২৯ জুলাই ২০২৬, বুধবার, ১০:০১:৫১ অপরাহ্ন


নিউইয়র্ক সিটিতে আইসের বড় অভিযান শুরু
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০৭-২০২৬
নিউইয়র্ক সিটিতে আইসের বড় অভিযান শুরু গ্রেফতার অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছেন আইস এজেন্ট


প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী অভিযান আরও জোরদার করতে নিউইয়র্ক সিটিতে ব্যাপক অভিযান শুরু করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)। ২৭ জুলাই সোমবার সকাল থেকে কুইন্সে অভিযান শুরু হয়েছে এবং মঙ্গলবার থেকে তা লং আইল্যান্ডসহ নিউইয়র্ক মহানগর এলাকার অন্যান্য অংশে বিস্তৃত হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, এই অভিযানে বাইরে থেকে অতিরিক্ত কর্মকর্তা আনা হয়নি। নিউইয়র্ক ফিল্ড অফিসে কর্মরত আইস কর্মকর্তারাই অভিযানে অংশ নিচ্ছেন। তাদের মূল লক্ষ্য এমন অভিবাসীরা, যাদের বিরুদ্ধে আগে আইসের ডিটেইনার জারি করা হলেও স্থানীয় জেল বা কারাগার সেই অনুরোধ কার্যকর না করে তাদের মুক্তি দিয়েছিল। এখন সেই ব্যক্তিদের খুঁজে বের করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

হোয়াইট হাউসের সীমান্তবিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা টম হোমান গত সপ্তাহে জানিয়েছিলেন, নিউইয়র্ক সিটিতে আইসের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে। তিনি বলেন, ফেডারেল একটি ভবনে সাম্প্রতিক হামলার ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে বাড়তে থাকা হুমকির আরেকটি উদাহরণ। তবে তিনি দাবি করেন, এই অভিযান সেই ঘটনার আগেই পরিকল্পনা করা হয়েছিল। হোমান সাংবাদিকদের বলেন, আইস কর্মকর্তাদের বিরুদ্ধে ধারাবাহিক ভুল তথ্য প্রচার ও অপপ্রচারের কারণেই তাদের ওপর হামলার ঘটনা ঘটছে। নির্বাচন করে কাউকে ছাড় দেওয়া হবে না। যারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছে, তারা সবাই আইন প্রয়োগের আওতায় থাকতে পারে।

তিনি এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, নিউইয়র্ক সিটিতে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি আইস এজেন্ট মোতায়েনের পরিকল্পনা তিনি পর্যালোচনা করেছেন। তার ভাষায়, এটি আসছে। সূত্র জানিয়েছে, নিউইয়র্ক স্টেটের প্রোটেক্ট আওয়ার কোর্টস অ্যাক্ট-এর কারণে আদালতে যাওয়া বা আদালত থেকে বের হওয়া ব্যক্তিদের আইস কর্মকর্তারা গ্রেপ্তার করতে পারবেন না। তবে অভিযানের সময় মূল লক্ষ্য ছাড়াও ঘটনাস্থলে থাকা অন্য অভিবাসীদেরও কল্যাটারাল অ্যারেস্ট বা পার্শ্ববর্তী গ্রেপ্তারের মুখোমুখি হতে হতে পারে।

অন্যদিকে, নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি আইসের কঠোর সমালোচক হিসেবে পরিচিত। চলতি মাসের শুরুতে হিউস্টনে এক মেক্সিকান অভিবাসীর মৃত্যুর পর তিনি আইস বিলুপ্ত করার আহ্বান জানান। এক বিবৃতিতে তিনি বলেন, নিউইয়র্ক সিটি সালগাদো পরিবারের পাশে রয়েছে। আমরা পূর্ণাঙ্গ, স্বাধীন তদন্ত এবং জবাবদিহি দাবি করছি। এই শহরের প্রতিটি ভীতসন্ত্রস্ত অভিবাসী পরিবারের পাশে আমরা আছি। আইস বিলুপ্ত করা উচিত।

এদিকে, ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) অভিযান শুরুর বিষয়টি সরাসরি নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছে। সংস্থার একজন মুখপাত্র বলেন, নিরাপত্তাজনিত কারণে চলমান অভিযানের বিষয়ে আমরা মন্তব্য করি না। তবে আইস কর্মকর্তারা সপ্তাহের সাত দিন, দিনে ২৪ ঘণ্টা যুক্তরাষ্ট্রের সব ৫০টি স্টেটে দেশের অভিবাসন আইন প্রয়োগ করে থাকেন। অভিবাসন অধিকারকর্মীরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, নতুন এই অভিযানের ফলে নিউইয়র্কের অভিবাসী সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক আরও বাড়তে পারে। বিশেষ করে যাদের বিরুদ্ধে আগে আইস ডিটেইনার জারি হয়েছিল অথবা যাদের অভিবাসন মামলা এখনো বিচারাধীন, তাদের মধ্যে উদ্বেগ বেড়েছে। একই সঙ্গে আইনজীবীরা সতর্ক করেছেন, অভিযানের সময় মূল লক্ষ্যবস্তু না হলেও অনেক অভিবাসী পার্শ্ববর্তী গ্রেপ্তারের শিকার হতে পারেন।

শেয়ার করুন