ক্যালিফোর্নিয়ায় ঈদকে স্টেট স্বীকৃত ছুটি করার বিল উত্থাপিত করার পর বক্তব্য রাখছেন অ্যাসেম্বলি সদস্য ম্যাট হেনি
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেটে মুসলিমদের দুটি প্রধান ধর্মীয় উৎসব-ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্টেট স্বীকৃত ছুটি হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য নতুন একটি বিল উত্থাপন করা হয়েছে। রমজান মাস উপলক্ষে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর প্রতিনিধিত্বকারী অ্যাসেম্বলি সদস্য ম্যাট হেনি এ বিলটি উত্থাপন করেন। ক্যালিফোর্নিয়া অ্যাসেম্বলি বিল, ২০১৭ নামে পরিচিত এ প্রস্তাবটি ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ক্যালিফোর্নিয়া স্টেট অ্যাসেম্বলিতে উপস্থাপন করা হয়। বিলটির লক্ষ্য হলো ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে ক্যালিফোর্নিয়ায় স্টেট স্বীকৃত ধর্মীয় ছুটির মর্যাদা দেওয়া এবং মুসলিম শিক্ষার্থী ও কর্মীদের যেন এ দিনগুলো ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের জন্য বাধাহীনভাবে পালন করতে পারেন তা নিশ্চিত করা।
বিলটি পাস হলে শিক্ষার্থীরা ঈদের দিন স্কুল থেকে এক্সকিউজড অ্যাবসেন্স পাবেন এবং কর্মীরা বিদ্যমান বেতনসহ ছুটি ব্যবহার করে ঈদ উদযাপন করতে পারবেন। বর্তমানে ক্যালিফোর্নিয়ায় প্রায় পাঁচ লাখের বেশি মুসলিম বসবাস করেন, যাদের মধ্যে শিক্ষার্থী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, প্রকৌশলী, ছোট ব্যবসায়ী এবং সরকারি কর্মচারী রয়েছেন। তবে ঈদের সময় অনেক মুসলিম শিক্ষার্থীকে ক্লাস বা পরীক্ষায় অনুপস্থিত থাকার ঝুঁকি নিতে হয় এবং অনেক কর্মীকে ব্যক্তিগত ছুটি বা বিশেষ অনুমতি নিতে হয়। ম্যাট হেনি বলেন, ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের অন্যতম বৈচিত্র্যময় রাজ্য এবং এখানে বড় একটি মুসলিম সম্প্রদায় রয়েছে, কিন্তু তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবগুলো এখনো রাজ্য আইনে স্বীকৃতি পায়নি। তার মতে, কোনো শিক্ষার্থীর যেন ধর্মীয় পবিত্র দিন উদযাপন ও স্কুলে উপস্থিত থাকার মধ্যে বেছে নিতে না হয়।
মুসলিম ইমপ্যাক্ট কাউন্সিলের প্রতিষ্ঠাতা হালা হিজাজি বলেন, এই বিল ক্যালিফোর্নিয়ায় মুসলিমদের মর্যাদা ও অন্তর্ভুক্তিকে আরো শক্তিশালী করবে এবং তাদের সমান সম্মান দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ক্যালিফোর্নিয়া কমিশন অন এশিয়ান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার আমেরিকান অ্যাফেয়ার্সের কমিশনার তাহরা গোরায়া বলেন, ক্যালিফোর্নিয়ার শক্তি তার বৈচিত্র্যের মধ্যেই নিহিত এবং ঈদ এমন একটি উৎসব যা পরিবার ও সমাজকে একত্রিত করে। অন্যদিকে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস ক্যালিফোর্নিয়ার আইন ও সরকারি বিষয়ক পরিচালক উসামা মোকাদ্দেম বলেন, দেশে মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য ও ইসলামোফোবিয়ার প্রেক্ষাপটে ঈদের সরকারি স্বীকৃতি মুসলিম সম্প্রদায়ের জন্য একটি শক্তিশালী ইতিবাচক বার্তা বহন করবে।
উল্লেখ্য, বিলটি মুসলিম ইমপ্যাক্ট কাউন্সিল, ক্যালিফোর্নিয়া কমিশন অন এশিয়ান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার আমেরিকান অ্যাফেয়ার্স এবং কেয়ার-ক্যালিফোর্নিয়া যৌথভাবে সমর্থন করছে। বর্তমানে বিলটি ক্যালিফোর্নিয়া অ্যাসেম্বলির আইন প্রণয়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে এবং শিগগিরই সংশ্লিষ্ট কমিটিতে শুনানি ও ভোট অনুষ্ঠিত হবে। বিলটি পাস হলে গভর্নরের স্বাক্ষরের মাধ্যমে এটি আইনে পরিণত হবে। তবে এখন পর্যন্ত এটি কেবল অ্যাসেম্বলিতে উত্থাপিত হয়েছে এবং এখনো আইনে পরিণত হয়নি।