১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৫:১৫:২৬ পূর্বাহ্ন


দেশকে শবনম বুবলী
প্রেগন্যান্সি নিয়ে জানানোটা আমার ব্যক্তি স্বাধীনতা
আলমগীর কবির
  • আপডেট করা হয়েছে : ১৮-০২-২০২৬
প্রেগন্যান্সি নিয়ে জানানোটা আমার ব্যক্তি স্বাধীনতা শবনম বুবলী


ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ, দ্বিতীয়বার মা হওয়া এবং অপু বিশ্বাসের সঙ্গে ত্রিভুজ সম্পর্কের টানাপোড়েন নানা গুঞ্জনে যখন উত্তাল মিডিয়াপাড়া, ঠিক তখনই মুখ খুললেন চিত্রনায়িকা শবনম বুবলী। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবন, দাম্পত্য এবং মাতৃত্বের গুঞ্জন নিয়ে সোজাসাপ্টা কথা বলেছেন এই অভিনেত্রী। যেখানে তিনি স্পষ্ট করেছেন, আইনগতভাবে তিনি এখনো শাকিব খানের স্ত্রী এবং তার ব্যক্তিগত জীবনের সিদ্ধান্তগুলো একান্তই তার নিজস্ব অধিকার।

প্রশ্ন: শাকিব খানের সাথে আপনার বর্তমান বৈবাহিক অবস্থা কী?

বুবলী: দেখুন, বিষয়টি নিয়ে মানুষের মধ্যে অনেক দ্বিধা আছে, তাই আমি পরিষ্কার করে বলতে চাই শাকিব খানের সঙ্গে আমার এখনো কোনো অফিশিয়াল ডিভোর্স হয়নি। আমি এখনো বিবাহিত। ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে মানুষ হয় বিবাহিত, নয়তো ডিভোর্সড, সেপারেটেড কিংবা বিধবা; এখানে ‘অতীত’ বলে কোনো অপশন থাকে না। আমাদের মধ্যে মান-অভিমান বা টানাপোড়েন থাকলেও আমরা বিচ্ছেদপ্রাপ্ত নই। যেহেতু ডিভোর্স হয়নি, তাই আমার পুনরায় বিয়ে করার প্রশ্নই আসে না। আমরা এখনো আমাদের সংসার টিকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছি।

প্রশ্ন: আপনার দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন নিয়ে কী বলবেন?

বুবলী: আমি একজন বিবাহিত নারী, আমি ডিভোর্সড নই। এই অবস্থায় আমি প্রেগন্যান্ট হচ্ছি কি হচ্ছি না, সেটা দর্শককে কখন বলব বা আদৌ বলব কি না, তা সম্পূর্ণ আমার এবং আমাদের ব্যক্তিগত স্বাধীনতা। একজন মানুষ যখন বিবাহিত হয়, তখন তার ব্যক্তিগত জীবনের এই স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে যখন মুখরোচক গল্প তৈরি করা হয়, সেটা সত্যিই খুব দুঃখজনক। শুধু আমাদের দেশে নয়, বলিউড বা হলিউডের শিল্পীরাও তাদের জীবনের অনেক কিছু একটা নির্দিষ্ট সময় পর বা তাদের সুবিধামতো ব্যক্তিগত স্বাধীনতা বজায় রেখে দর্শকদের সামনে আনেন। তাই আমার ব্যক্তিগত জীবন নিয়ে আগাম মন্তব্য করা কারও উচিত নয়।

প্রশ্ন: অপু বিশ্বাস ও আপনার সম্পর্কের টানাপোড়েন নিয়ে আপনার অবস্থান কী?

বুবলী: আমি সবসময় আমার ক্যারিয়ার এবং পরিবারকে গুরুত্ব দিয়েছি। আমাদের বিয়ে হয়েছিল ২০১৮ সালের ২০ জুলাই এবং ২০২০ সালে আমাদের সন্তান শেহজাদ খান বীর পৃথিবীতে আসে। শাকিব খানের জীবনের অতীত এবং বর্তমান নিয়ে অনেক কথা প্রচলিত আছে, বিশেষ করে অপু বিশ্বাসের সঙ্গে তার আগের বিয়ে ও সন্তান নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, সেগুলো তো সবারই জানা। তবে আমি আমার অবস্থানে পরিষ্কার থাকতে চাই। আমি শাকিবের স্ত্রী হিসেবে এবং বীরের মা হিসেবে আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। মানুষের তৈরি করা গুঞ্জনে কান না দিয়ে আমি সত্যটাকেই সবার সামনে তুলে ধরতে পছন্দ করি।

প্রশ্ন: ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের এই গুঞ্জনগুলো আপনাকে কতটা প্রভাবিত করে?

বুবলী: আমি সবসময় চেষ্টা করি মানসিকভাবে শক্ত থাকতে। যখন মিডিয়া পাড়ায় আমাকে নিয়ে হুটহাট নানা মুখরোচক গুঞ্জন তৈরি হয়, তখন খারাপ লাগাটা স্বাভাবিক। বিশেষ করে যখন কোনো নারী বা মায়ের ব্যক্তিগত জীবন নিয়ে অহেতুক কাটাছেঁড়া করা হয়, সেটা মেনে নেওয়া কঠিন। তবে আমার কাছে আমার পরিবার এবং সন্তান বীর সবচেয়ে বড় শক্তি। আমি বিশ্বাস করি, কাজের মাধ্যমেই সব সমালোচনার জবাব দেওয়া সম্ভব।

প্রশ্ন: শাকিব খানের সাথে আপনার বর্তমান সংসারের পরিবেশ নিয়ে কিছু বলবেন?

বুবলী: প্রতিটি সংসারেই ঝগড়া বা ভুল বোঝাবুঝি থাকে, আমাদেরও আছে। কিন্তু তার মানে এই নয় যে আমাদের বিচ্ছেদ হয়ে গেছে। আমরা এখনো সুখে-শান্তিতে সংসার করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের সন্তান শেহজাদ খান বীরের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং আমাদের নিজেদের সম্পর্কের মর্যাদা রক্ষায় আমরা আমাদের মতো করে এগিয়ে যাচ্ছি। দিনশেষে আমি এখনও বিবাহিত এবং শাকিবের স্ত্রী হিসেবেই নিজের পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি।

শেয়ার করুন