হাসিব ফাতমী
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় স্টেট সিনেটর (ডিস্ট্রিক্ট-১৮) মনোনীত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত টর্নি হাসিব ফাতমী (৩৮)। সিনেটর টেরেস ইভারিট পদত্যাগ করায় গত ২১ মে থেকে হাসিব ফাতমীকে তার জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের জর্জিয়া (শেখ রহমান ও নাবিলা ইসলাম), ভার্জিনিয়া (সাদ্দাম আজলান সেলিম), কানেকটিকাট (মাসুদুর রহমান) এবং নিউ হ্যামশায়ার স্টেট (আবুল খান)-এর পর সিনেটর/ রিপ্রেজেনটেটিভের তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে স্থান লাভ করলেন হাসিব ফাতমী। হাসিব ফাতমীর জন্ম ১৯৮৮ সালে নর্থ ক্যারোলিনার ডুরহাম সিটিতে এবং ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনার চ্যাপেল হিল ক্যাম্পাস থেকে ২০০৯ সালে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে গ্র্যাজুয়েশনের পর নিউইয়র্কের ফোর্ডহ্যাম ল’ স্কুল থেকে আইনে উচ্চতর ডিগ্রি নেন ২০১২ সালে। এরপর থেকেই তিনি নর্থ ক্যারোলিনাতে অ্যাটর্নি হিসেবে কাজ করছেন। হাসিবের পিতা নোয়াখালীর সন্তান মোহাম্মদ বদরুল এহসান ফাতমী ১৯৭৩ সালে এইচএসসি পাসের পর যুক্তরাষ্ট্রে আসেন এবং নর্থ ক্যারোলিনার ডিউক ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএস এবং এমএস করেন। ফাতমীর মা সাইদা ফাতমী স্নিগ্ধা বৈবাহিক সূত্রে ১৯৮০ সালে যুক্তরাষ্ট্রে এসেছেন। তিনিও নর্থ ক্যারোলিনা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে বিবিএ করেন। হাসিবের পিতা-মাতার উভয়েই পেশাজীবী এবং র্যালি সিটিতেই বসবাস করছেন।