ফিফা বিশ্বকাপ ২০২৬
আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে নিউ ইয়র্ক স্টেটের বাফেলো শহরের ক্যানালসাইডে যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দলের ম্যাচ দেখার জন্য তিনটি বড় আকারের কমিউনিটি ওয়াচ পার্টির আয়োজনের ঘোষণা দিয়েছেন গভর্নর ক্যাথি হোচুল। এ আয়োজন সম্পূর্ণ বিনামূল্যে হবে এবং সাধারণ দর্শক, পরিবার ও ফুটবলপ্রেমীদের জন্য উন্মুক্ত থাকবে। এরি ক্যানাল হারবার ডেভেলপমেন্ট করপোরেশন, ভিজিট বাফেলো এবং বাফেলো ওয়াটারফ্রন্টের যৌথ উদ্যোগে অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে।
গভর্নর হোচুল বলেন, নিউ ইয়র্ক বিশ্বজুড়ে দর্শকদের স্বাগত জানাতে প্রস্তুত এবং একইসঙ্গে স্টেটের মানুষকে বিশ্বকাপের বৈশ্বিক ক্রীড়া উৎসবের সঙ্গে যুক্ত করার সুযোগ তৈরি করা হচ্ছে। ক্যানালসাইডে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ সরাসরি বড় স্ক্রিনে দেখানো হবে। নির্ধারিত সময় অনুযায়ী ১২ জুন সন্ধ্যা ৭টায় যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে (ম্যাচ শুরু রাত ৯টা), ১৯ জুন দুপুর ১টায় যুক্তরাষ্ট্র বনাম অস্ট্রেলিয়া (ম্যাচ শুরু বিকেল ৩টা) এবং ২৫ জুন রাত ৮টায় যুক্তরাষ্ট্র বনাম তুরস্ক (ম্যাচ শুরু রাত ১০টা) অনুষ্ঠিত হবে। এসব ম্যাচ বিশাল ভিডিও বোর্ডে সরাসরি সম্প্রচার করা হবে।
আয়োজনে দর্শকদের জন্য লাইভ ডিজে, বিভিন্ন খাবারের ফুড ট্রাক, পানীয়ের ব্যবস্থা, উপহার বিতরণ এবং শিশুদের জন্য পরিবারবান্ধব বিনোদনমূলক কার্যক্রম থাকবে। আয়োজকরা আশা করছেন, অনুষ্ঠান বাফেলোর ওয়াটারফ্রন্ট এলাকাকে একটি বড় জনসমাগম ও উৎসবমুখর কেন্দ্রে পরিণত করবে। এম্পায়ার স্টেট ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট হোপ নাইট বলেন, উদ্যোগের মাধ্যমে বিশ্বকাপের উত্তেজনা স্থানীয় কমিউনিটির কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এবং এর মাধ্যমে স্থানীয় অর্থনীতি ও পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে।
ইরি ক্যানাল হারবার ডেভেলপমেন্ট করপোরেশনের চেয়ারপারসন জোয়ান কেসনার বলেন, ক্যানালসাইড সবসময়ই মানুষের মিলনস্থল হিসেবে পরিচিত, এবং আয়োজন সেই ভূমিকা আরো শক্তিশালী করবে। রাজ্য প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, শুধু বাফেলো নয়, নিউ ইয়র্কের অন্যান্য অঞ্চলেও বিশ্বকাপ উপলক্ষে বড় আকারের জনসমাগম আয়োজন করা হবে, যার মধ্যে লং আইল্যান্ডের স্টনি ব্রুক ইউনিভার্সিটি এবং মিড-হাডসনের কেনসিকো ড্যাম প্লাজা রয়েছে। এসব আয়োজন নিউ ইয়র্ক স্টেট কমিউনিটি ওয়ার্ল্ড কাপ গ্রান্ট প্রোগ্রামের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে, যার মাধ্যমে রাজ্যের ১২টি কমিউনিটি প্রকল্প নির্বাচিত হয়েছে।
গভর্নর হোচুল আরো জানান, ২০২৭ অর্থ বছরের বাজেটের অংশ হিসেবে ওয়াই কিকস নামে একটি নতুন উদ্যোগ চালু করা হয়েছে, যার মাধ্যমে সুবিধাবঞ্চিত এলাকায় নতুন ফুটবল মাঠ নির্মাণ এবং যুব ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এটি তার গেট অফলাইন, গেট আউটসাইড উদ্যোগেরও অংশ, যার লক্ষ্য মানুষকে ডিজিটাল ডিভাইস থেকে দূরে এনে বাইরে খেলাধুলা ও সামাজিক কার্যক্রমে যুক্ত করা। নিউ ইয়র্ক স্টেট প্রশাসনের মতে, এসব উদ্যোগ শুধু বিনোদন নয়, বরং স্থানীয় অর্থনীতি, পর্যটন ও কমিউনিটি অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।