১৭ জুন ২০২৬, বুধবার, ০৮:০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :


স্কুলগামী শিশুর জন্য ১২০ ডলার সামার ইবিটি খাদ্য সহায়তা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০৬-২০২৬
স্কুলগামী শিশুর জন্য ১২০ ডলার সামার ইবিটি খাদ্য সহায়তা সামার ইবিটি


নিউ ইয়র্কের নিম্ন আয়ের পরিবারগুলোর স্কুলগামী শিশুদের জন্য গ্রীষ্মকালীন খাদ্য সহায়তা কর্মসূচি সামার ইলেকট্রনিক বেনিফিট ট্রান্সফার (সামার ইবিটি) ২০২৬ সালের জন্য আবারও চালু হয়েছে। এ কর্মসূচির আওতায় ইতিমধ্যে যোগ্য পরিবারগুলোকে চিঠি পাঠানো শুরু হয়েছে। যেসব পরিবার যোগ্য বলে বিবেচিত হবে, তারা একটি আনুষ্ঠানিক এলিজিবিলিটি লেটার বা যোগ্যতার চিঠি পাবে। এ চিঠি পাওয়ার পরই সংশ্লিষ্ট শিশুর জন্য খাদ্য সহায়তা প্রদান শুরু হবে। ২০২৬ সালের সামার ইবিটি সুবিধা ১৬ জুন থেকে বিতরণ শুরু হয়েছে এবং বছরের শেষ পর্যন্ত তা চলবে।

কর্মসূচি অনুযায়ী, প্রত্যেক যোগ্য শিশুর জন্য এককালীন ১২০ ডলার খাদ্য সহায়তা প্রদান করা হবে। এটি একবারে প্রদান করা হবে এবং মাসিক ভিত্তিতে নয়, বরং বার্ষিক একটি নির্দিষ্ট সুবিধা হিসেবে দেওয়া হবে। এই অর্থ সরাসরি ইলেকট্রনিক বেনিফিট ট্রান্সফার বা ইবিটি কার্ডে লোড করা হবে। পরিবারগুলো এ কার্ড ব্যবহার করে নির্ধারিত দোকানগুলো থেকে খাদ্য সামগ্রী কিনতে পারবে, যেখানে স্ন্যাপ বা অন্যান্য সরকারি খাদ্য সহায়তা কার্ড গ্রহণ করা হয়।

গ্রীষ্মকালীন ছুটির সময় স্কুল বন্ধ থাকায় অনেক শিশু স্কুলের ফ্রি বা কম খরচের খাবার সুবিধা থেকে বঞ্চিত হয়। ফলে নিম্ন আয়ের পরিবারগুলো অতিরিক্ত অর্থনৈতিক চাপের মুখে পড়ে। এ ঘাটতি পূরণ করতেই সামার ইবিটি কর্মসূচি চালু রাখা হয়েছে। বেশিরভাগ যোগ্য শিশু স্বয়ংক্রিয়ভাবে এ সুবিধার আওতায় চলে আসবে বলে জানানো হয়েছে। অর্থাৎ আলাদা আবেদন করার প্রয়োজন হবে না। তবে কিছু ক্ষেত্রে পরিবারকে আলাদাভাবে আবেদন করতে হতে পারে, বিশেষ করে যাদের তথ্য স্বয়ংক্রিয় সিস্টেমে অন্তর্ভুক্ত নয়।

যেসব পরিবার যোগ্যতার চিঠি পাবে না, তাদের জন্য একটি নির্দিষ্ট সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। যদি কোনো পরিবার ১ আগস্টের মধ্যে চিঠি না পায়, তাহলে তাদের সামার ইবিটি হেল্পলাইনে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। হেল্পলাইন নম্বর ১-৮৩৩-৪৫২-০০৯৬।

সামার ইবিটি যুক্তরাষ্ট্রের শিশু খাদ্য নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে স্কুল বন্ধের সময় এই সহায়তা শিশুদের পুষ্টি নিশ্চিত করতে এবং খাদ্য অনিশ্চয়তা কমাতে কার্যকর ভূমিকা রাখে। প্রতিটি যোগ্য শিশুর জন্য ১২০ ডলার এককালীন সহায়তা আগের বছরের মতোই একই পরিমাণ রাখা হয়েছে। এ অর্থ শুধু খাদ্যসামগ্রী কেনার জন্য ব্যবহার করা যাবে। এ উদ্যোগের মাধ্যমে মিলিয়ন মিলিয়ন নিম্ন আয়ের পরিবার গ্রীষ্মের সময় খাদ্য সংকট মোকাবিলায় কিছুটা স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন