১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৫:০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :


ইসলামবিদ্বেষ ও হেট ক্রাইম ঠেকাতে ব্যবস্থার আহ্বান
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১০-০৯-২০২৬
ইসলামবিদ্বেষ ও হেট ক্রাইম ঠেকাতে ব্যবস্থার আহ্বান ভ্যালি ফেয়ার মলে মুসলিম হওয়ার কারণে ছুরিকাঘাতের শিকার সৈয়দ সোহেল উদ্দিন টাউন হলের সদস্যদের সঙ্গে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন


যুক্তরাষ্ট্র জুড়ে মুসলিমবিদ্বেষী হামলার ঘটনা বাড়ার মধ্যে উটাহে হেট ক্রাইম মোকাবিলা ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ধর্মীয় নেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, কমিউনিটি নেতা ও নির্বাচিত প্রতিনিধিরা। সম্প্রতি ভ্যালি ফেয়ার মলে মুসলিম ব্যক্তি সৈয়দ সোহেল উদ্দিনকে ছুরিকাঘাতের ঘটনাকে কেন্দ্র করে এই আলোচনা আরো জোরালো হয়েছে।

জুলাইয়ে ওয়েস্ট জর্ডানের ইউটাহ ইসলামিক সেন্টারে একটি টাউন হলের আয়োজন করা হয়। সেখানে ধর্মীয় নেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, কমিউনিটির মানুষ ও নির্বাচিত কর্মকর্তারা উটাহে হেট ক্রাইমের প্রভাব এবং তা প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করেন।উটাহর মুসলিম কমিউনিটির ধর্মীয় নেতা ইমাম শুয়াইব বলেন, ইসলামকে যদি একটি শব্দে সংক্ষেপ করা হয়, সেটি হবে ‘ন্যায়বিচার’। তিনি মুসলিমসহ সব সংখ্যালঘু ও কমিউনিটির নিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সিভিল রাইটস আইনজীবী ও কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (সিএআইআর) জাতীয় ডেপুটি ডিরেক্টর এডওয়ার্ড আহমেদ মিচেল বলেন, যাদের হাতে জনসমক্ষে কথা বলার সুযোগ ও ক্ষমতা রয়েছে, তাদের কেউ কেউ ইচ্ছাকৃতভাবে ভয় উসকে দেওয়ায় মুসলিমবিদ্বেষী বক্তব্য ও সহিংসতা বাড়ছে। তিনি জানান, গত বছর তার দফতরে মুসলিম কমিউনিটির মানুষের কাছ থেকে ৮ হাজার ৫০০টির বেশি অভিযোগ এসেছে। তার দাবি, এ সংখ্যা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি, এমনকি ৯/১১-এর পর সংঘটিত হেট ক্রাইমের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

মিচেল বলেন, বিদ্বেষমূলক বক্তব্য খুব সহজেই বিদ্বেষপ্রসূত অপরাধে রূপ নিতে পারে।এদিকে জুলাইয়ে ভ্যালি ফেয়ার মলে কর্মরত অবস্থায় ১৫ বারের বেশি ছুরিকাঘাতের শিকার হওয়া সৈয়দ সোহেল উদ্দিন চিকিৎসার পর দীর্ঘ পুনর্বাসনের মধ্যে রয়েছেন। টাউন হলের আলোচনায় তিনি নিজের বাড়ি থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, হামলাকারীর প্রতি তার মনে কোনো ঘৃণা নেই। তিনি হামলাকারীর জন্য আল্লাহর কাছে দোয়া করেন এবং বলেন, তার একমাত্র প্রত্যাশা আর কেউ যেন এমন ঘটনার শিকার না হন।

ইউটাহ ইসলামিক সেন্টারের দীর্ঘদিনের সদস্য সিস্টার হিবা বলেন, হেট ক্রাইম মোকাবিলায় দেশের প্রতিটি মানুষের ভূমিকা রয়েছে। তিনি নির্বাচিত নেতাদের প্রতি আহ্বান জানান, কোনো ঘটনার পর শুধু আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া বা নির্বাচনের সময় সংক্ষিপ্ত উপস্থিতির পরিবর্তে কমিউনিটির মানুষের অভিজ্ঞতা শুনতে এবং জননিরাপত্তা, শিক্ষা ও নাগরিক জীবনের আলোচনায় তাদের অন্তর্ভুক্ত করতে।তিনি বলেন, ইসলামবিদ্বেষ মোকাবিলা শুধু কোনো ঘটনার পর প্রতিক্রিয়া জানানোর মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়; বরং আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।

টাউন হলে গভর্নরের কার্যালয়, সল্ট লেক সিটি মেয়রের কার্যালয় ও ওয়েস্ট জর্ডান সিটির প্রতিনিধিদের পাশাপাশি এফবিআই কর্মকর্তারা এবং সল্ট লেক কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি সিম গিল উপস্থিত ছিলেন।সিম গিল বলেন, প্রতিটি হেট ক্রাইমে তিনটি পক্ষ ক্ষতিগ্রস্ত হয়, যাকে লক্ষ্য করে হামলা চালানো হয়, সেই ব্যক্তির কমিউনিটি এবং যেবৃহত্তর কমিউনিটিতে অপরাধটি সংঘটিত হয়। উদ্দিনকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেছেন যে তিনি তার কর্মকাণ্ডকে আরো সহিংসতা ছড়ানোর অনুঘটক হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন বলে গিল জানান। তিনি মানুষকে ছোটখাটো মনে হলেও হেট ক্রাইমের ঘটনা পুলিশকে জানানোর আহ্বান জানান।

এর আগে আদালতের নথি অনুযায়ী, উদ্দিনকে মুসলিম হওয়ার কারণে লক্ষ্য করা হয়েছিল বলে অভিযুক্ত পিটার মাইকেল লারসেন পুলিশকে জানিয়েছিলেন। ঘটনায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ অভিযোগ আনা হয় এবং পরে তাকে ফেডারেল হেট ক্রাইমের অভিযোগেও অভিযুক্ত করা হয়।

টাউন হলে উপস্থিত ব্যক্তিদের বলা হয়, কোথাও হেট ক্রাইম প্রত্যক্ষ করলে ভুক্তভোগীর পাশে দাঁড়াতে অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে। একই সঙ্গে পরিবার, বন্ধু বা পরিচিতদের কাছ থেকে কোনো জাতি বা ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য শুনলেও তার প্রতিবাদ করার আহ্বান জানানো হয়।

সিস্টার হিবা বলেন, মুসলিমরা এই সমাজেরই অংশ। আমরা আপনাদের প্রতিবেশী, সহকর্মী, সহপাঠী, বন্ধু এবং উটাহর সহনাগরিক। তিনি বলেন, মুসলিমদের ভয় ছাড়াই ধর্ম পালন, নিরাপদে পরিবার গড়ে তোলা এবং নেতাদের কাছ থেকে শুধু ঘটনার পর প্রতিক্রিয়া নয়, বরং ঘটনা প্রতিরোধে সক্রিয় ভূমিকা প্রত্যাশা করার অধিকার রয়েছে।

শেয়ার করুন