদালত কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগগুলোর ক্ষেত্রে সম্ভাব্য কারণ খুঁজে পেয়েছে। তার অভিযোগ, অ্যাবট কাস্ত্রোকে মিনেসোটায় ফেরত পাঠাতে অস্বীকৃতি জানিয়ে তাকে জবাবদিহি থেকে রক্ষা করার চেষ্টা করছেন। মামলায় এলিসন আদালতের কাছে জরুরি ভিত্তিতে একটিঅস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ চেয়েছেন। এর মাধ্যমে ক্যামেরন কাউন্টি শেরিফের কার্যালয়কে কাস্ত্রোকে মুক্তি দেওয়া থেকে বিরত রাখা এবং অ্যাবটকে হস্তান্তর-সংক্রান্ত গভর্নরের ওয়ারেন্টে স্বাক্ষর করার নির্দেশ দেওয়ার আবেদন করা হয়েছে।

মিনেসোটার অ্যাটর্নি জেনারেল সতর্ক করে বলেছেন, টেক্সাস আইনে প্রত্যর্পণের অপেক্ষায় থাকা অভিযুক্ত ব্যক্তিকে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত আটকে রাখা যায়। ফলে ২৬ আগস্টের কাছাকাছি সময়ে কাস্ত্রোকে টেক্সাসের জেল থেকে মুক্তি দেওয়ার সুযোগ তৈরি হতে পারে। এলিসন আশঙ্কা করছেন, মুক্তি পেলে কাস্ত্রো মিনেসোটায় বিচার এড়িয়ে পালিয়ে যেতে পারেন।

এলিসন ও মরিয়ার্টি দুজনই কাস্ত্রোকে সম্ভাব্য পালিয়ে যাওয়ার ঝুঁকি হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে, মেক্সিকোর সঙ্গে কাস্ত্রোর যোগাযোগ এবং ক্যামেরন কাউন্টি জেলের সীমান্তের কাছাকাছি অবস্থান এ আশঙ্কা বাড়িয়েছে। মরিয়ার্টি বলেন, বিষয়টি রাজনৈতিক নয়, আইনের প্রশ্ন। তার দাবি, কাস্ত্রোকে ফেরত পাঠানোর জন্য গভর্নরের ওয়ারেন্টে স্বাক্ষর করা অ্যাবটের আইনগত দায়িত্ব এবং এ বিষয়ে তার দফতরের কাছে ৩ জুন থেকেই প্রয়োজনীয় নথি রয়েছে।

এলিসনের মতে, গত পাঁচ বছরে মিনেসোটা টেক্সাস থেকে ১১ জন অভিযুক্তকে প্রত্যর্পণের অনুরোধ করেছে এবং সাধারণত প্রায় ৩০ দিনের মধ্যে সাড়া পাওয়া গেছে। তাই এবার এত দীর্ঘ বিলম্ব অস্বাভাবিক বলে তিনি দাবি করেন।তবে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট মামলা নিয়ে ভিন্ন অবস্থান নিয়েছেন। তিনি মিনেসোটার গভর্নর টিম ওয়ালজের ওপর আস্থা নেই বলে মন্তব্য করেন। অ্যাবট বলেন, মিনেসোটা যদি টেক্সাসের কাছে দাবি জানায়, তাহলে তারও একটি দাবি রয়েছেফেডারেল কর্মসূচিতে মিনেসোটায় সংঘটিত কথিত জালিয়াতির জন্য রাজ্যটিকে যুক্তরাষ্ট্রকে অর্থ ফেরত দেওয়া উচিত।এর ফলে কাস্ত্রোর প্রত্যর্পণ নিয়ে বিরোধটি এখন শুধু দুই অঙ্গরাজ্যের আইনগত বিষয়েই সীমাবদ্ধ থাকছে না; এটি ফেডারেল অভিবাসন অভিযান, রাজ্য সরকারের ক্ষমতা এবং আন্তঃঅঙ্গরাজ্য প্রত্যর্পণ আইন নিয়ে নতুন রাজনৈতিক ও আইনি বিতর্কের জন্ম দিয়েছে।

শেয়ার করুন